প্রবন্ধ
যুবসমাজকে গড়ে তুলতে রাসূলুল্লাহ ﷺ-এর প্রজ্ঞাপূর্ণ পদ্ধতি
২৯ জুলাই, ২০২৬
৭৩৬
০
ভূমিকা
যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি, ভবিষ্যতের নির্মাতা এবং সভ্যতার অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। আজকের যুবকরাই আগামী দিনের নেতৃত্ব, সংস্কৃতি, জ্ঞান, সভ্যতা ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বহন করবে। ইতিহাসের প্রতিটি সফল জাতির উত্থানের পেছনে আদর্শবান, চরিত্রবান ও কর্মঠ যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পক্ষান্তরে, যখন কোনো জাতির যুবসমাজ আদর্শচ্যুত, লক্ষ্যহীন ও নৈতিক অবক্ষয়ের শিকার হয়েছে, তখন সেই জাতিও ধীরে ধীরে দুর্বলতা ও পতনের দিকে এগিয়েছে।
ইসলামের ইতিহাস এ সত্যের উজ্জ্বল সাক্ষ্য বহন করে। ইসলামের প্রথম জাগরণ, রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী ইসলামের বিস্তারের পেছনে যে প্রজন্ম সর্বাধিক অবদান রেখেছিল, তাদের একটি বড় অংশই ছিল যুবক। আলী ইবন আবি তালিব, মুসআব ইবন উমাইর, উসামাহ ইবন যায়দ, মুয়ায ইবন জাবাল, আবদুল্লাহ ইবন আব্বাস, যায়দ ইবন সাবিত (রাযি)-এর মতো অসংখ্য তরুণ নববী তারবিয়াতের ছায়ায় এমনভাবে গড়ে উঠেছিলেন যে, তাঁরা পৃথিবীর ইতিহাসের গতিপথই পরিবর্তন করে দিয়েছিলেন।
এটি কোনো আকস্মিক সাফল্য ছিল না; বরং বিশ্বনবী মুহাম্মদ ﷺ-এর সুপরিকল্পিত, প্রজ্ঞাপূর্ণ ও বাস্তবমুখী শিক্ষাপদ্ধতির ফল। তাঁর পবিত্র জীবনচরিত (সীরাত) একটি পূর্ণাঙ্গ শিক্ষালয়। এর প্রতিটি অধ্যায়ে রয়েছে চরিত্র গঠন, নেতৃত্ব সৃষ্টি, আত্মিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে যুবকদের সঙ্গে তাঁর আচরণে আমরা এমন এক ভারসাম্যপূর্ণ তারবিয়াত-পদ্ধতি দেখতে পাই, যেখানে স্নেহ, প্রজ্ঞা, উৎসাহ, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং বাস্তব প্রশিক্ষণের এক অপূর্ব সমন্বয় ঘটেছে।
রাসূলুল্লাহ ﷺ ওহির সান্নিধ্যে থেকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে, যুবকরাই একটি জাতির সবচেয়ে শক্তিশালী সম্পদ। তাই তিনি তাদেরকে কেবল উপদেশ দিয়ে গড়ে তোলেননি; বরং তাদের অন্তর্নিহিত প্রতিভা আবিষ্কার করেছেন, মানসিক চাহিদাকে গুরুত্ব দিয়েছেন, আত্মবিশ্বাস সৃষ্টি করেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন এবং নিজের জীবনের মাধ্যমে তাদের সামনে বাস্তব আদর্শ স্থাপন করেছেন। এর ফলেই তিনি এমন এক প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হন, যারা ঈমানে দৃঢ়, চরিত্রে বলিষ্ঠ, জ্ঞানে সমৃদ্ধ এবং নেতৃত্বে অনন্য ছিল।
বর্তমান যুগে মুসলিম যুবসমাজ নানা আদর্শিক, নৈতিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এমন বাস্তবতায় রাসূলুল্লাহ ﷺ-এর যুবগঠন-পদ্ধতি পুনরায় অনুধাবন ও বাস্তবায়ন করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
প্রথম পদ্ধতি : মানসিক গ্রহণযোগ্যতা, সহানুভূতি ও হৃদয় জয়ের মাধ্যমে চরিত্র গঠন
যুবকদের সংশোধনের ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর প্রথম কৌশল ছিল তাদের হৃদয় জয় করা। তিনি জানতেন, কোনো তরুণ তখনই উপদেশ গ্রহণ করবে, যখন সে নিজেকে সম্মানিত, নিরাপদ এবং গ্রহণযোগ্য মনে করবে। তাই তিনি কখনো যুবকদের আবেগ, মানসিক চাহিদা কিংবা ভুলকে অবজ্ঞা করেননি; বরং তাদের মানসিক অবস্থা বুঝে প্রজ্ঞা, কোমলতা ও ভালোবাসার মাধ্যমে সত্যের পথে পরিচালিত করেছেন।
তিনি যুবকদের স্বাভাবিক প্রবৃত্তি ও মানসিক চাহিদাকেও অত্যন্ত গুরুত্ব দিতেন। এ কারণে তিনি তাদের পবিত্র জীবন গঠনের জন্য বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করেছেন।
আবদুল্লাহ ইবন মাসউদ (রাযি) থেকে বর্ণিত,
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "হে যুবকের দল! তোমাদের মধ্যে যে শাদীর সামর্থ্য রাখে, সে যেন শাদী করে এবং যে শাদীর সামর্থ্য রাখে না, সে যেন ‘রোযা’ পালন করে। কেননা, রোযা যৌন ক্ষমতাকে অবদমন করবে।" (সহীহ বুখারী)
তিনি আরও সুসংবাদ দিয়েছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ:....... وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ،
"সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় স্থান দেবেন... তাদের একজন সেই যুবক, যে তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে..."- (সহীহ বুখারী)
এতে বোঝা যায়, নবীজি ﷺ যৌবনের শক্তিকে দমন করতে চাননি; বরং বৈধ ও পবিত্র পথে পরিচালিত করতে চেয়েছেন।
সহানুভূতির সর্বোত্তম দৃষ্টান্ত
এই নীতির সবচেয়ে হৃদয়স্পর্শী উদাহরণ হলো সেই যুবকের ঘটনা, যে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে ব্যভিচারের অনুমতি প্রার্থনা করেছিল।
عن أبى أمامة قال إن فتى من الأنصار أتى النبى صلى الله عليه وسلم فقال يا رسول الله أئذن لى بالزنا
উপস্থিত সাহাবিগণ ক্ষুব্ধ হয়ে তাকে ধমক দিতে লাগলেন। কিন্তু রাসূলুল্লাহ ﷺ বললেন, "তাকে আমার কাছে আসতে দাও।" যুবকটি কাছে এসে বসলে তিনি অত্যন্ত স্নেহভরে প্রশ্ন করতে শুরু করলেন, "তুমি কি চাও, কেউ তোমার মায়ের সঙ্গে এমন কাজ করুক?" যুবক বলল, "না, আল্লাহর কসম!" তিনি বললেন, "মানুষও তাদের মায়ের জন্য তা পছন্দ করে না।" এরপর তিনি একে একে কন্যা, বোন, ফুফু ও খালার কথা উল্লেখ করলেন। প্রতিবার যুবক একই উত্তর দিল এবং রাসূলুল্লাহ ﷺ একইভাবে তার বিবেককে জাগ্রত করলেন। এরপর তিনি যুবকের বুকে নিজের পবিত্র হাত রেখে দোয়া করলেন, "হে আল্লাহ! তার গুনাহ ক্ষমা করে দিন, তার অন্তরকে পবিত্র করে দিন এবং তার লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করুন।"-(মুসনাদে আহমদ)
আবু উমামাহ (রাযি) বলেন, এরপর সেই যুবকের কাছে ব্যভিচারের চেয়ে অধিক ঘৃণিত আর কোনো বিষয় অবশিষ্ট থাকেনি। এই ঘটনায় রাসূলুল্লাহ ﷺ তাকে অপমান করেননি, কঠোর ভাষায় ভর্ৎসনা করেননি কিংবা সমাজচ্যুত করেননি। বরং তিনি যুক্তি, সহানুভূতি, কোমল আচরণ ও আন্তরিক দোয়ার মাধ্যমে তার অন্তর পরিবর্তন করেছিলেন।
যুবকদের অনুভূতির প্রতি সম্মান
রাসূলুল্লাহ ﷺ শুধু নৈতিক শিক্ষা দেননি; তিনি যুবকদের স্বাভাবিক মানবিক অনুভূতিকেও মূল্য দিয়েছেন।
عَنْ أَبِي سُلَيْمَانَ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا اشْتَقْنَا أَهْلَنَا، وَسَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا، فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَفِيقًا رَحِيمًا، فَقَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، وَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، ثُمَّ لِيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»
মালিক ইবন হুয়াইরিস (রাযি) বলেন, আমরা কয়েকজন সমবয়সী যুবক বিশ দিন রাসূলুল্লাহ ﷺ-এর কাছে অবস্থান করলাম। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমলস্বভাব। যখন তিনি বুঝতে পারলেন যে, আমরা পরিবারের জন্য ব্যাকুল হয়ে পড়েছি, তখন বললেন, "তোমরা নিজেদের পরিবারের কাছে ফিরে যাও। তাদের মধ্যে অবস্থান করো, তাদের দ্বীন শিক্ষা দাও এবং সৎকাজের নির্দেশ দাও।"-(সহীহ বুখারী)
ইমাম নববী (রহ.) বলেন, এটি রাসূলুল্লাহ ﷺ-এর অসাধারণ চরিত্র, প্রজ্ঞা এবং বিশেষ করে যুবকদের প্রতি গভীর সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত।
শায়খ মুহাম্মদ ইবন সালিহ আল-উসাইমীন (রহ.) বলেন, এই হাদীস প্রমাণ করে যে, একজন দাঈ ও শিক্ষককে মানুষের মানসিক অবস্থা উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে।
অনুরূপভাবে খন্দকের যুদ্ধে তিনি নববিবাহিত এক সাহাবিকে দিনের কিছু সময়ের জন্য পরিবারের কাছে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তাকে অস্ত্র সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এ সকল ঘটনা প্রমাণ করে, রাসূলুল্লাহ ﷺ যুবকদের আবেগকে অস্বীকার করেননি; বরং ইসলামের সীমার মধ্যে থেকে তাদের অনুভূতি, প্রয়োজন ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তাদের চরিত্র গঠন করেছেন।
দ্বিতীয় পদ্ধতি : প্রতিভা আবিষ্কার, আত্মবিশ্বাস সৃষ্টি এবং যোগ্যতার সঠিক বিকাশ
রাসূলুল্লাহ ﷺ যুবসমাজকে গড়ে তোলার ক্ষেত্রে একটি মৌলিক নীতি অনুসরণ করেছিলেন, প্রত্যেক মানুষের ভেতরে আল্লাহপ্রদত্ত স্বতন্ত্র প্রতিভা ও যোগ্যতা রয়েছে। একজন সফল মুরাব্বি বা শিক্ষকের দায়িত্ব হলো সেই প্রতিভা আবিষ্কার করা, যথাযথভাবে লালন করা এবং উপযুক্ত ক্ষেত্রে তা বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া।
তিনি সাহাবিদের বিশেষত যুবকদের ব্যক্তিত্ব, মেধা, আগ্রহ ও সক্ষমতা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। অতঃপর প্রত্যেককে এমন দায়িত্ব অর্পণ করতেন, যা তার স্বভাব ও যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এভাবেই তিনি "যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে প্রতিষ্ঠা" করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
কারণ মানুষের প্রবণতা যেমন এক নয়, তেমনি তাদের প্রতিভাও একরকম নয়। কেউ জ্ঞানে পারদর্শী, কেউ নেতৃত্বে, কেউ ভাষা ও লেখনীতে, কেউ দাওয়াতে, আবার কেউ প্রশাসন বা বিচারকার্যে বিশেষ দক্ষ। রাসূলুল্লাহ ﷺ কখনো এই পার্থক্যকে দুর্বলতা হিসেবে দেখেননি; বরং এটিকেই উম্মাহর শক্তিতে পরিণত করেছিলেন।
যায়দ ইবন সাবিত (রাযি): মেধার যথাযথ ব্যবহার
যুবক যায়দ ইবন সাবিত (রাযি)-এর তীক্ষ্ণ মেধা, অসাধারণ স্মৃতিশক্তি এবং দ্রুত শেখার ক্ষমতা লক্ষ্য করে রাসূলুল্লাহ ﷺ তাঁকে বিশেষ একটি দায়িত্ব প্রদান করেন। তিনি বলেন, "হে যায়দ! তুমি আমার জন্য ইয়াহুদিদের লিখনভাষা শিখে নাও। আমি তাদের লেখার ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারি না।"-(জামে আত-তিরমিযী)
যায়দ (রাযি) বলেন, আমি মাত্র পনেরো দিনের মধ্যেই সেই ভাষা শিখে ফেলি। এরপর ইয়াহুদিদের পাঠানো চিঠি আমি রাসূলুল্লাহ ﷺ-কে পড়ে শোনাতাম এবং তাঁর পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে চিঠি লিখে দিতাম।
পরবর্তীতে তিনি ওহির অন্যতম লেখক, কুরআন সংকলনের প্রধান ব্যক্তিত্ব এবং ইসলামী উত্তরাধিকার আইনের (ফরায়েজ) সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।
এ ঘটনা প্রমাণ করে, সঠিক প্রতিভাকে সঠিক সময়ে সঠিক দায়িত্ব দেওয়া হলে একজন তরুণ অল্প সময়েই অসাধারণ সাফল্য অর্জন করতে পারে।
ভিন্ন প্রতিভার ভিন্ন বিকাশ
রাসূলুল্লাহ ﷺ প্রত্যেককে একই ছাঁচে গড়ে তুলতে চাননি।
তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাযি)-এর মধ্যে জ্ঞানার্জনের অসাধারণ যোগ্যতা দেখে তাঁর জন্য বিশেষ দোয়া করেছিলেন, "হে আল্লাহ! তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন এবং কুরআনের ব্যাখ্যা শিক্ষা দিন।"-(সহীহ বুখারী)
এই দোয়ার বরকতেই তিনি পরবর্তীকালে "হিবরুল উম্মাহ" (উম্মাহর শ্রেষ্ঠ আলেম) এবং "তারজুমানুল কুরআন" নামে খ্যাত হন।
অন্যদিকে মুয়ায ইবন জাবাল (রাযি)-কে তিনি ফিকহ ও ফতোয়ার ক্ষেত্রে গড়ে তুলেছিলেন। মুসআব ইবন উমাইর (রাযি)-কে দাওয়াত ও তারবিয়াতের জন্য প্রস্তুত করেছিলেন। আর উসামাহ ইবন যায়দ (রাযি)-কে নেতৃত্ব ও সামরিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত করেছিলেন।
অর্থাৎ প্রত্যেককে তিনি তার নিজস্ব যোগ্যতার ক্ষেত্রেই উৎকর্ষ অর্জনের সুযোগ করে দিয়েছিলেন।
ইতিবাচক প্রশংসার মাধ্যমে আত্মবিশ্বাস গঠন
রাসূলুল্লাহ ﷺ জানতেন, আন্তরিক ও সত্যনিষ্ঠ প্রশংসা একজন যুবকের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাকে আরও উন্নতির দিকে উদ্বুদ্ধ করে। তাই তিনি প্রয়োজনে সাহাবিদের গুণাবলি প্রকাশ্যে উল্লেখ করতেন।
একদিন তিনি আবদুল্লাহ ইবন উমর (রাযি) সম্পর্কে বললেন, "আবদুল্লাহ কতই না উত্তম মানুষ! যদি সে রাতের তাহাজ্জুদ সালাত আদায় করত!"- (সহীহ বুখারী)
আবদুল্লাহ ইবন উমর (রাযি) বলেন, এরপর থেকে আমি খুব কমই রাতের তাহাজ্জুদ ছেড়েছি।
এটি ছিল এমন একটি প্রশংসা, যা আত্মতুষ্টি সৃষ্টি করেনি; বরং উন্নতির প্রেরণা জুগিয়েছিল।
একইভাবে আবদুল্লাহ ইবন মাসউদ (রাযি)-কে তিনি বলেছিলেন, "তুমি তো একজন জ্ঞানপ্রাপ্ত ও শিক্ষিত যুবক।"-(মুসনাদে আহমদ)
এই একটি বাক্য তাঁর আত্মবিশ্বাস ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছিল।
সুন্দর কণ্ঠের স্বীকৃতি
এক রাতে রাসূলুল্লাহ ﷺ হযরত আবু মূসা আল-আশআরী (রাযি)-এর কুরআন তিলাওয়াত শুনে বললেন, "তোমাকে দাউদ (আলাইহিস সালাম)-এর সুমধুর কণ্ঠগুলোর একটি দান করা হয়েছে।" -(সহীহ বুখারী)
আবু মূসা (রাযি) বললেন, "ইয়া রাসূলাল্লাহ! যদি জানতাম আপনি শুনছেন, তাহলে আমি আরও সুন্দরভাবে তিলাওয়াত করতাম।"
এ ধরনের প্রশংসা মানুষের সুপ্ত প্রতিভাকে আরও বিকশিত করে।
চরিত্রের প্রশংসাও ছিল তারবিয়াতের অংশ
হযরত আশাজ্জ আবদুল কায়স (রাযি)-কে রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন, "তোমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে, যা আল্লাহ ভালোবাসেন, সহনশীলতা এবং ধীরস্থিরতা।"- (সহীহ মুসলিম)
এভাবে তিনি শুধু জ্ঞান বা দক্ষতার নয়; বরং উত্তম চরিত্রেরও প্রশংসা করতেন, যাতে মানুষ সে গুণ আরও দৃঢ়ভাবে ধারণ করতে পারে।
যোগ্যতার স্বীকৃতি
রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন সাহাবির বিশেষ যোগ্যতার স্বীকৃতি দিয়ে বলেন, "আমার উম্মতের প্রতি সর্বাধিক দয়ালু আবু বকর, আল্লাহর বিধানের ব্যাপারে সর্বাধিক দৃঢ় উমর, সর্বাধিক লজ্জাশীল উসমান, হালাল-হারামের বিষয়ে সর্বাধিক জ্ঞানী মুয়ায ইবন জাবাল, ফরায়েজে সর্বাধিক পারদর্শী যায়দ ইবন সাবিত এবং কুরআন তিলাওয়াতে সর্বাধিক দক্ষ উবাই ইবন কা'ব। আর প্রত্যেক জাতির একজন আমীন (বিশ্বস্ত ব্যক্তি) থাকে; এই উম্মতের আমীন হলেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ।"-(জামে আত-তিরমিযী)
এই হাদীস থেকে স্পষ্ট হয় যে, রাসূলুল্লাহ ﷺ মানুষের বৈচিত্র্যময় প্রতিভাকে মূল্যায়ন করতেন এবং প্রত্যেকের বিশেষত্বকে যথাযথ সম্মান দিতেন।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, একজন সফল মুরাব্বির অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি মানুষের প্রকৃতি, প্রবণতা ও সামর্থ্য বুঝে তার উপযোগী শিক্ষা ও দায়িত্ব নির্ধারণ করেন। রাসূলুল্লাহ ﷺ এই নীতির সর্বোচ্চ বাস্তব উদাহরণ।
তৃতীয় পদ্ধতি : দায়িত্ব অর্পণের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলা
রাসূলুল্লাহ ﷺ যুবকদের কেবল ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে প্রস্তুত করেননি; বরং যোগ্যতা অর্জনের সঙ্গে সঙ্গেই বাস্তব দায়িত্ব অর্পণের মাধ্যমে তাদের নেতৃত্বের বিকাশ ঘটিয়েছেন। তিনি বিশ্বাস করতেন, নেতৃত্ব কেবল তাত্ত্বিক শিক্ষা বা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় না; বরং উপযুক্ত প্রশিক্ষণ, আস্থা এবং বাস্তব দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন প্রকৃত নেতা গড়ে ওঠে।
এ কারণেই তিনি যুবকদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করেছেন। তিনি তাদের অন্তরে এ বিশ্বাস সৃষ্টি করেছিলেন যে, একজন মানুষের মর্যাদা তার বয়সে নয়; বরং তার তাকওয়া, যোগ্যতা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতায় নিহিত। ফলে তারা নিজেদেরকে উম্মাহর বোঝা নয়; বরং উম্মাহর নির্মাতা হিসেবে গড়ে তুলতে পেরেছিল।
উসামাহ ইবন যায়দ (রাযি): নববী নেতৃত্ব গঠনের অনন্য দৃষ্টান্ত
এই নীতির সর্বাধিক উজ্জ্বল উদাহরণ হলেন উসামাহ ইবন যায়দ (রাযি)। তখন তাঁর বয়স আঠারো বছরেরও কম। অথচ রাসূলুল্লাহ ﷺ তাঁকে এমন একটি বিশাল বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন, যার অধীনে আবু বকর, উমর, আবু উবাইদাহ ইবনুল জাররাহ, সা'দ ইবন আবি ওয়াক্কাস (রাযি)-এর মতো প্রবীণ ও মর্যাদাসম্পন্ন সাহাবিরাও অন্তর্ভুক্ত ছিলেন।
স্বাভাবিকভাবেই কিছু মানুষের মনে প্রশ্ন জাগে, এত অল্পবয়সী একজন যুবক কীভাবে এমন বাহিনীর নেতৃত্ব দেবেন? এমনকি কিছু মুনাফিকও এ সিদ্ধান্তের সমালোচনা করতে থাকে।
তখন রাসূলুল্লাহ ﷺ মিম্বারে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, "তোমরা যদি আজ উসামাহর নেতৃত্ব নিয়ে আপত্তি কর, তবে এর আগেও তোমরা তার পিতার নেতৃত্ব নিয়ে আপত্তি করেছিলে। আল্লাহর শপথ! তিনি নেতৃত্বের সম্পূর্ণ যোগ্য ছিলেন এবং তিনি ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিদের একজন। আর এ-ও তাঁর পর আমার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিদের অন্যতম।"-(সহীহ বুখারী)
এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু উসামাহ (রাযি)-এর সম্মানই রক্ষা করেননি; বরং পুরো উম্মাহকে শিক্ষা দিয়েছেন যে, যোগ্যতার সামনে বয়স কোনো প্রতিবন্ধক নয়।
পরবর্তীতে উসামাহ (রাযি) অত্যন্ত দক্ষতার সঙ্গে বাহিনী পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে মুসলিম বাহিনী সফলভাবে অভিযান সম্পন্ন করে এবং মদীনার বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এতে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ ﷺ যোগ্যতা যাচাই করেই তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন।
হাফিজ ইবন হাজার আল-আসকালানী (রহ.) বলেন, এ ঘটনা প্রমাণ করে যে, যোগ্য ব্যক্তি অল্পবয়সী হলেও তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া বৈধ এবং প্রয়োজনীয়।
মুয়ায ইবন জাবাল (রাযি): যুবক বিচারক ও শিক্ষক
মুয়ায ইবন জাবাল (রাযি) তখনও ছিলেন তরুণ। কিন্তু তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রতি আস্থা রেখে রাসূলুল্লাহ ﷺ তাঁকে ইয়ামানে বিচারক, মুফতি, শিক্ষক ও দাঈ হিসেবে পাঠান।
বিদায়ের সময় তিনি তাঁকে জিজ্ঞাসা করেন, "তোমার কাছে কোনো বিষয়ের ফয়সালা এলে তুমি কীভাবে সিদ্ধান্ত দেবে?" মুয়ায (রাযি) বললেন, "আল্লাহর কিতাব অনুযায়ী।" তিনি জিজ্ঞেস করলেন, "যদি সেখানে না পাও?" তিনি বললেন, "রাসূলের সুন্নাহ অনুযায়ী।" তিনি আবার জিজ্ঞেস করলেন, "যদি তাতেও না পাও?" তিনি বললেন, "তখন আমি নিজের ইজতিহাদ করব এবং কোনো ত্রুটি করব না।" তখন রাসূলুল্লাহ ﷺ আল্লাহর প্রশংসা করে তাঁর উত্তরকে সমর্থন করেন।-(সুনানে আবু দাউদ)
এ ঘটনা শুধু মুয়ায (রাযি)-এর জ্ঞানের স্বীকৃতিই নয়; বরং যুবকদের প্রতি রাসূলুল্লাহ ﷺ-এর গভীর আস্থারও প্রমাণ।
মুসআব ইবন উমাইর (রাযি): ইসলামের প্রথম রাষ্ট্রদূত
হিজরতের পূর্বেই রাসূলুল্লাহ ﷺ তরুণ মুসআব ইবন উমাইর (রাযি)-কে মদীনায় ইসলামের দাওয়াত ও শিক্ষা প্রদানের জন্য প্রেরণ করেন।
তিনি অত্যন্ত প্রজ্ঞা, ধৈর্য ও উত্তম চরিত্রের মাধ্যমে মদীনার বিভিন্ন গোত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তাঁর প্রচেষ্টার ফলে সা'দ ইবন মু'আয ও উসাইদ ইবন হুযাইর (রাযি)-এর মতো প্রভাবশালী নেতারা ইসলাম গ্রহণ করেন। তাদের ইসলাম গ্রহণের মাধ্যমে গোটা গোত্র ইসলামের ছায়াতলে চলে আসে।
ফলে অল্প সময়ের মধ্যেই মদীনা ইসলামের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হয়ে যায়। এ কারণেই ইতিহাসবিদরা তাঁকে ইসলামের প্রথম শিক্ষক ও প্রথম রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করেছেন।
আত্তাব ইবন আসীদ (রাযি): যুবক গভর্নর
মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ ﷺ মাত্র একুশ বছর বয়সী আত্তাব ইবন আসীদ (রাযি)-কে মক্কার গভর্নর নিযুক্ত করেন।
এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব। কারণ সদ্য বিজিত মক্কার মতো গুরুত্বপূর্ণ নগরী পরিচালনার জন্য বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ ﷺ তাঁর যোগ্যতার ওপর আস্থা রেখেই এই দায়িত্ব অর্পণ করেছিলেন।
আবদুল্লাহ ইবন হুযাফা (রাযি): আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব
একইভাবে যুবক আবদুল্লাহ ইবন হুযাফা আস-সাহমী (রাযি)-কে তিনি পারস্য সম্রাট কিসরার নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন।
এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কূটনৈতিক মিশন। কিন্তু রাসূলুল্লাহ ﷺ জানতেন, তাঁর সাহাবিদের মধ্যে এমন আত্মবিশ্বাস ও ঈমান গড়ে উঠেছে যে, তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাটের সামনেও সত্য কথা বলতে দ্বিধা করবে না।
দায়িত্ব অর্পণের শিক্ষাগত তাৎপর্য
এসব ঘটনা থেকে স্পষ্ট হয়, রাসূলুল্লাহ ﷺ যুবকদের ওপর আস্থা রেখেছিলেন। তিনি তাদের কেবল ভবিষ্যতের জন্য প্রস্তুত করেননি; বরং বর্তমানেই তাদের কর্মক্ষেত্রে নিয়ে এসেছিলেন। কারণ তিনি জানতেন, দায়িত্বহীন শিক্ষা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে পারে না।
ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, মানুষের যোগ্যতা বিকাশের অন্যতম কার্যকর উপায় হলো তাকে তার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব প্রদান করা। রাসূলুল্লাহ ﷺ এই নীতির সর্বোত্তম বাস্তবায়ন করেছেন।
সুতরাং যুবসমাজকে নেতৃত্বে গড়ে তুলতে চাইলে শুধু উপদেশ বা প্রশিক্ষণ যথেষ্ট নয়; বরং তাদের ওপর আস্থা রেখে ধীরে ধীরে বাস্তব দায়িত্ব অর্পণ করতে হবে। এটাই ছিল রাসূলুল্লাহ ﷺ-এর সফল নেতৃত্ব গঠনের অন্যতম মৌলিক কৌশল।
চতুর্থ পদ্ধতি : যুবসমাজের হৃদয়কে আল্লাহর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করা
রাসূলুল্লাহ ﷺ-এর যুবগঠন-পদ্ধতির অন্যতম মৌলিক ভিত্তি ছিল তাদের অন্তরে আল্লাহর প্রতি অটুট ঈমান, তাকওয়া ও তাওয়াক্কুল সৃষ্টি করা। তিনি জানতেন, যে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যায়, পার্থিব ভয়, প্রবৃত্তির টান, হতাশা কিংবা মানুষের বিরোধিতা তাকে সহজে বিচলিত করতে পারে না। তাই তিনি যুবকদের কেবল বাহ্যিক শৃঙ্খলা শিক্ষা দেননি; বরং তাদের অন্তরকে এমনভাবে গড়ে তুলেছিলেন, যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকেই সর্বোচ্চ আশ্রয় ও ভরসা হিসেবে গ্রহণ করে।
তিনি যুবকদের লক্ষ্য ও স্বপ্নকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং আখিরাতমুখী মহান উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। ফলে তাদের আত্মবিশ্বাসের ভিত্তি ছিল আল্লাহর সাহায্যের ওপর, মানুষের প্রশংসা বা পার্থিব সফলতার ওপর নয়।
আবদুল্লাহ ইবন আব্বাস (রাযি)-এর প্রতি নববী উপদেশ
এই পদ্ধতির সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো কিশোর আবদুল্লাহ ইবন আব্বাস (রাযি)-কে দেওয়া রাসূলুল্লাহ ﷺ-এর অমূল্য নসীহত।
একদিন তিনি তাঁকে নিজের সওয়ারির পেছনে বসিয়ে বললেন, "হে বৎস! আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিক্ষা দিচ্ছি। তুমি আল্লাহর হুকুমের হিফাজত কর, আল্লাহ তোমার হিফাজত করবেন। তুমি আল্লাহর হুকুমের হিফাজত কর, তাহলে তাঁকে তোমার সম্মুখে পাবে। যখন কিছু চাইবে, আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, সমগ্র উম্মত যদি তোমার কোনো উপকার করতে একত্রিত হয়, তবে তারা আল্লাহ তোমার জন্য যা লিখে রেখেছেন, তার বাইরে কিছুই করতে পারবে না। আর যদি তারা সবাই তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তবে আল্লাহ তোমার ভাগ্যে যা নির্ধারণ করেছেন, তার বাইরে কোনো ক্ষতিই করতে পারবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে।"-(জামে আত-তিরমিযী)
এটি শুধু একটি নসীহত ছিল না; বরং একটি পূর্ণাঙ্গ ঈমানি জীবনদর্শন। এর মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ একটি কিশোরের অন্তরে তাওহীদ, তাওয়াক্কুল, তাকদীরের প্রতি বিশ্বাস, আত্মমর্যাদা এবং মানসিক দৃঢ়তার ভিত্তি স্থাপন করেছিলেন।
এই তারবিয়াতের ফলেই আবদুল্লাহ ইবন আব্বাস (রাযি) পরবর্তীকালে উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ আলেম, মুফাসসির এবং ফকীহে পরিণত হন। তিনি "হিবরুল উম্মাহ" (উম্মাহর মহাপণ্ডিত) এবং "তারজুমানুল কুরআন" উপাধিতে ভূষিত হন।
মুয়ায ইবন জাবাল (রাযি)-এর ঈমানি শিক্ষা
মুয়ায ইবন জাবাল (রাযি)-কে রাসূলুল্লাহ ﷺ শুধু ফিকহ বা বিচারকার্য শেখাননি; বরং তাঁর ঈমানি ভিত্তিও সুদৃঢ় করেছিলেন।
একদিন তিনি জিজ্ঞাসা করলেন, "হে মুয়ায! তুমি কি জানো, বান্দাদের ওপর আল্লাহর কী অধিকার এবং আল্লাহর পক্ষ থেকে বান্দাদের কী অধিকার রয়েছে?" মুয়ায (রাযি) বললেন, "আল্লাহ ও তাঁর রাসূলই সর্বাধিক অবগত।" তিনি বললেন, "আল্লাহর অধিকার হলো, তাঁর ইবাদত করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। আর বান্দাদের অধিকার হলো, যে ব্যক্তি তাঁর সঙ্গে শিরক করবে না, আল্লাহ তাকে শাস্তি দেবেন না।"-(সহীহ বুখারী)
অন্য এক হাদীসে মুয়ায (রাযি) জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন আমল সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ ﷺ বলেন, "তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন করেছ।"
এরপর তিনি ঈমান, সালাত, যাকাত, রোজা, হজ এবং নফল ইবাদতের গুরুত্ব বর্ণনা করেন এবং শেষে বলেন, "সবকিছুর মূল হলো ইসলাম, এর স্তম্ভ হলো সালাত এবং এর সর্বোচ্চ শিখর হলো আল্লাহর পথে জিহাদ।"-(জামে আত-তিরমিযী)
এভাবে তিনি একজন যুবকের হৃদয়ে দ্বীনের মৌলিক ভিত্তিগুলো সুপ্রতিষ্ঠিত করেছিলেন।
যুবকদের উচ্চাকাঙ্ক্ষাকে আখিরাতমুখী করা
রাসূলুল্লাহ ﷺ যুবকদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন; তবে সেই স্বপ্নকে কেবল দুনিয়াবি সফলতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি তাদের সামনে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের চিরস্থায়ী সফলতাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে উপস্থাপন করেছেন।
তিনি তাদের বুঝিয়েছেন যে, প্রকৃত সম্মান, প্রকৃত সফলতা এবং প্রকৃত মর্যাদা আল্লাহর আনুগত্যের মধ্যেই নিহিত। ফলে তারা দুনিয়ার সাময়িক লাভের জন্য নিজেদের আদর্শ বিসর্জন দেয়নি।
নববী তারবিয়াতের ফল
এই ঈমানকেন্দ্রিক শিক্ষার ফলেই সাহাবি যুবকরা ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোতেও অবিচল থাকতে পেরেছিলেন। তারা নির্যাতন সহ্য করেছেন, স্বদেশ ত্যাগ করেছেন, সম্পদ বিসর্জন দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে জীবন উৎসর্গ করেছেন; কিন্তু ঈমান থেকে বিচ্যুত হননি। কারণ তাদের হৃদয় মানুষের সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে যুক্ত ছিল।
ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, হৃদয় যখন আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়, তখন পার্থিব সব ভয় ও দুর্বলতা তার সামনে তুচ্ছ হয়ে যায়। রাসূলুল্লাহ ﷺ প্রথমে মানুষের হৃদয়কে আল্লাহর সঙ্গে যুক্ত করেছেন, তারপর তাদের ওপর উম্মাহর দায়িত্ব অর্পণ করেছেন।
এ কারণেই নববী তারবিয়াত ছিল ভেতর থেকে মানুষ গড়ার পদ্ধতি। বাহ্যিক পরিবর্তনের আগে তিনি অন্তরের পরিবর্তন ঘটিয়েছেন। আর যে অন্তর আল্লাহর ভালোবাসায় আলোকিত হয়, তার চরিত্র, চিন্তা ও কর্মও স্বাভাবিকভাবেই আলোকিত হয়ে ওঠে।
পঞ্চম পদ্ধতি : বাস্তব জীবনে আদর্শ স্থাপন; কথার আগে কাজের শিক্ষা
যুবসমাজকে গড়ে তোলার ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর অন্যতম সফল কৌশল ছিল নিজের জীবনকে আদর্শে পরিণত করা। তিনি শুধু উপদেশ দিতেন না; বরং প্রতিটি শিক্ষার বাস্তব দনমুনা নিজেই উপস্থাপন করতেন। তাঁর কথা ও কাজের মধ্যে কোনো বৈপরীত্য ছিল না। ফলে তাঁর শিক্ষা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত হতো।
মানুষ সাধারণত সেই ব্যক্তির অনুসরণ করে, যার জীবন তার বক্তব্যের সত্যতা প্রমাণ করে। বিশেষ করে যুবকরা কথার চেয়ে বাস্তব আচরণ দ্বারা অধিক প্রভাবিত হয়। তাই রাসূলুল্লাহ ﷺ তাদের সামনে এমন একটি জীবন্ত আদর্শ স্থাপন করেছিলেন, যেখানে ইবাদত, চরিত্র, সাহস, নেতৃত্ব, দানশীলতা, ধৈর্য, বিনয় ও আত্মত্যাগ, সবকিছুরই সর্বোচ্চ বাস্তব রূপ বিদ্যমান ছিল।
তিনি যদি সালাতের গুরুত্ব শিক্ষা দিতেন, তবে তিনিই ছিলেন সর্বাধিক যত্নসহকারে সালাত আদায়কারী। যদি রোজার প্রতি উৎসাহিত করতেন, তবে তিনিই ছিলেন নফল রোজায় অগ্রগামী। যদি দান-সদকার আহ্বান জানাতেন, তবে তিনিই ছিলেন সর্বাধিক উদার। যদি দুনিয়ার প্রতি অনাসক্তির শিক্ষা দিতেন, তবে তাঁর জীবনই ছিল সবচেয়ে সহজ-সরল ও অনাড়ম্বর। আর যদি ধৈর্য, সাহস ও আত্মত্যাগের শিক্ষা দিতেন, তবে কঠিনতম পরিস্থিতিতেও তিনিই ছিলেন তার সর্বোত্তম দৃষ্টান্ত।
সাহাবিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ
রাসূলুল্লাহ ﷺ কখনো নিজেকে সাধারণ মানুষের ঊর্ধ্বে মনে করতেন না। তিনি কষ্টকর কাজেও সাহাবিদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করতেন।
মসজিদে নববী নির্মাণের সময় তিনি নিজের কাঁধে ইট বহন করেছেন। সাহাবিদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে শ্রম দিয়েছেন এবং কাজ করতে করতে বলতেন,
اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَةِ
"হে আল্লাহ! প্রকৃত জীবন তো আখিরাতের জীবনই।"- (সহীহ বুখারী)
এভাবে তিনি সাহাবিদের দৃষ্টি দুনিয়ার কষ্ট থেকে আখিরাতের চিরস্থায়ী সফলতার দিকে ফিরিয়ে দিতেন।
খন্দকের যুদ্ধে আত্মত্যাগের বাস্তব দৃষ্টান্ত
খন্দকের যুদ্ধের সময়ও তিনি শুধু নির্দেশদাতা ছিলেন না; বরং নিজ হাতে পরিখা খনন করেছেন। তিনি সাহাবিদের সঙ্গে মাটি কেটেছেন, পাথর ভেঙেছেন, শ্রম দিয়েছেন এবং তাদের উৎসাহিত করার জন্য কবিতা আবৃত্তি করেছেন।
কঠিন দুর্ভিক্ষ ও ক্ষুধার সময় এক সাহাবি ক্ষুধার জ্বালায় নিজের পেটে একটি পাথর বেঁধেছিলেন। রাসূলুল্লাহ ﷺ নিজের কাপড় উঠিয়ে দেখালেন যে, তিনি ক্ষুধার তীব্রতায় দুটি পাথর বেঁধে রেখেছেন।
এ দৃশ্য সাহাবিদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। তারা বুঝতে পেরেছিলেন, তাদের নেতা কখনো তাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেন না, যা তিনি নিজে বহন করেন না।
সফরেও সমতা
যুদ্ধ কিংবা দীর্ঘ সফরে রাসূলুল্লাহ ﷺ নিজের জন্য কোনো বিশেষ সুবিধা গ্রহণ করতেন না। তিনি উটে আরোহণের ক্ষেত্রেও অন্যদের মতো পালাক্রম অনুসরণ করতেন। কখনো তিনি হাঁটতেন, কখনো সাহাবিরা হাঁটতেন।
একবার সাহাবিরা তাঁকে বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আপনি সওয়ার থাকুন, আমরা হেঁটেই চলব।" তিনি বললেন, "তোমরা আমার চেয়ে অধিক শক্তিশালী নও এবং আমিও তোমাদের তুলনায় সওয়াব থেকে অমুখাপেক্ষী নই।"(মিশকাতুল মাসাবীহ)
এই একটি বাক্যই তাঁর বিনয়, ন্যায়পরায়ণতা এবং আখিরাতমুখী দৃষ্টিভঙ্গির অপূর্ব পরিচয় বহন করে।
সহজকারী শিক্ষক
রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষাদানের ধরনও ছিল অত্যন্ত সহজ, বাস্তবমুখী ও মানবিক। তিনি কঠোরতা বা জটিলতা সৃষ্টি করতেন না; বরং মানুষের সামর্থ্য ও অবস্থার প্রতি লক্ষ্য রেখে শিক্ষা দিতেন।
তিনি বলেছেন, إِنَّمَا بُعِثْتُ مُعَلِّمًا مُيَسِّرًا "আমাকে সহজকারী শিক্ষক হিসেবেই প্রেরণ করা হয়েছে।"-(সুনান ইবন মাজাহ)
তাই তিনি যুবকদের ভুল সংশোধন করতেন প্রজ্ঞা, ধৈর্য ও কোমলতার মাধ্যমে; এমনভাবে যে, তারা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠত, নিরুৎসাহিত হতো না।
কেন তাঁর শিক্ষা এত কার্যকর ছিল?
রাসূলুল্লাহ ﷺ-এর ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি ছিল, তাঁর প্রতিটি শিক্ষা তাঁর নিজের জীবনেই প্রতিফলিত হতো। ফলে সাহাবিরা তাঁর আনুগত্য করতেন ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়; বরং গভীর ভালোবাসা, অগাধ বিশ্বাস এবং আন্তরিক সন্তুষ্টি থেকে।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, একজন মুরাব্বির সবচেয়ে কার্যকর শিক্ষা তার নিজের চরিত্র। কারণ মানুষ চোখ দিয়ে যা শেখে, তা অনেক সময় কানের মাধ্যমে শোনা শিক্ষার চেয়েও অধিক স্থায়ী হয়।
প্রকৃতপক্ষে, একজন আদর্শ ব্যক্তিত্ব তত্ত্বকে বাস্তবে রূপ দেন। যুবসমাজ সেই নেতার অনুসরণ করে, যাকে তারা নিজেদের একজন, নিজেদের সঙ্গী এবং নিজেদের মতো সংগ্রামী মানুষ হিসেবে দেখতে পায়; সেই নেতার নয়, যিনি দূর থেকে শুধু নির্দেশ দিয়ে যান।
এই কারণেই রাসূলুল্লাহ ﷺ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবগঠনকারী। তিনি মানুষকে কেবল শিক্ষা দেননি, বরং নিজেই সেই শিক্ষার জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। তাঁর জীবনের এই বাস্তব আদর্শই সাহাবিদের অন্তরে এমন বিপ্লব সৃষ্টি করেছিল, যার প্রভাব আজও বিশ্বমানবতার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।
ষষ্ঠ পদ্ধতি : ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার শিক্ষা (التوازن والوسطية)
রাসূলুল্লাহ ﷺ-এর তারবিয়াত-পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য ছিল ভারসাম্য (التوازن) ও মধ্যপন্থা (الوسطية)। তিনি যুবকদের এমন মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যারা একদিকে আল্লাহর ইবাদতে নিবেদিত থাকবে, অন্যদিকে পরিবার, সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতিও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তাঁর শিক্ষায় আত্মা ও দেহ, দুনিয়া ও আখিরাত, ইবাদত ও কর্ম, সবকিছুর মধ্যে ছিল এক অপূর্ব সমন্বয়।
আল্লাহ তাআলা বলেন,
﴿وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا﴾
"এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী (ভারসাম্যপূর্ণ) জাতি বানিয়েছি।"-(সূরা আল-বাকারা, ২:১৪৩)
তাফসিরে সা'দীতে বলা হয়েছে, "অর্থাৎ তোমরা ন্যায়পরায়ণ ও সর্বোত্তম জাতি। কারণ মধ্যপন্থাই সর্বোত্তম পথ; এর দুই প্রান্তই বিচ্যুতি।"
রাসূলুল্লাহ ﷺ যুবকদের শিক্ষা দিয়েছেন যে, অতিরঞ্জন যেমন প্রশংসনীয় নয়, তেমনি অবহেলাও গ্রহণযোগ্য নয়। প্রকৃত ইবাদত হলো সুন্নাহর অনুসরণে ভারসাম্যপূর্ণ জীবনযাপন।
অতিরিক্ত কঠোরতাকে সংশোধন
একদা তিনজন সাহাবি রাসূলুল্লাহ ﷺ-এর ইবাদত সম্পর্কে জানতে এসে নিজেদের জন্য অত্যন্ত কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, তিনি সারারাত সালাতে কাটাবেন; দ্বিতীয়জন বললেন, তিনি সারাবছর রোজা রাখবেন; তৃতীয়জন বললেন, তিনি কখনো বিবাহ করবেন না।
এ সংবাদ রাসূলুল্লাহ ﷺ-এর নিকট পৌঁছলে তিনি বলেন, "আল্লাহর শপথ! আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে অধিক ভয় করি এবং তাঁর ব্যাপারে অধিক তাকওয়া অবলম্বন করি। তবুও আমি কখনো রোজা রাখি, আবার কখনো বিরতি দিই; আমি সালাত আদায় করি এবং বিশ্রামও নিই; আমি বিবাহও করেছি। অতএব, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।"-(সহীহ বুখারী)
এই হাদীসের ব্যাখ্যায় ইমাম নববী (রহ.) বলেন, এতে প্রমাণিত হয় যে, ইবাদতের নামে নিজের ওপর অযথা কঠোরতা আরোপ করা ইসলামের শিক্ষা নয়; বরং সুন্নাহ হলো ভারসাম্যপূর্ণ জীবনযাপন।
পরিবার ও ব্যক্তিগত অধিকারের প্রতি গুরুত্ব
উসমান ইবন মাজঊন (রাযি) অধিক ইবাদতের উদ্দেশ্যে সংসারজীবন থেকে দূরে থাকতে চেয়েছিলেন। রাসূলুল্লাহ ﷺ তাঁকে তা করতে নিষেধ করেন।
অন্যদিকে সালমান আল-ফারসি (রাযি) যখন আবু দারদা (রাযি)-কে অতিরিক্ত ইবাদতের কারণে পরিবার ও নিজের শরীরের অধিকার অবহেলা করতে দেখলেন, তখন বললেন, "নিশ্চয়ই তোমার রবের তোমার ওপর অধিকার রয়েছে, তোমার নিজেরও তোমার ওপর অধিকার রয়েছে এবং তোমার পরিবারেরও তোমার ওপর অধিকার রয়েছে। অতএব, প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার প্রদান কর।" পরে রাসূলুল্লাহ ﷺ এ কথা শুনে বললেন, "সালমান সত্য বলেছে।"-(সহীহ বুখারী)
এটি নববী শিক্ষাপদ্ধতির একটি মৌলিক নীতি, একজন মুসলিম কখনো একটি নেক আমলের কারণে অন্য দায়িত্ব নষ্ট করবে না।
সহজতা ইসলামের বৈশিষ্ট্য
রাসূলুল্লাহ ﷺ সর্বদা সহজতাকে প্রাধান্য দিতেন। তিনি মুয়ায ইবন জাবাল ও আবু মূসা আল-আশআরী (রাযিয়াল্লাহু আনহুমা)-কে ইয়ামানে পাঠানোর সময় নির্দেশ দিয়েছিলেন, "তোমরা সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করো না; পরস্পর সহযোগিতা করো, মতবিরোধ সৃষ্টি করো না।"- (সহীহ বুখারী)
এই নীতি শুধু দাওয়াতের ক্ষেত্রেই নয়; বরং যুবকদের লালন-পালন ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
সমকালীন প্রেক্ষাপটে এই নীতির গুরুত্ব
বর্তমান সময়ে একদল যুবক দুনিয়ার মোহে ডুবে গিয়ে দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে, আবার অন্যদিকে কেউ কেউ আবেগের বশবর্তী হয়ে এমন কঠোরতা গ্রহণ করছে, যা সুন্নাহসম্মত নয়। উভয় অবস্থাই ভারসাম্যহীনতার পরিচায়ক।
রাসূলুল্লাহ ﷺ যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, তা হলো, ইলমের ভিত্তিতে, সুন্নাহর অনুসরণে এবং মধ্যমপন্থা অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। এ পদ্ধতিই একজন যুবককে দীর্ঘস্থায়ীভাবে দ্বীনের ওপর অবিচল থাকতে সাহায্য করে।
ইমাম ইবন বাত্তাল (রহ.) বলেন, "মানুষ যখন নিজের সাধ্যের বাইরে ইবাদতের বোঝা চাপিয়ে দেয়, তখন সে তা স্থায়ীভাবে পালন করতে পারে না। তাই রাসূলুল্লাহ ﷺ সর্বদা এমন আমলকে উৎসাহিত করেছেন, যা নিয়মিতভাবে পালন করা সম্ভব।"
সমকালীন বাস্তবতায় নববী পদ্ধতির প্রয়োজনীয়তা ও ফলপ্রসূতা
যুবসমাজকে গড়ে তোলার ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর পদ্ধতি কেবল কিছু আচরণ সংশোধনের কর্মসূচি ছিল না; বরং এটি ছিল মানুষ গঠনের একটি পূর্ণাঙ্গ ও সুপরিকল্পিত কর্মপদ্ধতি। তাঁর লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা আকীদায় বিশুদ্ধ, চরিত্রে বলিষ্ঠ, জ্ঞানে সমৃদ্ধ, কর্মে সক্রিয় এবং নেতৃত্বে যোগ্য হবে। তিনি বাহ্যিক পরিবর্তনের চেয়ে অন্তরের পরিবর্তনকে অধিক গুরুত্ব দিয়েছিলেন। কারণ তিনি জানতেন, যখন হৃদয় সংশোধিত হয়, তখন চিন্তা, চরিত্র ও কর্মও স্বাভাবিকভাবেই সংশোধিত হয়ে যায়।
নববী তারবিয়াতের মাধ্যমে তিনি যুবকদের অন্তরে বিশেষভাবে কয়েকটি মৌলিক গুণ প্রতিষ্ঠা করেছিলেন।
প্রথমত, তিনি তাদের সুস্পষ্ট জীবনদৃষ্টি দিয়েছিলেন। তারা জানতে পেরেছিল, মানুষের জীবনের উদ্দেশ্য কেবল ভোগ-বিলাস, সম্পদ অর্জন কিংবা পার্থিব সফলতা নয়; বরং আল্লাহর ইবাদত, তাঁর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে আত্মনিয়োগই প্রকৃত সফলতার পথ।
দ্বিতীয়ত, তিনি তাদের মধ্যে আত্মমর্যাদা ও দায়িত্ববোধ সৃষ্টি করেছিলেন। তারা উপলব্ধি করেছিল যে, উম্মাহর প্রতিটি সদস্যেরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বয়স, সম্পদ কিংবা বংশমর্যাদা নয়; বরং ঈমান, যোগ্যতা ও আমলই প্রকৃত মর্যাদার ভিত্তি।
তৃতীয়ত, তিনি তাদের মধ্যে সীমাহীন আত্মত্যাগ, কর্মস্পৃহা এবং নেতৃত্বের চেতনা সৃষ্টি করেছিলেন। ফলে তারা দুনিয়ার সাময়িক স্বার্থের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল।
এই কারণেই নববী তারবিয়াতে গড়ে ওঠা যুবকরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিলেন। তারা নির্যাতন সহ্য করেছেন, স্বদেশ ত্যাগ করেছেন, সম্পদ উৎসর্গ করেছেন, জ্ঞান প্রচার করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আল্লাহর দীনের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি।
আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হলেও মানুষের স্বভাব, যৌবনের আবেগ এবং চরিত্র গঠনের মৌলিক নীতিগুলো অপরিবর্তিত রয়েছে। বর্তমান মুসলিম যুবসমাজ একদিকে বস্তুবাদ, ভোগবাদ, নৈতিক অবক্ষয়, মাদক, অশ্লীলতা ও প্রযুক্তির অপব্যবহারের মতো নানা সংকটের সম্মুখীন; অন্যদিকে আদর্শিক বিভ্রান্তি, চরমপন্থা ও পরিচয়-সংকটও তাদেরকে প্রভাবিত করছে। এ অবস্থায় কেবল সমালোচনা, কঠোরতা কিংবা আবেগনির্ভর বক্তব্য দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
বরং প্রয়োজন রাসূলুল্লাহ ﷺ-এর সেই প্রজ্ঞাপূর্ণ শিক্ষাপদ্ধতির পুনর্জাগরণ, যেখানে ভালোবাসার মাধ্যমে হৃদয় জয় করা হয়, প্রতিভা আবিষ্কার করা হয়, আত্মবিশ্বাস সৃষ্টি করা হয়, উপযুক্ত দায়িত্ব অর্পণ করা হয়, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা হয়, বাস্তব আদর্শ উপস্থাপন করা হয় এবং জীবনের সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হয়।
এই নববী নীতিমালা পরিবার, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, তারবিয়াহকেন্দ্র, দাওয়াতি সংগঠন, যুবসংগঠন এবং আধুনিক যোগাযোগমাধ্যম, সর্বত্র বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ যুবসমাজকে হারিয়ে কোনো জাতি তার ভবিষ্যৎ রক্ষা করতে পারে না; আবার আদর্শবান যুবসমাজ গড়ে উঠলে একটি জাতির পুনর্জাগরণও অসম্ভব নয়।
সুতরাং, মানবজাতির ইতিহাসে রাসূলুল্লাহ ﷺ-ই সর্বশ্রেষ্ঠ মানুষ গড়ার শিক্ষক। তিনি যুবকদের কেবল কিছু নীতিকথা শিক্ষা দেননি; বরং তাদের অন্তরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলেছিলেন, তাদের ব্যক্তিত্বকে বিকশিত করেছিলেন এবং এমনভাবে গড়ে তুলেছিলেন যে, তারা পৃথিবীর ইতিহাসে এক অনন্য বিপ্লবের সূচনা করেছিল।
তাঁর শিক্ষাপদ্ধতির মূল ভিত্তি ছিল, মানসিক গ্রহণযোগ্যতা ও সহানুভূতি, প্রতিভার যথাযথ বিকাশ, ইতিবাচক উৎসাহ, সময়োপযোগী দায়িত্ব অর্পণ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, বাস্তব জীবনে আদর্শ স্থাপন এবং ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। এই নীতিগুলোর সমন্বিত প্রয়োগের ফলেই তিনি এমন এক প্রজন্ম তৈরি করেছিলেন, যারা ঈমানে অটল, চরিত্রে নির্মল, জ্ঞানে সমৃদ্ধ, নেতৃত্বে দক্ষ এবং আত্মত্যাগে অতুলনীয় ছিল।
অতএব, আজ যদি মুসলিম উম্মাহ নতুন জাগরণ, যোগ্য নেতৃত্ব এবং আদর্শবান যুবসমাজ গড়ে তুলতে চায়, তবে তাকে অবশ্যই নবীজি ﷺ-এর এই প্রজ্ঞাপূর্ণ তারবিয়াত-পদ্ধতির দিকেই ফিরে আসতে হবে। কারণ যুগ, প্রযুক্তি ও পরিবেশ পরিবর্তিত হলেও মানুষ গড়ার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি আজও সেই পদ্ধতিই, যা আল্লাহর রাসূল মুহাম্মদ ﷺ মানবজাতিকে শিক্ষা দিয়ে গেছেন। তাঁর অনুসৃত এ পথই পারে যুবসমাজকে বিভ্রান্তির অন্ধকার থেকে ঈমান, জ্ঞান, চরিত্র ও নেতৃত্বের আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করতে।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
মুসলমানদের অধঃপতনের মূল কারণ
...
ঝাড়ফুঁক-তাবীয : একটি দালীলিক বিশ্লেষণ (১ম পর্ব)
...
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
...
ইসলামই পৃথিবীর ভবিষ্যত
...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন