ব্যবসায় বিনিয়োগের বিপরীতে নির্ধারিত মুনাফা গ্রহণের বিধান
প্রশ্নঃ ১৭৩৫৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজনকে বিজনেসের জন্য 2 লাখ টাকা দিয়েছি, এই ভিত্তিতে যে, সে আমাকে লাভের 10% দিবে, কিন্তু সে আমাকে প্রতি মাসে লাখে 10 হাজার করে দিচ্ছে, মানে নির্দিষ্টি করে ফেলছে 20 হাজারে, এখন কী এই বিজনেস জায়েজ হবে? নাকি হবে না? প্লিজ মুফতি সাহেবেরে দয়া করে একটু দ্রুত উত্তর প্রদান করবেন।
২২ নভেম্বর, ২০২৬
ঢাকা
১
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুদারাবা কিংবা মুশারাকা- উভয় ধরনের ব্যবসায়িক অংশীদারিতে মুনাফা বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অঙ্ক নির্ধারণ করা বৈধ নয়। বরং ব্যবসার প্রকৃত মুনাফার একটি নির্দিষ্ট শতকরা হার নির্ধারণ করতে হবে। আর ব্যবসায় লোকসান হলে শরিয়তের বিধান অনুযায়ী তা বহন করতে হবে।
মুদারাবা হলো, যেখানে এক পক্ষ মূলধন প্রদান করে এবং অপর পক্ষ শ্রম ও পরিচালনার দায়িত্ব পালন করে। আর মুশারাকা হলো, যেখানে উভয় পক্ষ মূলধন বিনিয়োগ করে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি দুই লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করে থাকেন এবং চুক্তি অনুযায়ী প্রকৃত মুনাফার ১০% পাওয়ার কথা থাকে, তাহলে আপনার প্রাপ্য হবে ব্যবসার প্রকৃত মুনাফার ১০%। এক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট ২০ হাজার টাকা মুনাফা হিসেবে গ্রহণ করা বৈধ হবে না। কারণ, ব্যবসায় লাভ কম-বেশি হতে পারে, এমনকি কোনো মাসে লাভ নাও হতে পারে।
তবে প্রতি মাসে ২০ হাজার টাকা সাময়িকভাবে প্রদান করা হলে এবং তা চূড়ান্ত মুনাফা বণ্টন না হয়ে পরবর্তী সময়ে প্রকৃত মুনাফার হিসাবের সঙ্গে সমন্বয় করা হলে, তা বৈধ হতে পারে।
পক্ষান্তরে, যদি দুই লাখ টাকা ঋণ হিসেবে প্রদান করা হয় এবং শর্ত করা হয় যে, প্রতি মাসে এর বিনিময়ে ২০ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে, তাহলে তা সুদ হিসেবে গণ্য হবে- যা সম্পূর্ণ নাজায়েজ।
অতএব, প্রশ্নোক্ত চুক্তিতে যদি প্রতি মাসে ২০ হাজার টাকা নির্দিষ্ট মুনাফা হিসেবে দেওয়ার শর্ত থাকে, তাহলে এ পদ্ধতিতে ব্যবসা করা বৈধ হবে না। বরং প্রকৃত মুনাফার নির্ধারিত শতকরা হার অনুযায়ী মুনাফা বণ্টনের চুক্তি করতে হবে।
من المستندات الشرعية
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (7/ 514):
«(ومنها) : أن يكون الربح معلوم القدر، فإن كان مجهولا تفسد الشركة؛ لأن الربح هو المعقود عليه، وجهالته توجب فساد العقد كما في البيع والإجارة.
** مجلة الأحكام العدلية» (ص254):
«الْمَادَّةُ (1329) شَرِكَةُ الْعَقْدِ عِبَارَةٌ عَنْ عَقْدِ شَرِكَةٍ بَيْنَ اثْنَيْنِ أَوْ أَكْثَرَ عَلَى كَوْنِ رَأْسِ الْمَالِ وَالرِّبْحِ مُشْتَرَكًا بَيْنَهُمْ.»
** «مجلة الأحكام العدلية» (ص256):
«الْمَادَّةُ (1336) يُشْتَرَطُ بَيَانُ الْوَجْهِ الَّذِي سَيُقْسَمُ فِيهِ الرِّبْحُ بَيْنَ الشُّرَكَاءِ ، وَإِذَا بَقِيَ مُبْهَمًا وَمَجْهُولًا تَكُونُ الشَّرِكَةُ فَاسِدَةً.
الْمَادَّةُ (1337) يُشْتَرَطُ أَنْ تَكُونَ حِصَّةُ الرِّبْحِ الَّذِي بَيْنَ الشُّرَكَاءِ جُزْءًا شَائِعًا كَالنِّصْفِ وَالثُّلُثِ وَالرُّبْعِ فَإِذَا اُتُّفِقَ عَلَى أَنْ يَكُونَ لِأَحَدِ الشُّرَكَاءِ كَذَا دِرْهَمًا مَقْطُوعًا مِنْ الرِّبْحِ تَكُونُ الشَّرِكَةُ بَاطِلَةً.»
** «الهداية في شرح بداية المبتدي» (3/ 11):
«قال: "ولا تجوز الشركة إذا شرط لأحدهما دراهم مسماة من الربح" لأنه شرط يوجب انقطاع الشركة فعساه لا يخرج إلا قدر المسمى لأحدهما، ونظيره في المزارعة.»
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (4/ 305):
«(وشرطها) أي شركة العقد (كون المعقود عليه قابلا للوكالة) فلا تصح في مباح كاحتطاب (وعدم ما يقطعها كشرط دراهم مسماة من الربح لأحدهما) لأنه قد لا يربح غير المسمى»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন