প্রচলিত টুকটাক গুনাহে বৈধ মনে করে জড়িয়ে যাওয়ার কারণে ঈমান হারা হবে?
প্রশ্নঃ ১৭৩৫৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছলামুআলাইকুম ৱা ৰহমাতুল্লাহ,
প্রশ্ন: ছোটখাটো বিষয়কে গুনাহ মনে না করে ব্যবহার করার কারণে ঈমানের ওপর কোনো প্রভাব পড়ে কি?
প্রেক্ষাপট: গ্রামীণ পরিবেশে অভ্যাসবশত বা ছোটখাটো বিষয় ভেবে অনেকে না বলে অন্যের সামান্য জিনিস ব্যবহার করে থাকে। যেমন—
অন্যের জায়গা দিয়ে তাকে না বলে যাতায়াত করা। অন্যের গাছ থেকে ডাল ভেঙে দাঁতন করা। না বলে পুকুরে গোসল করা। রাস্তায় পড়ে থাকা দড়ি বা বোতল ব্যবহার করা কিংবা কারো চিরুনি ব্যবহার করা। মোবাইলে বা টিভিতে সাধারণ কমেডি ভিডিও দেখা কিংবা এমন ভিডিও দেখা যাতে কোনো অশ্লীলতা নেই। টিভিতে বা মাঠে ক্রিকেট-ফুটবল খেলা দেখা, কিংবা ছোটবেলায় বাজি বা জুয়া লাগিয়ে ক্রিকেট খেলা। যিনি এই কাজগুলো করতেন, তিনি মনেপ্রাণে জানেন যে চুরি করা হারাম এবং জুয়া খেলাও হারাম। কিন্তু তখন তিনি এই কাজগুলোকে কোনো গুনাহ বা অপরাধ মনে না করেই করতেন (অর্থাৎ অজ্ঞতাবশত বা সামাজিক প্রথার কারণে সেগুলোকে বড় কিছু মনে করতেন না বা ওই মুহূর্তে ওভাবে ভাবেননি)। বর্তমানে তিনি তীব্র ওসিডি (OCD) বা ওয়াসওয়াসার রোগে ভুগছেন।
সম্প্রতি তিনি একটি মাসআলা শুনেছেন যে— "হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায়।" এই কথা শোনার পর থেকে তাঁর মনে তীব্র সন্দেহ তৈরি হয়েছে যে, যেহেতু তিনি অতীতে এই বিষয়গুলোকে কোনো গুনাহ মনে না করেই করতেন, তাই তাঁর ঈমান চলে গেছে কি না?
সুনির্দিষ্ট জিজ্ঞাসা:
১. কোনো বিষয়কে অপরাধ বা গুনাহ না ভেবে তা করা কি "হারামকে হালাল মনে করার" অন্তর্ভুক্ত, যা ঈমানের জন্য হুমকিস্বরূপ? অথচ তিনি মূলনীতি হিসেবে চুরি বা জুয়াকে হারাম বলেই বিশ্বাস করেন।
২. ওসিডির প্রভাবে তৈরি হওয়া এই ধরনের সন্দেহ ও ওয়াসওয়াসার কারণে কি ব্যক্তির ঈমানের কোনো ক্ষতি হবে? এ থেকে উত্তরণের উপায় কী?
১ নভেম্বর, ২০২৬
Tamil Nadu ৬০০০৪৫
১.৮ হাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা বান্দার জন্য যে সব বিষয় হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে বিশ্বাস করে কেউ যদি গুনাহ হবে জেনেও শাস্তির ভয় থাকা সত্ত্বেও ওই বিষয়গুলোকে গ্রহণ করে, এতে সে গুনাহগার হবে। কিন্তু ঈমানহারা হবে না ইনশাআল্লাহ। যেমন চুরি, যিনা, মদ খাওয়া ইত্যাদিকে গুনাহ বিশ্বাস করে, শাস্তির মুখোমুখি হবে জেনেও যদি চুরি করে, জিনা করে, মদ খায়, এতে তার গুনাহ হবে। কিন্তু ঈমান হারা হবে না।
বিশিষ্ট মুহাদ্দিস ও ফকীহ মোল্লা আলী কারী রহিমাহুল্লাহ লেখেন-
ولا نكفر مسلما بذنب من الذنوب وإن كانت كبيرة إذا لم يستحلها، ولا نزيل عنه اسم الإيمان، ونسميه مؤمنا حقيقة، ويجوز أن يكون مؤمنا فاسقا غير كافر.
অর্থ : আমরা কোনো মুসলমানকে তার কোনো গুনাহের কারণে কাফির বলি না, যদিও তা কবিরা গুনাহ হয়, যতক্ষণ সে সেটাকে হালাল মনে না করে। তার থেকে ঈমানের নামও সরিয়ে দিই না। বরং তাকে প্রকৃত মুমিন বলি। একজন ব্যক্তি মুমিন ও ফাসিক হতে পারে, কিন্তু কাফির নয়।
—শরহু ফিকহিল আকবার ১১৭ (মোল্লা আলী কারী)
কোন জিনিস না জানা, আর জেনেশুনে অস্বীকার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
১.
প্রশ্নের বর্ণিত লোকটি রাস্তার ধারের টুকটাক জিনিসগুলোকে তার জন্য ব্যবহার বৈধ মনে করে গ্রহণ করেছে সামাজিক রীতি-নীতির কারণে, এগুলোকে অন্যায় মনে করেনি, এতে তার ঈমান হারানোর আশঙ্কা নেই। ঈমানহারা হবে যদি সর্বজন স্বীকৃত সুস্পষ্ট কোন হারামকে হালাল বলে বিশ্বাস করে। অথবা কোন হালালকে হারাম বলে বিশ্বাস করে। ধর্মীয় শিক্ষা না থাকায় অথবা সামাজিকভাবে কিছু গুনাহ ব্যাপক প্রচলিত থাকায় সাধারণ মানুষ সেটাকে গুনাহ মনে করে না। এটা তার মূর্খতা এবং অন্ধত্ব। কুফুরী নয়।
প্রশ্নে উল্লেখিত লোকটি অকাট্য গুনাহগুলোকে গুনাহ বলে বিশ্বাস করতো। প্রচলিত গুনাহগুলোতে না জেনে জড়িয়ে পড়েছিল। এতে লোকটি ঈমানহারা হবে না।
আল্লামা মোল্লা আলী ক্বারী রহিমাহুল্লাহ লেখেন-
إن استحلال المعصية صغيرة أو كبيرة كفر إذا ثبت كونها معصية بدلالة قطعية وكذا الاستهانة بها كفر، بأن يعدها هينة سهلة، ويرتكبها من غير مبالاة بها، ويجريها مجرى المباحات في ارتكابها.
–শরহু ফিকহিল আকবার পৃষ্ঠা ১২৬ (মোল্লা আলী কারী)
২.
ওসিডি তথা ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়ে লোকটি ঈমান হারা হবে না। এই ওয়াসওয়াসা রোগ থেকে উত্তরণের জন্য প্রিয় নবী মুহাম্মাদ ﷺ এর শেখানো একটি দুআ খুবই ফলপ্রসূ।
اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي.
হে আল্লাহ! আমার অন্তরে হিদায়াত ঢেলে দিন আর আমাকে পানাহ দিন আমার নফসের অনিষ্ট থেকে।
–জামে তিরমিযী ৩৪৮৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন