পিতা-মাতার সুদের টাকায় কেনা খাবারের ব্যাপারে সন্তানের জন্য শরয়ী দিকনির্দেশনা
প্রশ্নঃ ১৭৩৫৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিবারের কোনো সদস্য(মা) যদি ব্যক্তিগত ভাবে সুদের টাকায় কোনো খাবার আনে, সন্তান রা সে খাবারের মূল্যের সমপরিমাণ(হালাল) টাকা যদি পুনরায় মা কে(খাবারের মূল্য দিচ্ছে এ নিয়তে) ফেরত দিয়ে দেয়, তাহলে উক্ত খাবার কি হালাল উপার্জনের হিসেবে গন্য হবে?/যে পরিবারে থেকেও হালাল খাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, সে কি এ খাবার খেতে পারবে? অনুগ্ৰহ করে জানাবেন, জাযাকাল্লাহ।
২৪ নভেম্বর, ২০২৬
পদুয়ার বাজার বিশ্ব রোড
৬০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদের লেনদেন শরিয়তে সম্পূর্ণ হারাম।
পবিত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَأَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
অর্থ: অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
[সুরা আল-বাকারা, আয়াত নং: ২৭৫]
অন্য আয়াতে সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللّٰهِ وَرَسُولِهِ
অর্থ: হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অতঃপর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও।
[সুরা আল-বাকারা, আয়াত নং: ২৭৮-২৭৯]
সুতরাং, প্রথমত, আপনার মাকে খুব শ্রদ্ধা ও আদবের সাথে বুঝিয়ে সুদ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। যাতে তিনিও সুদের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে যান। তিনি যেন সুদের লেনদেন থেকে আন্তরিকভাবে তওবা করেন এবং ভবিষ্যতে এ ধরনের লেনদেনে জড়িত না হওয়ার দৃঢ় সংকল্প করেন। তাকে বুঝিয়ে সুদের মাধ্যমে পাওয়া সম্পদ থেকে দায়মুক্ত হতে উদ্বুদ্ধ করুন। তাঁর কাছে সুদের টাকা থেকে থাকলে তাঁর ব্যক্তিগত প্রয়োজনে, যেমন খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদ কিংবা অন্য কোনো কাজে ব্যয় করা থেকে বিরত থাকা তাঁর জন্যও আবশ্যক।
সুদের অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা হয়ে থাকলে এবং তা ফেরত দেওয়া সম্ভব হলে প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। আর প্রকৃত মালিক জানা না থাকলে বা তাঁর কাছে ফেরত দেওয়া সম্ভব না হলে, শরিয়তের নির্দেশনা অনুযায়ী সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকিন বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে তা থেকে দায়মুক্ত হতে হবে।
প্রশ্নোক্ত মাসআলার হুকুম:
যদি কোনোভাবে মাকে সুদ থেকে ফিরিয়ে আনা সম্ভব না হয় এবং একান্ত বাধ্য হয়ে মায়ের সুদের টাকা দিয়ে কেনা হালাল খাবার খেতে হয়, সেক্ষেত্রে সন্তানরা যদি সেই খাবারের সমপরিমাণ হালাল টাকা মাকে মূল্য হিসেবে দিয়ে দেয় (মূল্য হিসেবে দেওয়া হচ্ছে তা জানানো আবশ্যক নয়), তখন সন্তানদের জন্য সেই খাবার খাওয়া হালাল হিসেবে গণ্য হবে এবং ওই খাবার শরিয়তের দৃষ্টিতে মায়ের কাছ থেকে ক্রয় করা হচ্ছে বলে গণ্য হবে। এর মাধ্যমে সন্তানরা সুদের গুনাহ থেকে বেঁচে যাবে এবং সুদের সম্পূর্ণ গুনাহ মায়ের ওপর বর্তাবে।
হালাল খাবারের ব্যাপারে সচেতন সন্তানের করণীয়:
১. সন্তানদের উচিত যথাসাধ্য হালাল খাবার গ্রহণের চেষ্টা করা।
২. মাকে অত্যন্ত আদব ও কোমলতার সঙ্গে সুদের ভয়াবহতা বোঝানো এবং এ থেকে বিরত থাকার উপদেশ দেওয়া।
৩. সম্ভব হলে খাবার কেনার আগেই নিজের হালাল অর্থ দিয়ে বাজার করে দেওয়া।
৪. পরিবারের প্রয়োজনীয় খরচ ও খাবারের ব্যবস্থা নিজেদের হালাল উপার্জন থেকে যথাসম্ভব করা।
৫. একান্ত কোনো সময় নিশ্চিত সুদের টাকা দিয়ে কেনা খাবার খেতে হলে সমপরিমাণ খাবারের মূল্য মাকে দিয়ে সুদের দায় থেকে এড়িয়ে যাওয়া।
৬. এ কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার, ঝগড়া কিংবা সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকা। কারণ, হালাল-হারামের ব্যাপারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি মা-বাবার সঙ্গে সদাচরণ করাও সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আবশ্যকীয় বিষয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন