সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত অলংকার ব্যবহার করা কি জায়েয?
প্রশ্নঃ ১৭৪০১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Van cleef clover, এটা একটা জুয়েলারি এর নাম,এতা কে বিধরমি রা গুড লাক হিশেবে মেনে পরে,তাদের আকিদা হলো এতা ভালো ভাগ্য নিয়ে আশে,নাউযুবিল্লাহ,এখন এটা নরমাল হিসেবে কি এতা পরা যাবে???এই আকিদা না মেনে???
১৬ নভেম্বর, ২০২৬
Dhaka
১.৯ হাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামের মৌলিক আকিদা হলো, ভালো-মন্দ, লাভ-ক্ষতি, কল্যাণ-অকল্যাণ এবং ভাগ্য নির্ধারণের একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোনো বস্তু নিজে নিজে সৌভাগ্য বয়ে আনতে পারে কিংবা দুর্ভাগ্য দূর করতে পারে- এমন বিশ্বাস ইসলামী আকিদার পরিপন্থী। অনুরূপভাবে কোনো বস্তুকে এ ধরনের সৌভাগ্য বা কল্যাণ লাভের মাধ্যম মনে করাও শরিয়তে বৈধ নয়। এটি নিছক কুসংস্কারও বটে।
প্রশ্নে উল্লিখিত Van Cleef Clover-এর নকশাটি যদি বাস্তবেই অমুসলিমদের মধ্যে সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত ও ব্যবহৃত হয়ে থাকে, তাহলে একজন মুসলমানের জন্য তা ব্যবহার থেকে বিরত থাকা আবশ্যক। কেননা, এতে অমুসলিমদের বিশেষ বিশ্বাস ও সংস্কৃতির অনুসরণের আশঙ্কা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ -সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১
তাছাড়া কেউ কোনো বিশ্বাস ছাড়াই কেবল সৌন্দর্যের উদ্দেশ্যে এটি ব্যবহার করলেও তা পরিহার করাই উচিত। কেননা, মানুষ স্বভাবতই দুর্বলচিত্তের অধিকারী। পরবর্তীতে এটি ব্যবহারের পর জীবনে কোনো ভালো ঘটনা ঘটলে শয়তান তার মনে এই কুমন্ত্রণা দিতে পারে যে, হয়তো এ অলংকারটির কারণেই এমনটি হয়েছে। অথচ ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এভাবে ধীরে ধীরে মানুষের মনে কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের জন্ম নিতে পারে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ
‘যে বিষয়ে তোমার মনে সন্দেহ সৃষ্টি হয়, তা ছেড়ে দিয়ে এমন বিষয় গ্রহণ করো, যাতে কোনো সন্দেহ নেই।’ -জামে তিরমিজি, হাদিস: ২৫১৮
সুতরাং প্রশ্নোক্ত অলংকারটি ব্যবহার না করাই একজন মুসলমানের জন্য অধিক নিরাপদ ও সতর্কতাপূর্ণ। সৌন্দর্য ও সাজসজ্জার জন্য এর বিকল্প অনেক কিছুই রয়েছে। তাই এটি পরিহার করাই বাঞ্ছনীয়।
আল্লাহ তাআলা আমাদের ঈমান-আকিদার হেফাজত করুন এবং সব ধরনের কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন