আহলে ফাতরাহর পরিচয় ও দ্বীনের দাওয়াত না পাওয়া ব্যক্তিদের পরকালীন পরিণতি
প্রশ্নঃ ১৭৩৫৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলুল ফাতরাহ (মধ্যবর্তী সময় এর মানুষ) বা মাজুর বা অক্ষম৷ এ যুগ এ আহলুল ফাতরাহ কারা ?? পৃথিবীতে বর্তমানে ২৫% এর মুসলিম (প্রায় ২০০ কোটি)&৭৫% প্রায় (৬০০ কোটি) এর মত অমুসলিম বা নাস্তিক আছে। তাহলে ৭৫% কি ইনফিনিটি কাল এর জন্য জাহান্নামী ?? যে অমুসলিম ইসলাম সর্ম্পকে ভুল দাওয়াত পেয়েছে বা সরাসরি দাওয়াতই পায়নি তার কি হবে? এ বিষয় এ বিস্তারিত জানতে চাচ্ছি।
২৪ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ
৬৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আভিধানিক ও শরয়ী পরিভাষায় 'ফাতরাহ' অর্থ বিরতি বা মধ্যবর্তী সময়কাল, বিশেষত দুই নবীর মধ্যবর্তী সময়, যখন নতুন কোনো নবী আসেননি এবং আগের নবীর শিক্ষাও সঠিকভাবে টিকে ছিল না। যেমন ঈসা (আ.) ও মুহাম্মাদ ﷺ-এর মধ্যবর্তী সময়। ওই সময়ের মানুষদের 'আহলুল ফাতরাহ' বলা হয়।
সে হিসেবে বর্তমান যুগ 'ফাতরাহ'-এর অন্তর্ভুক্ত নয়। কেননা মুহাম্মাদ ﷺ শেষ নবী এবং তাঁর আনীত দ্বীন কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য। তাই দুই নবীর মধ্যবর্তী যুগ হওয়ার সুযোগ নেই।
তবে বর্তমান যুগেও যদি বাস্তবে কারও কাছে ইসলামের খবর না পৌঁছায় বা জানার কোনো সুযোগ না হয়, তাদের হুকুমও ওলামায়ে কেরাম আহলুল ফাতরাহর মতো হবে বলেছেন।
তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا
অর্থ: আমি কোনো রাসূল প্রেরণ না করা পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না।
(সূরা বনী ইসরাঈল ১৭:১৫)
অন্য আয়াতে বলেন,
رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ
অর্থ: আমি রাসূলদের সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যাতে রাসূলদের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাত না থাকে।
(সূরা নিসা ৪:১৬৫)
আরেক আয়াতে জাহান্নামীদের অবস্থা বর্ণনা করে বলেন,
كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ
অর্থ: যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, "হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই নাযিল করেননি।
(সূরা মুলক ৬৭:৮-৯)
এ জাতীয় আয়াত থেকে বোঝা যায়, শাস্তির ভিত্তি হলো হুজ্জত কায়েম হওয়া। আল্লাহ কারও প্রতি জুলুম করেন না।
তবে যাদের কাছে দাওয়াত পৌঁছেনি, তাদের কাছ থেকে ঈমান ও আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এ বিষয়ে আলেমদের মধ্যে মতভিন্নতা রয়েছে।
নামাজ, রোজা, যাকাত ইত্যাদি আমলের বিষয়ে সবাই একমত যে, দাওয়াত না পৌঁছলে এসব সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে না। কারণ শুধু বিবেক-বুদ্ধি দ্বারা শরীয়তের বিস্তারিত বিধান জানা সম্ভব নয়।
আল্লাহ তাআলা বলেন,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
অর্থ: আল্লাহ কারও ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। (সূরা বাকারা ২:২৮৬)
তবে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ সম্পর্কে দাওয়াত না পেলেও ঈমান আনতে হবে কি না এ বিষয়ে মতভেদ আছে।
আশআরী, আহলে কালাম এবং শাফেয়ী ফকীহদের অনেকের মত হলো, যার কাছে আল্লাহর পরিচয়ও পৌঁছেনি এবং কোনো নবীর দাওয়াতও পৌঁছেনি, তাকে ঈমান ও আমল কোনো কারণেই শাস্তি দেওয়া হবে না।
মাতুরিদী ও হানাফী আলেমদের অনেকের মত হলো, সুস্থ বিবেক ও স্বভাবজাত প্রকৃতি (ফিতরাতে সালীমা) এই মহাবিশ্বের সুশৃঙ্খল ব্যবস্থা দেখে স্রষ্টার অস্তিত্ব ও একত্ব বুঝতে সক্ষম। তাই কারও কাছে খবর না পৌঁছালেও তার দায়িত্ব হলো অনুসন্ধান করা এবং এতে কোনো অবহেলা না করা। যে সত্যিকারভাবে অনুসন্ধান করে, তাকে হেদায়াত দেওয়াই আল্লাহর নিয়ম। আল্লাহ বলেন,
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
অর্থ: যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়, আমি তাদের অবশ্যই আমার পথে পৌঁছে দেব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন।
(সূরা আনকাবূত ২৯:৬৯)
অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ
অর্থ: আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না।
(সূরা নিসা ৪:৪০)
যে ইসলামের ভুল বা বিকৃত পরিচয় পেয়েছে, তার বিষয়ে আলেমদের আলোচনা দুই দিকে। ইমাম গাযালী (রহ.) বলেছেন, যার কাছে মুহাম্মাদ ﷺ-এর নাম পৌঁছেনি, অথবা বিকৃত ও খারাপ ছবি হিসেবে পৌঁছেছে, সে ওজরগ্রস্ত। অন্যদিকে আজকের যুগে কুরআন ও ইসলামের পরিচয় সহজলভ্য। তাই যে সত্য জানার সুযোগ পেয়েও অনুসন্ধানে অবহেলা করে, তার ওযর গ্রহণযোগ্য হবে না। আর শুধু ইসলামের নাম শোনা বা ভুল কথা শোনার মাধ্যমে হুজ্জত কায়েম হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যায় না। ব্যক্তির পরিবেশ, সামর্থ্য, সত্য জানার সুযোগ এবং দাওয়াত কীভাবে পৌঁছেছে তার ওপর নির্ভর করে আল্লাহ তাআলা ইনসাফের সাথে ফয়সালা করবেন।
আমাদের ধারণামতে বর্তমান সময়ে ইসলামের দাওয়াত বা সংবাদ পৌঁছেনি এমন অঞ্চল নেই বা খুব কমই আছে। তবে যদি এমন কোনো জঙ্গল, পাহাড় বা মরুভূমি এলাকা থাকে যেখানে দ্বীন সম্পর্কে কোনো খবর পৌঁছেনি, তারা আহলুল ফাতরাহর হুকুমের অন্তর্ভুক্ত হবে।
পৃথিবীর ৭৫% অমুসলিম কি স্থায়ীভাবে (চিরকাল) জাহান্নামী?
পৃথিবীতে মুসলমান ও অমুসলিমের শতকরা হার যাই হোক, শরীয়তের মূলনীতি অনুযায়ী কোনো জনগোষ্ঠী বা শতকরা হারের ভিত্তিতে ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী বা জান্নাতী বলে ফয়সালা দেওয়া বান্দার কাজ নয়।
কাফির অবস্থায় মৃত্যু হলে চিরস্থায়ী জাহান্নাম: কুরআন-হাদীসের স্পষ্ট ঘোষণা অনুযায়ী, যে ব্যক্তি সঠিক দাওয়াত পাওয়ার পরও কুফর বা শিরকের ওপর অটল থেকে মারা যায়, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম।
আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ خَالِدِينَ فِيهَا
অর্থ: নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের ওপর আল্লাহ, ফেরেশতাগণ ও সমগ্র মানুষের লানত। তারা তাতে চিরকাল থাকবে। (সূরা বাকারা ২:১৬১-১৬২)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ
অর্থ: সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! এই উম্মতের কোনো ইহুদি বা খ্রিষ্টান আমার কথা শুনবে, অতঃপর আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মারা যাবে, সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হবে।
(সহীহ মুসলিম ১৫৩)
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/7336)
তাই অমুসলিমদের অবস্থা একরকম নয়। কেউ সঠিক দাওয়াত পেয়ে জেনেবুঝে অস্বীকার করেছে, কেউ কখনো দাওয়াত পায়নি, কেউ বিকৃত পরিচয় পেয়েছে, কেউ শিশু বা প্রতিবন্ধী। সবাইকে এক কাতারে ফেলে "সবাই চিরকাল জাহান্নামী" বলা যায় না। আবার "সবাই নিশ্চিত নাজাত পাবে" বলাও যায় না। এক্ষেত্রে নিরাপদ পথ হলো বিষয়টি আল্লাহর জ্ঞান ও ইনসাফের ওপর ছেড়ে দেওয়া।
সারকথা
১. আহলুল ফাতরাহ মূলত নবীগণের মধ্যবর্তী সময়ের মানুষ। বর্তমান যুগ ফাতরাহর যুগ নয়। তবে আজকের যুগেও কেউ যদি বাস্তবে আল্লাহ বা দ্বীন ইসলাম সম্পর্কে কোনো খবর না পায়, সে আহলুল ফাতরাহর হুকুমের অন্তর্ভুক্ত হবে।
এ জাতীয় ব্যক্তিদের ব্যাপারে আলেমদের দুটি মত রয়েছে:
আলেমদের এক জামাতের মতে, তাদের ঈমান না আনা ও আমল না করা কোনো কারণেই শাস্তি দেওয়া হবে না।
আলেমদের অন্য জামাতের মতে, আমল না করার কারণে শাস্তি দেওয়া হবে না, তবে বিবেক-বুদ্ধি দিয়ে স্রষ্টাকে বিশ্বাস করা তাদের দায়িত্ব। অন্যথায় তাদেরও জবাবদিহি করতে হবে।
২. ইসলামের ভুল বা অসম্পূর্ণ বার্তা পাওয়া ওযর হিসেবে গ্রহণযোগ্য কি না, তা নির্ভর করে ব্যক্তির সামর্থ্য ও সত্য জানার সুযোগের ওপর। যে ব্যক্তি সুযোগ পেয়েও অনুসন্ধানে অবহেলা করেছে, তার ওযর গ্রহণযোগ্য নয়। কিন্তু বাস্তবে যার সঠিক দ্বীন বোঝার কোনো উপায় ছিল না, আল্লাহ তার অবস্থা বিবেচনা করে ইনসাফের সঙ্গে ফয়সালা করবেন।
৩. কুফরের ওপর মৃত্যু হলে স্থায়ী জাহান্নামের বিধান সত্য। কিন্তু অমুসলিম জনগোষ্ঠীর কার কী পরিণতি হবে, তা নির্দিষ্ট করে বলা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো নিজের ঈমান-আমল ঠিক রাখা এবং সুন্দরভাবে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া। দুনিয়ায় অমুসলিমের সঙ্গে মুসলমানের মতো আচরণ করা হবে না (জানাযা, মীরাস, বিবাহ ইত্যাদিতে), কিন্তু আখিরাতের ফয়সালা আল্লাহর হাতে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিকমত ও সুন্দর আখলাকের সঙ্গে দ্বীনের সঠিক দাওয়াত বোঝার ও পৌঁছে দেওয়ার তাওফীক দান করুন এবং ঈমানের ওপর অবিচল রাখুন, আমীন।
তথ্যসূত্র:
کما فی تفسیر روح المعانی: روي عن أبي حنيفة رضي الله تعالى عنه أنه قال: لو لم يبعث الله تعالى رسولا لوجب على الخلق معرفته الخ(سورۃ بنی اسرائیل،الایۃ 21، ج8،38،دار الکتب العلمیۃ بیروت)۔
وفی البدائع: وأصل المسألة أن الكفار لا يخاطبون بشرائع هي: عبادات عندنا الخ(کتاب الحج،فصل شرائط فریضۃ الحج،ج2،ص120،ط: دار الکتب العلمیۃ)۔
وفی نور الانوار شرح المنار: والصحيح أنهم لا يخاطبون بأداء ما يحتمل السقوط من العبادات أي المذهب الصحيح لنا: أن الكفار لا يخاطبون بأداء العبادات التي تحتمل السقوط مثل الصلاة والصوم، فإنهما يسقطان عن أهل الإسلام بالحيض والنفاس ونحوهما؛ لقوله عليه السلام لمعاذ حين بعثه إلى اليمن: "لتأتي قوما من أهل الكتاب، فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله، فإن هم أطاعوك فأعلمهم أن الله فرض عليهم خمس صلوات في كل يوم وليلة''الحديث، فإنه تصريح بأنهم لا يكلفون بالعبادات إلا بعد الإيمان، وأما الإيمان فلما لم يحتمل السقوط من أحد لا جرم كانوا مخاطبين به اھ(مبحث الخاص،بیان موجب الامر فی حق الکفار، ج1، ص168، ط:مکتبۃ البشریٰ)۔
وفی الفقہ الاسلامی وادلتہ: وأما الزنديق: فهو الذي يظهر الإسلام، ويستسر بالكفر، وهو المنافق، كان يسمى في عصر النبي صلى الله عليه وسلم منافقاً، ويسمى اليوم زنديقاً، وهو يختلف عن المنافق في السعاية بالفساد والدعوة السرية لهدم الإسلام وتشكيك المسلمين بعقائدهم (الباب السادس المیراث،الفصل الخامس، ج10، ص7722،ط:دار الفکر)۔
امداد الفتاوی (5/404) میں ہے۔
سوال:ایک شخص مشرک ہے اور اس کے بزرگوں سے بت پرستی کا سلسلہ چلا آتا ہے، نہ اس کو خدا کا ثبوت پہنچا ،نہ کسی نبی آنے کی خبر ہوئی، نہ اس کو کسی سے ہدایت ہوئی كہ خدا ایک ہے کہ جس کی وہ عبادت کرتا اور وہ اسی حالت میں مرگیا اس کا حکم شرع میں کیا ہے؟
جواب: اس شخص کو اگر کبھی کسی اہل حق کے کہنے سے یا خود کسی خیال کے آنے سے اپنے طریقہ میں شبہ پڑا ہو اور پھر بھی تحقیق کی فکر نہ کی ہو تب تو اس پر مواخذہ ہوگا اور اگر محض خالی الذہن رہا تو علماء کا اس میں اختلاف ہے، غزالی رحمۃ اللہ وغیرہ اس کی نجات کے قائل ہیں ۔
معارف القرآن ،مولانا ادریس کاندھلوی(4/463)میں ہے:
“وما کنا معذبین حتی نبعث رسولا” یعنی ہم عذاب دینے والے نہیں جب تک ہم رسول نہ بھیج لیں یعنی اللہ تعا لی کسی بندے کو اس وقت تک عذاب نہیں دیتے جب تک وہ احکامِ خداوندی سے با خبر نہ ہوجائےاور اللہ کی حجت اس پر قائم نہ ہوجائےبایں طور کہ اللہ تعالی اس کی طرف رسول بھیجےاور وہ بندوں کو احکام خداوندی سے مطلع کرےاور یہ ضروری نہیں کہ وہ رسول خود ہر ایک کے پاس جاکر اللہ کا پیغام پہنچائےبلکہ یہ کافی ہے کہ وہ خود بیان کرےیا اس کی طرف سےکوئی عالم یا مبلغ اللہ کا پیغام پہنچا دےبہرحال اس کی رسالت اور شریعت کا علم ہوجانا کافی ہےخواہ وہ کسی طریقے سے ہوجائےاور آنحضرت ﷺ کی رسالت،رسالت عامہ ہےتمام عالم کیلئے ہےصحابہ کرام ؓوتابعین ؒ اور علماء امت کے ذریعے سےمشرق اور مغرب میں آپﷺکی دعوت پہنچ چکی ہےاس لیے سب پر ایمان لانا فرض ہے۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন