ফেসবুকে বিজ্ঞাপন প্রচারের বিধান
প্রশ্নঃ ১৭৫০৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম। একজন ব্যবসায়ী হালাল পণ্যের শালীন বিজ্ঞাপন ফেসবুকে প্রচারের জন্য অর্থ দেন। কিন্তু ফেসবুকের অ্যালগরিদমের কারণে বিজ্ঞাপনটি কখনো গান বা অশ্লীল ভিডিওতে প্রদর্শিত হয়, যা তিনি নিয়ন্ত্রণ বা ইচ্ছাকৃতভাবে নির্বাচিত করতে পারেন না। এ অবস্থায় বিজ্ঞাপন খরচ এবং পণ্য বিক্রির আয় কি হালাল?
২৩ নভেম্বর, ২০২৬
Dhaka ১৩৬১
৬৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হালাল পণ্যের প্রচার-প্রসারের জন্য অর্থ ব্যয় করা মূলত জায়েজ। তবে বিজ্ঞাপনের বিষয়বস্তু, প্রচারের পদ্ধতি এবং বিজ্ঞাপন প্রদর্শনের স্থানও শরিয়তের বিধান অনুযায়ী হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেন,
﴿وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾
তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। (সুরা আল-মায়েদা: ২)
সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে গান-বাজনা, অশ্লীলতা কিংবা অন্য কোনো হারাম কার্যক্রমের প্রচারে বিজ্ঞাপন প্রদান করেন, তাহলে তা নাজায়েজ হবে।
কিন্তু কোনো ব্যবসায়ী যদি বৈধ পণ্যের শালীন বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে ফেসবুককে অর্থ প্রদান করেন এবং সাধ্যমতো বিজ্ঞাপনের প্লেসমেন্ট ও ফিল্টার নিয়ন্ত্রণ করেন, তারপরও ফেসবুকের অ্যালগরিদমের কারণে তার অজান্তে বা অনিচ্ছায় বিজ্ঞাপনটি কোনো গান বা অশ্লীল ভিডিওর পাশে প্রদর্শিত হয়, তাহলে শুধু এ অনিচ্ছাকৃত কারণে তাঁর বিজ্ঞাপন ব্যয়কে হারাম বলা যাবে না। এ জন্য তিনি গুনাহগারও হবেন না, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন,
﴿لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا﴾
আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। (সুরা আল-বাকারা: ২৮৬)
তবে বিজ্ঞাপনদাতা যদি জানতে পারেন যে নির্দিষ্ট কোনো প্লেসমেন্টে তাঁর বিজ্ঞাপন নিয়মিত অশ্লীল কনটেন্টের সঙ্গে প্রদর্শিত হচ্ছে এবং তা বন্ধ করার সুযোগও রয়েছে, তাহলে সে প্লেসমেন্ট বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পণ্য বিক্রির আয়ের বিধান: হালাল পণ্য বৈধ পদ্ধতিতে বিক্রি করে অর্জিত মুনাফা হালাল। আল্লাহ তাআলা বলেন,
﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا﴾
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। (সুরা আল-বাকারা: ২৭৫)
অতএব, বিজ্ঞাপনের বিষয়বস্তু ও বিক্রয়চুক্তি বৈধ হলে এবং বিজ্ঞাপনদাতা ইচ্ছাকৃতভাবে কোনো হারাম প্রচারে সহযোগিতা না করলে, অ্যালগরিদমের অনিচ্ছাকৃত প্রদর্শনের কারণে তাঁর পণ্য বিক্রির মুনাফা হারাম হবে না।
مرقاة المفاتيح:
(أي الكسب) : أي أنواعه (أطيب) ؟ أي أحل وأفضل (قال: عمل الرجل بيده) ، أي من زراعة أو تجارة أو كتابة أو صناعة (وكل بيع مبرور) : بالجر صفة بيع و (كل) عطف على (عمل) ، والمراد بالمبرور أن يكون سالما من غش وخيانة، أو مقبولا في الشرع بأن لا يكون فاسدا ولا خبيثا أي رديا، أو مقبولا عند الله بأن يكون مثابا به
(كتاب البيوع، باب الكسب، ج:٥، ص:١٩٠٤)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন