“কেমন আছেন” -এর উত্তরে “আল্লাহ ভালো রেখেছেন” বলার বিধান
প্রশ্নঃ ১৭১৪৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমাকে জিজ্ঞাসা করল কেমন আছেন? উত্তরে আমি বললাম আল্লাহ ভালো রাখছে রেখেছেন। কথাটা কি সহি? আর কথাটা ভুল থাকলে কেন ভুল ব্যাখ্যা সহ জানতে চাই।
২ অক্টোবর, ২০২৬
ঢাকা
০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কেউ যদি জিজ্ঞাসা করে, “কেমন আছেন?” -এর উত্তরে “আল্লাহ ভালো রেখেছেন”, “ভালো আছি” ইত্যাদি বলা শরিয়তের দৃষ্টিতে জায়েয। এ ধরনের বাক্যকে ভুল, নাজায়েয বা আকিদাগতভাবে আপত্তিকর বলার কোনো কারণ নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের কথাবার্তায় এ ধরনের প্রশ্ন ও উত্তর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
তবে উত্তরের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে “আলহামদুলিল্লাহ” বলা উত্তম। যেমন- “আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন।”
এর প্রমাণে নিম্নোক্ত হাদীসগুলো উল্লেখ করা যায়-
১. হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন-
كَيْفَ أَصْبَحْتَ يَا فُلَانُ؟
“হে অমুক! তুমি কীভাবে সকাল করলে?” অর্থাৎ তুমি কেমন আছো বা তোমার সকাল কেমন কাটল?
লোকটি উত্তরে বলল-
أَحْمَدُ اللَّهَ إِلَيْكَ يَا رَسُولَ اللَّهِ
“হে আল্লাহর রাসুল! আমি আপনার নিকট আল্লাহর প্রশংসা করছি।”
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন¬-
ذَلِكَ الَّذِي أَرَدْتُ مِنْكَ
“আমি তোমার কাছ থেকে এটাই প্রত্যাশা করেছিলাম।”
-মু’জামে আওসাত ত্ববারানি : ৪৩৭৭; হায়সামি সনদকে হাসান বলেছেন- মাজমাউয যাওয়ায়েদ ১০/১৪০, হাদীস ১৭১৫৪;। আলবানি রহ. হাদীসটিকে সহিহ বলেছেন। সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ, ৬/১০৯৭, হাদীস. ২৯৫২।
এখানে লক্ষণীয় বিষয় হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে তাঁর অবস্থার ব্যাপারে সরাসরি প্রশ্ন করেছেন এবং সাহাবিও স্বাভাবিকভাবে তাঁর অবস্থা জানিয়েছেন।
২. হযরত আনাস রা. বলেন, এক ব্যক্তি হযরত উমর রা.-কে সালাম দিলে তিনি সালামের উত্তর দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন-
كَيْفَ أَنْتَ؟
“তুমি কেমন আছো?”
লোকটি বলল-
أَحْمَدُ اللَّهَ إِلَيْكَ
“আমি আপনার নিকট আল্লাহর প্রশংসা করছি।”
হযরত উমর রা. বললেন¬-
هَذَا الَّذِي أَرَدْتُ مِنْكَ
“আমি তোমার কাছ থেকে এটাই প্রত্যাশা করেছিলাম।”
- সহীহুল আদাবিল মুফরাদ, পৃ. ৪৩৭, হাদীস. ৮৬৬; সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ, ৬/১০৯৯।
৩. হযরত আয়েশা রা. বলেন, এক বৃদ্ধা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন-
كَيْفَ أَنْتُمْ؟ كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ كُنْتُمْ بَعْدَنَا؟
“আপনারা কেমন আছেন? আপনাদের অবস্থা কেমন? আমাদের পরে কেমন ছিলেন?”
বৃদ্ধা উত্তর দিলেন-
بِخَيْرٍ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ
“আমি ভালো আছি। আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক, হে আল্লাহর রাসুল!”
পরবর্তীতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এত আন্তরিকতার কারণ ব্যাখ্যা করে বলেন, তিনি হযরত খাদিজা রা.-এর জীবদ্দশায় তাঁদের কাছে আসতেন এবং “সুসম্পর্ক ও পুরনো সম্পর্কের প্রতি যত্নশীল থাকা ঈমানের অন্তর্ভুক্ত।”
-আল-মুস্তাদরাক, হা. ৪০; সিলসিলাতুস সাহীহাহ, ১/৪২৪।
অতএব, “কেমন আছেন?”, “কেমন আছো?”, “ভালো আছি” -এগুলো স্বাভাবিক ও বৈধ কথাবার্তার অন্তর্ভুক্ত। এর মধ্যে কোনো শরিয়তবিরোধী অর্থ নেই। বরং সুন্নাহ থেকেই এর ভিত্তি পাওয়া যায়।
সুতরাং কেউ যদি “কেমন আছেন?”-এর জবাবে “আল্লাহ ভালো রেখেছেন” বলে, তাহলে তা সম্পূর্ণ সঠিক কথা। এতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ পায়। আরও সুন্দরভাবে বলা যায়- “আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন।”
তাই এ ধরনের স্বাভাবিক ও বৈধ কথাবার্তাকে অযথা ভুল, বিদআত, শিরক কিংবা কোনো বিশেষ আকিদার সঙ্গে সম্পৃক্ত করা সমীচীন নয়। কোনো বাক্য শরিয়তবিরোধী হওয়ার দাবি করতে হলে তার সুস্পষ্ট শরয়ি কারণ ও প্রমাণ থাকা আবশ্যক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন