প্রতিমা বিসর্জনের পর ফেলে দেওয়া বাঁশ কাঠ ইত্যাদি উপকরণ ব্যবহারের বিধান
প্রশ্নঃ ১৭৪৪৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুর্গাপূজা শেষ করে মূর্তি যখন পানিতে ফেলে দেওয়া হয় তখন সেগুলো থেকে কাঠ বা অন্য কোন জিনিস এনে ব্যক্তিগত কাজে লাগানো যাবে কি না রেফারেন্স সহ বলবেন
১৯ নভেম্বর, ২০২৬
বাঞ্ছারামপুর
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
কোনো বস্তু যদি এমন হয় যেটা কেউ ফেলে দিয়েছে; মালিক সেটা আর খুঁজবে না; তাহলে সেটা কুড়িয়ে ব্যবহার করা জায়েজ আছে। কাজেই দুর্গাপূজার পর নদীতে ফেলে দেওয়া কাঠ, বাঁশ, লোহা, প্লাস্টিক ইত্যাদি যদি পরিত্যক্ত ও মালিকানামুক্ত হয়, তাহলে সেগুলো কুড়িয়ে এনে ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ। এগুলো পূজার কাজে ব্যবহৃত হয়েছিল—শুধু এ কারণে এগুলো ব্যবহার করা হারাম হবে না।
وحاشیة ابن عابدین (رد المحتار) 6/438،ط: زکریا) وفیہ (ص:436) وفی شرح السیر الکبیر: لو وجد مثل السوط والحبل فہو بمنزلة اللقطة، وما جاء فی الترخیص فی السوط فذاک فی المنکسر ونحوہ مما لا قیمة لہ ولا یطلبہ صاحبہ بعدما سقط منہ وربما ألقاہ مثل النوی وقشور الرمان وبعر الإبل وجلد الشاة المیتة. أما ما یعلم أن صاحبہ یطلبہ فہو بمنزلة اللقطة إلخ
তবে, তাকওয়া ও পরহেজগারির বিচারে এসব বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকা উত্তম। বিশেষত যখন বস্তুগুলো সরাসরি মূর্তি পূজার ন্যায় শিরকের সাথে সম্পৃক্ত হয়।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ
অর্থ: যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করো। —জামে তিরমিজি, হাদিস ২৫১৮।
আরেকটি হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَاتٌ
অর্থ: হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এ দুটির মাঝখানে রয়েছে কিছু সন্দেহযুক্ত বিষয়। —সহিহ বুখারি, হাদিস ৫২; সহিহ মুসলিম, হাদিস ১৫৯৯।
তাছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে ধর্মীয় সংশ্লিষ্টতা নিয়ে অস্বস্তি, সামাজিক ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি হতে পারে। অতি উৎসাহি হয়ে কেউ আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা ধর্ম অবমাননার অভিযোগও আনতে পারে। তাই অনাকাঙ্খিত এসব বিষয় থেকে বাঁচতে এগুলো এড়িয়ে চলা উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন