নবীজী সা. এর ফরয নামায
দ্বিতীয় রাকআত
নবীজী ﷺ দ্বিতীয় সেজদা থেকে তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যেতেন, মাঝখানে বসতেন না।
ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ قَائِمًا.
“এরপর সেজদা করে সেজদায় গিয়ে স্থির হও। এরপর মাথা তুলে সোজা হয়ে দাঁড়াও।” -সহীহ বুখারী (৬৬৬৭) মুসনাদে আহমাদ (১৮৯৯৭), সুনানে নাসাঈ (৮৮৪), সুনানে তিরমিযী (৩০৩), সুনানে ইবনে মাজাহ (১০৬০)।
ثُمَّ كَبَّرَ فَقَامَ وَلَمْ يَتَوَرَّكْ.
“তিনি তাকবীর বলে দাঁড়ালেন, মাঝে বসেননি।” -(সহীহ) সুনানে আবু দাউদ (৭৩৩, ৯৬৬), সহীহ ইবনে হিব্বান (১৮৬৬), শরহু মুশকিলিল আছার (৬০৭২) শরহু মাআনিল আছার ২/৩৭৬, (৭১৬৭), সুনানে বায়হাকী ২/১০১।
চার রাকআত বিশিষ্ট নামাযে তৃতীয় রাকআতেও সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যেতেন। সেজদা থেকে উঠার সময় প্রথমে মাথা, পরে হাত, এরপর হাঁটু উঠাতেন।
وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ.
“যখন দাঁড়াতেন হাঁটুর পূর্বে হাত উঠাতেন।” -(হাদীস সহীহ) সুনানে তিরমিযী (২৬৮), সুনানে আবু দাউদ (৮৩৮), সহীহ ইবনে খুযায়মা (৬২৬), সহীহ ইবনে হিব্বান (১৯১২)।
প্রয়োজন ছাড়া যমীনে ভর দিতেন না, হাঁটুতে ভর দিয়েই দাঁড়াতেন।
وَإِذَا نَهَضَ نَهَضَ عَلَى رُكْبَتَيْهِ وَاعْتَمَدَ عَلَى فَخِذِهِ.
“যখন তিনি দাঁড়াতেন তখন হাঁটু ও উরুতে ভর দিয়ে দাঁড়াতেন।” -(হাদীস হাসান) সুনানে আবু দাউদ (৮৩৯) সুনানে বায়হাকী ২/৯৯।
দ্বিতীয় রাকআত প্রথম রাকআতের মতোই আদায় করতেন।
اصْنَعْ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ وَسَجْدَةٍ.
“প্রতি রুকূ সেজদায় তুমি তা কর।” -(সহীহ) মুসনাদে আহমাদ (১৮৯৯৫)। দ্র. সহীহ বুখারী (৭৫৭), সহীহ মুসলিম (৩৯৭)।
দ্বিতীয় রাকআতের শুরুতে ‘ছানা’ ও ‘তাআওউয’ পড়তেন না। প্রথমেই সূরা ফাতিহা পড়তেন।
كَانَ رَسُولُ اللهِ ‘ إِذَا نَهَضَ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ اسْتَفْتَحَ الْقِرَاءَةَ بِـ{الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} وَلَمْ يَسْكُتْ.
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকআত থেকে দাঁড়াতেন নীরব না থেকে {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} বলে কিরাআত শুরু করতেন।” -সহীহ মুসলিম (৫৯৯), সহীহ ইবনে খুযায়মা (১৬০৩), সহীহ ইবনে হিব্বান (১৯৩৬)।