রক্ত দিয়ে তাবিজ লেখার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭১১৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ভাই অনেক অসুস্থ। ওকে দুইটা খারাপ জীনের চালান দেওয়া হয়েছে। এখন একজন বিজ্ঞ হুজুরের কাছে নিয়ে গেলাম,সে বলছেন একটা সাদা মুরগী জবাই করে তার রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে ও তামার পাতে তাবিজ লিখতে হবে এবং এগুলো ওর সঙ্গে রাখতে হবে । এটা কী জায়েজ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঝাড়ফুঁক বা তাবিজের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে। তবে এর শর্ত হলো, তাতে কোনো ধরনের শিরক ও কোরআন-সুন্নাহর পরিপন্থী কোনো বিষয় থাকতে পারবে না।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ، لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ
অর্থ : তোমাদের ঝাড়ফুঁকগুলো আমার সামনে পেশ করো। ঝাড়ফুঁক করতে কোনো সমস্যা নেই, যতক্ষণ না তাতে কোনো শিরকী বিষয় থাকে।
[সহীহ মুসলিম, হাদিস: ২২০০]
(হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/12593)
কিন্তু প্রশ্নবর্ণিত পদ্ধতিতে মুরগির রক্ত দিয়ে তাবিজ লেখার কথা বলা হয়েছে, আর মুরগির প্রবাহিত রক্ত নাপাক ও হারাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন:
إِلَّا أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ
অর্থ : তবে যদি তা মৃত জন্তু বা বহমান রক্ত কিংবা শূকরের গোশত হয় (তা হারাম), কেননা তা নাপাক।
[সূরা আল-আনআম, আয়াত: ১৪৫]
সুতরাং, নাপাক রক্ত দিয়ে কোরআনের আয়াত লেখা জায়েজ নয়; এটি কোরআনুল কারীমের সম্মানের সম্পূর্ণ পরিপন্থী। আর যদি কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো দোয়াও হয়, তবুও তা নাপাক জিনিস দিয়ে লিখে নিজের কাছে রাখা উচিত নয়।
ইমাম বুখারি (রহ.) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন:
إِنَّ اللَّهَ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ
অর্থ : নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শিফা এমন বস্তুতে রাখেননি, যা তিনি তোমাদের ওপর হারাম করেছেন।
(সহীহ বুখারি)
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/5212
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ ﷺ আরও ইরশাদ করেছেন:
إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ
অর্থ : মহান আল্লাহ রোগ এবং ওষুধ নাজিল করেছেন এবং প্রত্যেক রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন। তাই তোমরা চিকিৎসা গ্রহণ করো, তবে হারাম জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ কোরো না।
[সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৪]
(হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/18177)
যেহেতু বর্ণিত পদ্ধতিতে নাপাক বস্তুর সংমিশ্রণ রয়েছে, তাই এই তাবিজের শরীয়তসম্মত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এ জাতীয় তাবিজ ব্যবহার করা থেকে বিরত থাকা আবশ্যক।
আপনার ভাইকে শরীয়াত সম্মত পদ্ধতিতে রুকইয়াহ করান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন।
দুআ করি আল্লাহ তাআলা আপনার ভাই দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন