সূচিপত্র

নামাযের বিবিধ মাসআলা

অসুস্থকালীন নামায

নবীজী ﷺ অসুস্থতার কারণে কখনো কখনো বসে নামায পড়েছেন।

إِنَّ رَسُولَ اللَّهِ ‘ رَكِبَ فَرَسًا، فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ، فَصَلَّى صَلَاةً مِنْ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ.

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়লেন। এরপর ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ফলে তাঁর ডানপাশ আঘাতপ্রাপ্ত হলো। ফলে তিনি কোনো কোনো নামায বসে আদায় করেছেন।” -সহীহ বুখারী (৬৮৯), সহীহ মুসলিম (৪১১)।

অসুস্থ ব্যক্তিদেরকে প্রয়োজনে সুবিধামত নামায আদায় করতে বলেছেন।

{وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ }

“অসুস্থ ব্যক্তির উপর কোনো কঠোরতা নেই।” -সূরা নূর, আয়াত: ৬১।

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ ‘ عَنْ الصَّلَاةِ، فَقَالَ: صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ

“ইমরান বিন হুসাইন রা. বলেন, আমার অর্শরোগ ছিলো। আমি নামায কীভাবে পড়ব সে বিষয়ে নবীজীকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, দাঁড়িয়ে পড়বে। যদি না পারো তাহলে বসে পড়বে। যদি না পারো তাহলে পাশ ফিরে পড়বে।” -সহীহ বুখারী (১১১৭), সুনানে আবু দাউদ (৯৫২), মুসনাদে আহমাদ (১৯৮১৯)।

রুকূ-সেজদা করতে না পারলে ইশারায় রুকূ-সেজদা করতে বলেছেন। সেজদার ইশারার সময় মাথা রুকূর তুলনায় বেশি ‘নত’ করতে বলেছেন। সেজদার জন্য সামনে কোনো কিছু রাখা পছন্দ করতেন না।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: عَادَ رَسُولُ اللهِ ‘ وَسَلَّمَ مَرِيضًا وَأَنَا مَعَهُ، فَرَآهُ يُصَلِّي وَيَسْجُدُ عَلَى وِسَادَةٍ، فَنَهَاهُ، وَقَالَ: إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الْأَرْضِ فَاسْجُدْ، وَإِلَّا فَأَوْمِئْ إِيمَاءً، وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ

“জাবের ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। আমি তাঁর সাথে ছিলাম। তিনি দেখলেন, অসুস্থ লোকটি নামায পড়ছে, একটি বালিশের উপর মাথা রেখে সেজদা করছে। নবীজী তাকে এমন করতে নিষেধ করলেন এবং বললেন, যদি যমীনে সেজদা করতে পারো তাহলে কর। যদি না পারো তাহলে ইশারায় সেজদা দাও। তখন সেজদাকে রুকূর চেয়ে আরেকটু নত করে দাও।” -(হাসান) মুসনাদে আবু ইয়ালা (১৮১১), আলমুজামুল কাবীর (১৩০৮২), সুনানে বায়হাকী ২/৩০৬।

প্রয়োজনে চেয়ারে বসে নামায পড়া যাবে।

كَانَ لِأَبِي بَرْزَةَ دُكَّانٌ يَجْلِسُ عَلَيْهِ وَيُدَلِي رِجْلَيْهِ وَيُصَلِّي

“আবু বারযা রা. এর একটি উঁচু জায়গা ছিলো। তিনি সেখানে বসতেন এবং পা ঝুলিয়ে রেখে নামায আদায় করতেন।” -মুখতাসারু কিয়ামিল লাইল, পৃ. ২০৬।

ইমাম অসুস্থতার দরুন বসে নামায পড়লে মুক্তাদীগণ দাঁড়িয়েই নামায পড়বে। নবীজী ﷺ এর শেষ আমল এমনই ছিলো।

وَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي وَهُوَ قَائِمٌ بِصَلَاةِ النَّبِيِّ ‘ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ، وَالنَّبِيُّ ‘ قَاعِدٌ.

“আবুবকর রা. দাঁড়িয়ে নবীজীর ইকতিদা করে নামায পড়াচ্ছিলেন আর লোকেরা আবু বকর রা. এর ইকতিদা করে নামায পড়ছিলো। নবীজী তখন বসা ছিলেন।” -সহীহ মুসলিম (৪১৮), সহীহ বুখারী (৬৮৭), সহীহ ইবনে হিব্বান (২১১৬)।

অসুস্থকালীন নামায | নামাজ শিক্ষা - ২ | মুসলিম বাংলা