গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি, পাতা মালিকের অনুমতি ছাড়া নেওয়ার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭৩৪৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় একটি বড় কোম্পানির একটি অ("{}") آباد তالاب (পুকুর) এবং একটি আমের বাগান রয়েছে। এছাড়া خاندانی (পারিবারিক) সম্পত্তি বণ্টন সংক্রান্ত একটি মাসয়ালা রয়েছে। এ বিষয়ে শরয়ী হুকুম কী হবে, তা বিস্তারিত জানানোর জন্য বিনীত অনুরোধ করছি:
১. তালের বা পুকুরের মাছ: পুকুরের পুরোনো ইজারা (اجارہ) মেয়াদ শেষ হয়ে গেছে। পুকুরগুলো এখন খালি ও অ("{}") آباد অবস্থায় পড়ে আছে। মালিকরা অনেক ধনী এবং সচরাচর সেখানে আসেন না। এলাকার চৌকিদার ও মালিকদের বিষয়টি জানা থাকা সত্ত্বেও কেউ নিষেধ করেন না। এমতাবস্থায়, নিজের খাওয়ার মতো সীমিত পরিমাণ সেখান থেকে মাছ ধরা কি জায়েজ আছে?
২. শুকনো কাঠ ও ডালপালা: বাগান থেকে জ্বালানির জন্য গাছের শুকনো ডালপালা বা টুকরো ভেঙে আনা কেমন, বিশেষ করে যখন মালিকরা এতে কোনো নিষেধ করেন না?
৩. শুকনো পাতা: গাছের নিচে বাতাস বা প্রাকৃতিক নিয়মে ঝরে পড়া শুকনো পাতাগুলো কুড়িয়ে এনে ব্যবহার করা জায়েজ আছে কি?
৪. পড়ে যাওয়া আম: আমাদের এলাকার রواج বা প্রথা অনুযায়ী, গাছের নিচে যে আমগুলো প্রাকৃতিকভাবে পড়ে যায় (গাছ না নাড়িয়ে বা পাথরমেরে না ফেলে), তা যে কেউ উঠিয়ে নিতে পারে এবং এলাকার কেউ এতে বাধা দেয় না। মালিকদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। এভাবে পড়ে যাওয়া আম কুড়িয়ে খাওয়া কি জায়েজ?
৫. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেয়ারার গাছ: দাদা ও দাদির ইন্তেকালের পর উত্তরাধিকারীদের মাঝে জমি বণ্টন হয়ে গেছে। আমাদের পৈতৃক ঘরের ভেতর একটি পেয়ারার গাছ রয়েছে, যা বর্তমানে আমার ছোট চাচার অংশের জমির মধ্যে পড়েছে। ছোট চাচা কিংবা অন্য কোনো চাচার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই; বরং পারিবারিক প্রথা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সবাই নিজের প্রয়োজনমতো ওই গাছ থেকে পেয়ারা পেড়ে খায়। এভাবে বিনা বাধায় ও পারস্পরিক সম্মতিতে পেয়ারা পেড়ে খাওয়া শরয়ী দৃষ্টিতে কি জায়েজ?
১৫ নভেম্বর, ২০২৬
Barasat
৩.৯ হাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরিয়তে মৌলিক বিষয় হলো, অন্যের সম্পদ তার অনুমতি ছাড়া গ্রহণ করা জায়েজ নয়।
হাদিসে এসেছে,
عَنْ أَبِي حُرَّةَ الرَّقَاشِيِّ، عَنْ عَمِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ.
অর্থ: কোনো মুসলিম ব্যক্তির সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়।
[মুসনাদে আহমাদ, হাদিস: ২০৬৯৫]
তবে অনুমতি শুধু মুখে বললেই প্রযোজ্য হবে এমনটা নয়। অনেক সময় প্রচলিত রীতি, পারস্পরিক লেনদেন ও আচরণের মাধ্যমেও অনুমতি প্রমাণিত হতে পারে।
ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতি হলো,
العرف كالمشروط
অর্থ: সমাজে প্রচলিত রীতিনীতিও কেমন যেন শর্ত হিসেবে নির্ধারিত।
তবে এ মূলনীতি প্রয়োগের জন্য সংশ্লিষ্ট রীতি বাস্তবে প্রমাণিত হওয়া জরুরি। নিছক অনুমান, মালিকের অনুপস্থিতি কিংবা বাধা না দেওয়াই অনুমতির প্রমাণ নয়।
১. পুকুরের মাছ ধরা
শুধু পুকুর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা, মালিকের অনুপস্থিতি কিংবা মাছ ধরতে কেউ নিষেধ না করাকে মালিকের অনুমতি হিসেবে গণ্য করা যাবে না। কেননা পুকুরের মালিকানা এবং তাতে মাছের মালিকানা বা মাছ ধরার অধিকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায় না।
তবে মালিকপক্ষ থেকে যদি অনুমতি থাকে, তাহলে অনুমতির পরিধি অনুযায়ী মাছ ধরা জায়েজ হবে।
অতএব, প্রশ্নে বর্ণিত শুধু নীরবতা ও পুকুরের অব্যবহৃত অবস্থায় থাকার কারণে মাছ ধরা জায়েজ বলা যাবে না। মালিক বা তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যক।
২. বাগান থেকে শুকনো কাঠ ও ডালপালা সংগ্রহ
বাগানটি যেহেতু ব্যক্তিমালিকানাধীন, তাই মালিকের অনুমতি ছাড়া সেখান থেকে কাঠ বা ডালপালা সংগ্রহ করা জায়েজ নয়।
এমনকি ডালপালা শুকনো হয়ে গেলেও তা মালিকের সম্পত্তির অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশেষত গাছ থেকে ডাল ভেঙে আনা হলে তা মালিকের সম্পদে হস্তক্ষেপের অন্তর্ভুক্ত হবে।
তবে মালিকের পক্ষ থেকে যদি শুকনো ডালপালা নেওয়ার স্পষ্ট অনুমতি থাকে, তাহলে সমস্যা নেই।
আর যদি এলাকার প্রচলন এমন হয় যে, শুকনো ডালপালা কেউ নিলে কেউ কোনো আপত্তি করে না, তাহলে এটাও অনুমতি হিসেবে গণ্য হবে। অনুমতির সীমার মধ্যে শুকনো ডালপালা সংগ্রহ করার অবকাশ আছে। তবে স্পষ্ট অনুমতি নিয়ে নেওয়া ভালো।
৩. গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা সংগ্রহ
শুকনো পাতার হুকুমও শুকনো ডালপালার মতোই। মালিকের পক্ষ থেকে যদি স্পষ্ট অনুমতি থাকে বা সামাজিক রীতি অনুযায়ী যদি অনুমতি থাকে, তাহলে শুকনো পাতা সংগ্রহ করতে সমস্যা নেই। সাধারণত অধিকাংশ এলাকায় গাছতলায় পড়ে থাকা শুকনো পাতা নেওয়ার ব্যাপারে মালিকপক্ষের আপত্তি থাকে না। আর যদি অনুমতি না থাকে, তাহলে সংগ্রহ করা যাবে না।
৪. গাছ থেকে প্রাকৃতিকভাবে পড়ে যাওয়া আম কুড়িয়ে খাওয়া
আম গাছ থেকে ঝরে পড়লেও তার মালিক ওই গাছের মালিকই। এ ক্ষেত্রেও একই বিধান যে, মালিকের পক্ষ থেকে অনুমতি থাকলে তা নেওয়া যাবে, অন্যথায় নেওয়া যাবে না। তবে আপনি যেহেতু বলছেন, আমাদের এলাকার প্রচলন হলো, আমগাছ থেকে স্বাভাবিকভাবে পড়ে যাওয়া আম (গাছ না ঝাঁকিয়ে বা পাথর নিক্ষেপ করে না ফেলে) যে কেউ তা নিতে পারে, মালিকেরা তাতে কোনো আপত্তি করেন না—বাস্তবে যদি বিষয়টি এমন হয়, তাহলে এমন আম নিতে সমস্যা নেই। তারপরেও স্পষ্টভাবে অনুমতি নিয়ে নেওয়া উত্তম।
তবে এ অনুমতি শুধু কুড়িয়ে খাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ হলে, অনুমতি ছাড়া আম জমা করে নিয়ে যাওয়া বা বিক্রি করা জায়েজ হবে না।
৫. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেয়ারার গাছ থেকে পেয়ারা খাওয়া
প্রশ্নে বর্ণিত অবস্থায় পেয়ারাগাছটি যদি জমি বণ্টনের মাধ্যমে ছোট চাচার মালিকানাধীন অংশে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে মূলত গাছ ও তার ফলের মালিক আপনার ছোট চাচাই।
তিনি যদি অনুমতি দেন বা আত্মীয়স্বজনদের ওই গাছ থেকে পেয়ারা খেলে বাস্তবে তাঁর কোনো আপত্তি না থাকে, তাহলে সবার জন্য প্রয়োজন অনুযায়ী পেয়ারা পেড়ে খাওয়া জায়েজ। এক্ষেত্রে প্রত্যেকবার আলাদাভাবে অনুমতি নেওয়া আবশ্যক হবে না। তবে প্রত্যেকবার পেয়ারা পাড়ার আগে অনুমতি নিয়ে নেওয়া ভালো।
সারকথা:
অন্যের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মালিকের অনুমতি হচ্ছে মূল বিষয়। এই অনুমতি কখনো সরাসরি কথার মাধ্যমেও হতে পারে। আবার কখনো প্রচলিত রীতি ও পারস্পরিক আচরণের মাধ্যমেও হতে পারে। তবে শুধু মালিকের ধনী হওয়া, অনুপস্থিত থাকা কিংবা বাধা না দেওয়ার কারণে তা সম্পদ ব্যবহারের অনুমতি হিসেবে গণ্য হবে না।
তথ্যসূত্র:
إذا مر الرجل بالثمار في أيام الصيف وأراد أن يتناول منها والثمار ساقطة تحت الأشجار، فإن كان ذلك في المصر لايسعه التناول إلا إذا علم أن صاحبها قد أباح إما نصًّا أو دلالةً بالعادة، وإن كان في الحائط، فإن كان من الثمار التي تبقى مثل الجوز وغيره لايسعه الأخذ إلا إذا علم الإذن، وإن كان من الثمار التي لا تبقى تكلموا فيه قال الصدر الشهيد - رحمه الله تعالى- والمختار أنه لا بأس بالتناول ما لم يتبين النهي، إما صريحًا أو عادةً، كذا في المحيط. والمختار أنه لا يأكل منها ما لم يعلم أن أربابها رضوا بذلك، كذا في الغياثية.
وأما إذا كانت الثمار على الأشجار فالأفضل أن لا يأخذ من موضع ما إلا بالإذن إلا أن يكون موضعا كثير الثمار يعلم أنه لا يشق عليهم أكل ذلك فيسعه الأكل، ولا يسعه الحمل.
الفتاوى الهندية، 5/ 339 ط:دار الفكر
ولا يجوز التصرف في ملك الغير بغير إذنه
بدائع الصنائع في ترتيب الشرائع، 2/ 234
لايجوز لأحد أن يتصرف في ملك الغير بلا إذنه.
درر الحكام في شرح مجلة الأحكام، 1/ 96
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন