নফল নামাজ কী?
নফল (النفل) শব্দের অর্থ অতিরিক্ত, বাড়তি বা অনুদান। ইসলামী পরিভাষায়, ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদাহ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে অতিরিক্ত নামাজ আদায় করা হয়, তাকে নফল নামাজ বলে। নফল নামাজ আদায় করলে সওয়াব পাওয়া যায়; তবে কোনো কারণে আদায় করতে না পারলে গুনাহ হয় না। وَمِنَ الَّیۡلِ فَتَہَجَّدۡ بِہٖ نَافِلَۃً لَّکَ ٭ۖ عَسٰۤی اَنۡ یَّبۡعَثَکَ رَبُّکَ مَقَامًا مَّحۡمُوۡدًا রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে ‘মাকামে মাহমুদ’-এ পৌঁছাবেন। তাফসীরে তাওযীহুল কুরআন: ‘অতিরিক্ত ইবাদত’ দ্বারা কী বোঝানো হয়েছে, সে সম্পর্কে দু’টি মত আছে। (ক) কতক মুফাসসির বলেন, এ নামায অর্থাৎ, তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি অতিরিক্ত ফরয ছিল। সাধারণ মুসলিমদের প্রতি এটা ফরয করা হয়নি। (খ) কারও মতে অতিরিক্ত হওয়ার অর্থ নফল হওয়া। অর্থাৎ, তাহাজ্জুদ একটি নফল ইবাদত, যেমন আম মুসলিমদের জন্য, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও। ‘মাকামে মাহমুদ’-এর শাব্দিক অর্থ ‘প্রশংসনীয় স্থান’। হাদীস দ্বারা জানা যায়, ‘মাকামে মাহমুদ’ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ পদমর্যাদা। এ মর্যাদার কারণে তাকে শাফায়াত করার অধিকার দেওয়া হবে।
নফল নামাযের ফযীলত: ফরজ ইবাদতের পর আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নফল নামায। নফল নামাযের মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসা লাভ করে, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায় এবং কিয়ামতের দিন ফরজ নামাযের ঘাটতি পূরণ করা হয়। তাই একজন মুমিনের উচিত ফরজ নামাযের পাশাপাশি যথাসম্ভব নফল নামাযেরও অভ্যাস গড়ে তোলা। ১. অধিক সিজদা অধিক মর্যাদার কারণ হযরত উবাদা ইবনে সামিত (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন,দকোনো বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করলে আল্লাহ তার বিনিময়ে একটি নেকি লিখে দেন, একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা এক স্তর বৃদ্ধি করেন। তাই তোমরা বেশি বেশি সিজদা করো।’’ — সুনানে ইবনে মাজাহ**, হাদীস: ১৪২৪। এই হাদীস থেকে বোঝা যায়, প্রতিটি নফল সিজদা বান্দার আমলনামায় নেকি বৃদ্ধি করে, গুনাহ মোচন করে এবং জান্নাতে মর্যাদা উন্নীত করে। ২. জান্নাত লাভের অন্যতম মাধ্যম হযরত রবীআ ইবনে কা‘ব আল-আসলামী (রাযিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ ﷺ-এর খেদমতে নিয়োজিত ছিলেন। একদিন নবী ﷺ তাকে বললেন, "তুমি আমার কাছে কিছু চাও।" তিনি জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গ কামনা করলেন। তখন রাসূলুল্লাহ ﷺ বললেন,আমি তা করব। তবে তুমি অধিক পরিমাণে সিজদা করে আমাকে তোমার ব্যাপারে সহযোগিতা করো।"— মুসনাদে আহমাদ, হাদীস: ১৬৫৭৯। এ হাদীস প্রমাণ করে যে, নফল নামায ও অধিক সিজদা জান্নাত লাভ এবং রাসূলুল্লাহ ﷺ-এর সান্নিধ্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। ৩. গুরুত্বপূর্ণ নফল নামাযসমূহ: (ক) ইশরাকের নামায সূর্য উদয়ের কিছুক্ষণ পর ইশরাকের নামায আদায় করা অত্যন্ত ফযীলতপূর্ণ। অনেক বুযুর্গ নিয়মিত চার রাকাত ইশরাক আদায় করতেন। বিশেষ করে তালিবুল ইলমদের জন্য এ আমল অত্যন্ত উপকারী। (খ) যাওয়ালের নামায যোহরের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চার রাকাত নফল নামায আদায় করাকে অনেক আলেম যাওয়ালের নামায হিসেবে উল্লেখ করেছেন। এটি নেকি অর্জনের একটি উত্তম মাধ্যম। (গ) চাশতের (দুহা) নামায সাধারণত সূর্য যথেষ্ট উপরে ওঠার পর থেকে যোহরের আগে পর্যন্ত এ নামাযের সময়। দুই, চার বা আট রাকাত পড়া যায়। সময় কম হলেও অন্তত দুই রাকাত আদায় করার চেষ্টা করা উচিত। (ঘ) আওয়াবীনের নামায মাগরিবের ফরজ ও সুন্নতের পর নফল নামায আদায় করাকে সালাতুল আওয়াবীন বলা হয়। ছয় রাকাত সম্পর্কে বর্ণনা এসেছে। নিয়মিত এ আমল আল্লাহর বিশেষ রহমত লাভের একটি মাধ্যম। (ঙ) তাহাজ্জুদের নামায তাহাজ্জুদ নফল নামাযসমূহের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ফরজ নামাযের পর সর্বোত্তম নামায হলো রাতের নামায (তাহাজ্জুদ)।"— সহীহ মুসলিম, হাদীস: ১১৬৩। শেষ রাতে আদায় করা উত্তম। তবে শেষ রাতে উঠতে না পারলে ঘুমানোর পূর্বেও কিছু নফল নামায পড়ে নেওয়ার চেষ্টা করা উচিত। সুতরাং, নফল নামায একজন মুমিনের ঈমান, তাকওয়া ও আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। এগুলোর মাধ্যমে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, জান্নাত লাভের পথ সুগম হয় এবং আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। তাই ফরজ ও সুন্নতের পাশাপাশি নিয়মিত ইশরাক, চাশত, আওয়াবীন, তাহাজ্জুদসহ অন্যান্য নফল নামাযের অভ্যাস গড়ে তোলা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত নফল নামায আদায় করার তাওফীক দান করুন। আমীন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে