সূফিবাদ বা তাসাউফের পরিচয় এবং তাবলীগের মুরুব্বিদের সঙ্গে এর সম্পৃক্ততা
প্রশ্নঃ ১৭৪১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সূফিবাদী সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এটি কি হক নাকি বাতিল, তাবলীগ জামায়াত কি সূফিবাদীর সাথে সম্পর্কিত? হযরত মাওলানা ইলিয়াস দেহলভী রাহ ও হযরতজী মাওলানা মুহাম্মাদ ইউসুফ কান্ধলভী রাহ. কি সূফি ছিলেন?
১৯ নভেম্বর, ২০২৬
Dhaka
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. তাসাউফ তথা অন্তরের পরিশুদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়; অর্থাৎ অন্তরকে খারাপ স্বভাব—যেমন অহংকার, রিয়া, হিংসা, দুনিয়াপ্রীতি ইত্যাদি—থেকে মুক্ত করে ভালো গুণ তথা ইখলাস, সবর, শুকর, তাওয়াক্কুল ইত্যাদি গুণে সাজানোর সাধনা বা চেষ্টা করা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
অর্থ: নিশ্চয়ই সে সফল হয়েছে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।
[সুরা আশ-শামস, আয়াত নং: ৯–১০]
অন্য আয়াতে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ ﷺ-এর অন্যতম দায়িত্ব সম্পর্কে বলেন,
وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
অর্থ: তিনি তাদের আত্মশুদ্ধি করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন।
[সুরা আল-জুমুআ, আয়াত নং: ২]
হাদীসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ. أَلَا وَهِيَ الْقَلْبُ
অর্থ: জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হলো কলব।
[সহীহ বুখারী, হাদীস নং: ৫২]
(হাদীসের লিংক: https://muslimbangla.com/hadith/50)
অপর এক হাদীসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ وَلَا إِلَى صُوَرِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَشَارَ بِأَصَابِعِهِ إِلَى صَدْرِهِ
অর্থ: "নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও বাহ্যিক আকৃতির প্রতি দৃষ্টি দেন না, বরং তিনি তোমাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন।" আর তিনি তাঁর আঙুলের দ্বারা নিজের বুকের দিকে ইশারা করেন।
[সহীহ মুসলিম, হাদীস নং: ২৫৬৪]
(হাদীসের লিংক: https://muslimbangla.com/hadith/13359)
কুরআন-হাদীসের এসব দলিল থেকে বোঝা যায়, তাসাউফ বা আত্মশুদ্ধি তথা অন্তরের সংশোধন করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। সুতরাং তাসাউফের এই মৌলিক উদ্দেশ্যকে অস্বীকার করার সুযোগ নেই।
তবে বর্তমানে তাসাউফের নামে কুরআন-সুন্নাহর পরিপন্থি আকিদা-বিশ্বাস, শিরক, বিদআত কিংবা শরিয়তবিরোধী কাজ করা হয়, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে অদৃশ্যের ইলম সম্পর্কে জ্ঞাত মনে করা, হাজির-নাজির মনে করা, কবরপূজা, কবরে সিজদা করা, ফুল দেওয়া ইত্যাদি আমল জায়েজ নয়। এগুলো তাসাওউফও নয়। এ জাতীয় আমলকে তাসাউফ বলা তাসাউফের অপব্যাখ্যা বা ভুল প্রচার।
সুতরাং তাসাউফের নাম দেখেই সবকিছুকে হক বা বাতিল বলা ঠিক হবে না। বরং কুরআন-সুন্নাহর আলোকে তা যথাযথ কি না, তা যাচাই করতে হবে।
২. তাবলিগ জামাত মূলত তাসাউফ বা সুফিবাদী তরিকা নয়, তবে এর সঙ্গে তাসাউফের ঘনিষ্ঠ যোগসূত্র আছে। বরং তাবলিগ জামাত মূলত দ্বীনের দাওয়াত ও ইসলাহের আন্দোলন, যার লক্ষ্য সাধারণ মুসলমানকে দ্বীনের ওপর আনার চেষ্টা করা; নামাজ, ইলম, জিকির ইত্যাদি শিক্ষা দেওয়া।
৩. হযরত মাওলানা ইলিয়াস দেহলভী (রহ.) ও হযরতজি মাওলানা মুহাম্মাদ ইউসুফ কান্ধলভি (রহ.) উভয়েই তাসাউফের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁরা তাবলিগের পাশাপাশি তাসাউফের মেহনত করেছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন