বার্ধক্য ও অসহায়ত্বের সময়ে সঞ্চয়পত্র বা এফডিআরের সুদ গ্রহণ করা কি বৈধ হবে?
প্রশ্নঃ ১৭৪৪৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল বাংলাদেশ সুদভিত্তিক দেশ আর সৌদি আরব যাকাতভিত্তিক দেশ সেক্ষেত্রে কোন চাকরিজীবী যখন তার ৬০ বছর পূর্ণ হয় সেই অবসরে চলে যায় তখন তার কোন ব্যবসা-বাণিজ্য ও কাজ করার শক্তি থাকে না এবং এমন কি তার কোন উপযুক্ত ছেলেমেয়ে নাই যে তাকে কামায় রুজি করে খাওয়াবে, সেক্ষেত্রে যদি পেনশনের কিছু টাকা সঞ্চয়পত্র ও এফডিআর করে তার সুদ ভোগ করলে, এক্ষেত্রে ইসলাম কি বলে? জায়েজ কিনা?
২৪ নভেম্বর, ২০২৬
বসুরহাট ৩৮৫০
৫৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অবসরপ্রাপ্ত ব্যক্তি অসহায়, উপার্জনে অক্ষম এবং উপযুক্ত উপার্জনক্ষম সন্তান না থাকলেও প্রচলিত সুদভিত্তিক সঞ্চয়পত্র বা ব্যাংকের এফডিআর থেকে প্রাপ্ত সুদ সাধারণ অবস্থায় তার জন্য ভোগ করা জায়েজ হবে না। সুদ হারাম হওয়ার বিধান ধনী-গরিব, কর্মক্ষম-অক্ষম সবার জন্যই প্রযোজ্য।
সুদ হারাম হওয়ার ব্যাপারে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
অর্থ : আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
[সূরা বাকারা, আয়াত নং : ২৭৫]
অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ
অর্থ : হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি না ছাড়ো, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও।" [সূরা বাকারা, আয়াত নং : ২৭৮-২৭৯]
হাদীসে সুদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ ﷺ লানত করেছেন। হাদীসে এসেছে,
لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
অর্থ : হযরত জাবির (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও এর দুই সাক্ষীর ওপর লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান।
[সহীহ মুসলিম, হাদীস নং ১৫৯৮]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/10997)
অতএব প্রচলিত সুদভিত্তিক সঞ্চয়পত্র কিংবা ব্যাংকের এফডিআরে মূল টাকার ওপর যে অতিরিক্ত টাকা দেওয়া হয়, তা সুদ। তাই তা গ্রহণ করা জায়েয হবে না।
বার্ধক্য, অক্ষমতা, উপার্জনে অক্ষম অসহায় ব্যক্তি কি সুদ ভোগ করতে পারবেন?
প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদি ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করেন, তাঁর উপার্জনের সামর্থ্য না থাকে এবং ভরণপোষণের জন্য উপযুক্ত সন্তানও না থাকে, তাহলে তাঁর কষ্ট ও অসহায়ত্ব অবশ্যই একটি কষ্টকর পরিস্থিতি। তবে শুধু অবসরপ্রাপ্ত হওয়া, কাজ করতে না পারা কিংবা উপার্জনক্ষম সন্তান না থাকায় সুদ তার জন্য হালাল হয়ে যাবে না। বরং এক্ষেত্রে তার করণীয় হলো,
১. সম্ভব হলে পেনশনের টাকা এমন কোনো শরিয়তসম্মত ব্যবসা বা বিনিয়োগে রাখা, যেখানে ব্যবসায়িক মুনাফা অর্জিত হবে। নির্দিষ্ট কোনো সুদ নয়।
২. অন্যথায় পেনশনের মূল টাকাই নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করতে থাকবে।
৩. নিজের ভরণপোষণের জন্য প্রয়োজন হলে আত্মীয়স্বজন, সমাজের সামর্থ্যবান ব্যক্তির সাহায্য সহায়তা বা সরকারি সহায়তা/ভাতা গ্রহণের ব্যবস্থা করতে পারেন।
৪. তার সঞ্চয়ে থাকা টাকা বা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যাকাতের নেসাবের থেকে কম হলে বা খরচ করতে করতে নেসাব থেকে কমে গেলে তখন তিনি যাকাত গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে যাকাত গ্রহণ করবেন তারপরেও সুদ গ্রহণ করা যাবে না।
এ জাতীয় কোনোভাবে ভরণপোষণের ব্যবস্থা করা সম্ভব হলে সেভাবেই ভরণপোষণের ব্যবস্থা করতে হবে। তারপরেও সুদ গ্রহণ করা যাবে না।
যদি তার একেবারেই কোনো ব্যবস্থা না থাকে?
যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় পৌঁছান যে, ভরণপোষণের ও চিকিৎসার প্রয়োজন মেটানোর কোনো বৈধ ব্যবস্থা নেই, তাহলে সেটি সাধারণ আর্থিক অসচ্ছলতার চেয়ে ভিন্ন বিষয়। পরিস্থিতি এমন হয়ে যায় যে, সুদ বা হারাম গ্রহণ না করলে জীবন নাশের আশঙ্কা রয়েছে। শরীয়তে এমন চরম বাধ্যবাধকতার ক্ষেত্রে অবকাশ দেওয়া হয়েছে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ
অর্থ: কেউ যদি একেবারে নিরুপায় হয়ে পড়ে, অথচ অবাধ্যতা বা সীমালঙ্ঘনের ইচ্ছা না থাকে, তাহলে তার কোনো গুনাহ নেই।
[সুরা আল-বাকারা, আয়াত নং : ১৭৩]
তবে এ আয়াতের ভিত্তিতে অবসরপ্রাপ্ত প্রত্যেক অসহায় ব্যক্তির জন্য সুদের টাকা ভোগ করা বৈধ বলা যাবে না।
তাছাড়া যতদিন পর্যন্ত তার কাছে পেনশনের টাকা জমা আছে ততদিন পর্যন্ত তো তার কাছে রাস্তা আছে। তিনি নিরুপায় হননি। টাকা শেষ হয়ে যাওয়ার ভয়ের কারণে হারাম গ্রহণ করা বৈধ হবে না। কারণ তার হায়াত কতদিন আছে সে জানে না। সুতরাং যতদিন পর্যন্ত তার কাছে টাকা আছে ততদিন পর্যন্ত প্রয়োজনে তা থেকেই খরচ করতে হবে। টাকা শেষ হলেই তখন সে নিরুপায় হিসেবে গণ্য হবে।
ইতিমধ্যে সুদের টাকা পেয়ে থাকলে করণীয়
তিনি যদি ইতিমধ্যে সুদের টাকা পেয়ে থাকেন, তাহলে মূল টাকা নিজের কাছে রেখে অতিরিক্ত সুদের টাকা গরিব-অসহায় ব্যক্তিকে সওয়াবের নিয়তে ছাড়া হারাম সম্পদ থেকে দায়মুক্ত হওয়ার উদ্দেশ্যে সদকা করে দিয়ে দিতে হবে।
হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ রদ্দুল মুহতার-এ বলা হয়েছে
وَيَرُدُّونَهَا عَلَى أَرْبَابِهَا إنْ عَرَفُوهُمْ، وَإِلَّا تَصَدَّقُوا بِهَا لِأَنَّ سَبِيلَ الْكَسْبِ الْخَبِيثِ التَّصَدُّقُ إذَا تَعَذَّرَ الرَّدُّ عَلَى صَاحِبِهِ
অর্থ: হারাম সম্পদের মালিকদের পরিচয় জানা থাকলে তাদের কাছে ফিরিয়ে দেবে। আর পরিচয় জানা না থাকলে তা সদকা করে দেবে। কারণ, মালিককে ফিরিয়ে দেওয়া অসম্ভব বা কষ্টসাধ্য হয়ে পড়লে অবৈধ বা হারাম উপার্জনের পথ হলো তা সদকা করে দেওয়া।
[রদ্দুল মুহতার, ৬/৩৮৫]
সারকথা:
১. দেশ সুদভিত্তিক হোক বা যাকাতভিত্তিক সুদ সর্বাবস্থায় হারাম। তাই অবসরের পর সঞ্চয়পত্র বা এফডিআর-এর সুদ ভোগ করা জায়েজ নয়।
২. বার্ধক্য ও অক্ষমতার সময়ে নিজের হালাল মূলধন থেকে প্রয়োজন মেটানো, শরিয়তসম্মত হালাল বিনিয়োগের সুযোগ থাকলে বিনিয়োগ করে মুনাফা গ্রহণ করা যেতে পারে।
৩. যাকাত গ্রহণের উপযুক্ত পর্যায়ে পৌছালে প্রয়োজনে যাকাত-সদকার ইত্যাদি গ্রহণ করা যেতে পারে।
৪. কারও জীবনে যদি এমন চরম অসহায়ত্ব নেমে আসে যেখানে জীবনধারণের আর কোনো হালাল উপায়ই বাকি থাকে না, এমন পরিস্থিতিতে হারাম গ্রহণের অবকাশ আছে। তবে পরিস্থিতি সে পর্যায়ে হয়েছে কিনা তা একজন নির্ভরযোগ্য মুফতির কাছে পেশ করে জেনে নেওয়া উচিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বার্ধক্য ও জীবনের প্রতিটি পর্যায়ে সম্মানজনক হালাল রিজিক, ইজ্জত, সুস্থতা এবং শরিয়তের ওপর অবিচল থাকার তাওফীক দান করুন, আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন