বন্ধকি জমিতে ভাড়া চুক্তির বিধান
প্রশ্নঃ ১৭৪৪৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামানতদাতা (ঋণগ্রহীতা/জমির মালিক): নাম: মোঃ আব্দুর রহমান
পিতা: মোঃ বাবর আলী
গ্রাম: ...... ডাকঘর: ........ উপজেলা: ..... জেলা: .....
জামানতগ্রহীতা (ঋণদাতা): নাম: মোঃ উমর ফারুক
পিতা: মোঃ আক্কাস আলী গ্রাম: ..... ডাকঘর: ... উপজেলা: .... জেলা: .....
জামানতনামা আমি, জামানতদাতা, মোঃ আব্দুর রহমান জামানতগ্রহীতা মোঃ উমর ফারুক এর নিকট হতে নগদ ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র ধার গ্রহণ করিলাম। এই টাকার জামানত স্বরূপ আমি আমার নিজস্ব খরিদসূত্রে প্রাপ্ত নিম্নলিখিত জমি জামানত রাখিলাম:
খতিয়ান নং:১০৫০ দাগ নং:....
জমির পরিমাণ: ৩০শতাংশ
মৌজা: .... উপজেলা: ..... জেলা: ....
এই জমি শুধুমাত্র ঋণের জামানত হিসেবে রাখা হলো। যেদিন আমি ধার নেওয়া টাকা ফেরত দিব, সেদিন থেকে এই জামানতনামা বাতিল বলে গণ্য হবে এবং সাক্ষীর মাধ্যমে জমি আবার আমার অধিকারে ফিরে আসবে।
জামানতদাতা (ঋণগ্রহীতা) স্বাক্ষর: ........
জামানতগ্রহীতা (ঋণদাতা) স্বাক্ষর: .......
সাক্ষীগণ: ১/....... ২/...... ৩/......
ইজারা নামা (ভাড়া চুক্তি) উপরিউক্ত জমি আমি (জামানতদাতা) মোঃ আব্দুর রহমান পৃথকভাবে ভাড়ার চুক্তি অনুযায়ী (জামানতগ্রহীতা) মোঃ উমর ফারুক এর নিকট হস্তান্তর করলাম। ভাড়ার পরিমাণ হলো প্রতি সিজনে ১০০০ (এক হাজার) টাকা মাত্র করে। জামানতগ্রহীতা মোঃ উমর ফারুক এই জমি সে চাষাবাদ/ব্যবহার করতে পারবেন এবং এর বিনিময়ে উপরিউক্ত ভাড়া আমাকে পরিশোধ করবেন। ভাড়ার টাকা ও ঋণের টাকা সম্পূর্ণ আলাদা থাকবে। কোনো অবস্থাতেই ভাড়ার টাকা ঋণের অংশ হিসেবে ধরা হবেনা। উক্ত জমি ভাড়ার চুক্তি বাতিল হলে ভাড়া পরিশোধ সাপেক্ষে সাক্ষীর মাধ্যমে জমি আমি ফেরত নিতে পারবো। জামানতনামা আর ইজারা নামা (ভাড়া চুক্তি) দুইটি আলাদা আলাদা চুক্তি একটির সাথে আরেকটির কোন শর্তযুক্ত নেই। ভাড়াদাতা স্বাক্ষর: ..... ভাড়াটিয়া স্বাক্ষর: .... সাক্ষীগণ: ১/..... ২/..... ৩/......
২২ নভেম্বর, ২০২৬
শ্রীপুর
৫৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনার দেওয়া জামানতনামা ও ইজার নামাটি দেখে বোঝা যাচ্ছে, এখানে ১,৭০,০০০ টাকা ঋণের বিপরীতে ৩০ শতাংশ জমি জামানত রাখা হচ্ছে। পাশাপাশি ঋণদাতা ওই জমি চাষাবাদ বা ব্যবহারের জন্য পৃথক ভাড়া চুক্তি করছেন এবং প্রতি সিজনে ১,০০০ টাকা ভাড়া দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মূলত এই পদ্ধতি অবলম্বন করে আপনা এটাকে বন্ধকি বস্তুর ব্যবহার নয়; এটা বুঝাতে চাচ্ছেন। কিন্তু বাহ্যত দৃষ্টিতে আপনাদের বন্ধকের চুক্তিতে শরীয়তসম্মত মনে হলেও বাস্তবে তাতে একটি বড় সমস্যা আছে। যার ফলে দুইটি চুক্তি পত্র হলেও আপনাদের লেনদেনটি শরীয়তসম্মত জায়েজ হয়নি। বরং সুদ থেকে বাঁচার নাম করে সুদেরই ভিন্ন একটি রূপ আপনারা গ্রহন করেছেন।
তা হলো, ঋণদাতামূলত ঋণ দেওয়ার কারণেই জমিটি ভোগ করার সুযোগ পাচ্ছেন। পৃথক ইজারা নামা তৈরি করলেও বাস্তবে ঋণের সঙ্গে জমির ভোগদখলের সুবিধাটি যুক্ত হয়ে যাচ্ছে। যা সম্পূর্ণ সুদ। কেননা আপনাদের এলাকায় কি ওই ৩০ শতাংশ জমির বাৎসরিক/সিজনাল ভাড়া মাত্র এক হাজার টাকা? নিশ্চয়ই নয়। আপনি হয়তো বলতে পারেন; যে, ভাড়া বেশি হলেও আমি স্বেচ্ছায় আমার জমি কম ভাড়ায় দিচ্ছি।
হ্যাঁ, আপনি আপনার জমি কাউকে ফ্রিতেও ব্যবহার করতে দিতে পারেন; শরীয়ত সেখানে বাঁধা দিবে না; কিন্তু আপনাকে ১,৭০,০০০ (একলক্ষ সত্তর হাজার) টাকা না দিলে কি আপনি ওই জমি ১০০০/- টাকায় ভাড়া দিতেন? নিশ্চয়ই নয়!
বাস্তবতা হচ্ছে, ১,৭০,০০০ টাকার সুবিধার বিনিময়েই আপনি টাকা দাতার কাছে ১০০০ হাজার টাকায় জমিটির ভাড়ার চুক্তি করেছেন। শরীয়তের বিধান মনে এটাই সুদ। মুসান্নাফে আবদুর রাযযাক-এর এক বর্ণনায় এসেছে, ইবনে সীরীন রাহ. বলেন, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর নিকট এসে বললেন, এক লোক আমার নিকট একটি ঘোড়া বন্ধক রেখেছে, অতঃপর আমি তাতে আরোহণ করেছি। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বললেন-
مَا أَصَبْتَ مِنْ ظَهْرِهَا فَهُوَ رِبًا.
তুমি উক্ত ঘোড়ার উপর যে পরিমাণ আরোহণ করেছ তা সুদ হয়েছে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৫০৭১)
বন্ধক রাখতে হবে ঋণের সিকিউরিটিসরূপ। সেখান থেকে লাভবান হওয়ার জন্য নয়। কাজেই ঋণের বিনিময়ে জমি বন্ধক রাখার পর ঋণদাতার জন্য উক্ত জমি থেকে উপকৃত হওয়া (প্রশ্নোক্ত কৌশলেও) জয়েয নেই।
আল্লাহ তাআলা বলেন—
وَإِنْ كُنْتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضَةٌ
অর্থ: আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তাহলে হস্তগত জামানত রাখা যেতে পারে। (সুরা আল-বাকারা, ২:২৮৩)
وفي الدر المختار مع حاشية ابن عابدين (رد المحتار) (5/ 166) وفي الأشباه كل قرض جر نفعا حرام فكره للمرتهن سكنى المرهونة بإذن الراهن.
সুতরাং, জমিটি যদি স্বাভাবিক বাজারমূল্যের তুলনায় কম ভাড়ায় দেওয়া হয়, অথবা ঋণ দেওয়ার কারণেই ঋণদাতা এই জমি ভাড়া নেওয়ার সুযোগ পান, তাহলে এ ব্যবস্থা নাজায়েজ হবে।
দুটি পদ্ধতি অবলম্বন করলে বন্ধকের চুক্তিটি বৈধ হবে।
তবে বিষয় দুটি সম্পূর্ণ পৃথক রাখতে হবে।
এক. ঋণদাতা ১,৭০,০০০ টাকা ঋণ দেবেন এবং ঋণের নিরাপত্তা হিসেবে ৩০ শতাংশ জমি জামানত রাখবেন। ঋণ পরিশোধের আগ পর্যন্ত তিনি জমিটি ব্যবহার করতে পারবেন না।
দুই. জমির মালিক চাইলে অন্য কোনো ব্যক্তির কাছে জমিটি ভাড়া দিতে পারবেন। তবে ঋণদাতাকে ভাড়া দিতে হলে সেটি ঋণের শর্ত বা সুবিধার সঙ্গে কোনোভাবেই যুক্ত করা যাবে না। ভাড়া হতে হবে স্বাভাবিক বাজারমূল্য অনুযায়ী এবং ঋণের কারণে কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন