সুদে জড়িত পিতাকে নসিহত
প্রশ্নঃ ১৭৩৫৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালায়। ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে তিনি সিসি লোন করেছেন। প্রায় দেড় কোটি টাকা। সিসি লোন করতে গিয়ে বাড়ি এবং বাড়ির পাশের জমি তিনি ব্যাংকে বন্ধক রেখেছেন। সিসি লোনের সুদ বছরে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা দেওয়া লাগে। তিনি এক সময় সৌদিতেও ছিলেন। ইসলাম নিয়ে যথেষ্ট পড়াশোনা আছে। কিন্তু উনি ব্যবসা ও সুদকে একই মনে করেন। আমি বারবার বুঝানো সত্ত্বেও উনি কোনভাবেই বোঝেন না।
আপনারা কাইন্ডলি আমাকে এমন যুক্তি দিয়ে কোন কিছু এমন ভাবে লিখে দিবেন, তাকে সেটা প্রেরণ করলে অন্তত সে যেন এটা বুঝে হেদায়েত প্রাপ্ত হয়। সে কোনোভাবেই সুদের এই লোন শোধ করতে চায় না। তার এই লোন শোধ করলে নাকি তার ব্যবসা-ই থাকবে না। এটা সেটা অনেক কিছু। এই নিয়ে অনেক কথা কাটাকাটিও হয়েছে। আমি নিজে সন্তান হিসেবে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। আমি কি কোন ভাবে এই বিষয়ে তার বাধ্যগত থাকতে পারবো? এটার সমাধান আমি কিভাবে করব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আব্বু, একটি বিষয় আমাদের ভালোভাবে বুঝতে হবে, ব্যবসা এবং সুদ এক জিনিস নয়। ব্যবসায় লাভ-লোকসানের ঝুঁকি থাকে, পণ্য বা সেবার বিনিময়ে মুনাফা অর্জিত হয়। আর ঋণের বিনিময়ে শর্ত করে অতিরিক্ত অর্থ নেওয়া বা দেওয়া হলো সুদ। আল্লাহ তাআলা এ দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য করে বলেছেন,
আপনি হয়তো মনে করেন, ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, তাই এটি ব্যবসারই একটি অংশ। কিন্তু আব্বু, ব্যবসার প্রয়োজনে নেওয়া হলেই সুদ হালাল হয়ে যায় না। ব্যবসার মূলধন ও ব্যবসা থেকে অর্জিত মুনাফা এক বিষয়; আর সেই মূলধনের বিনিময়ে ব্যাংককে চুক্তি অনুযায়ী অতিরিক্ত অর্থ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।
আল্লাহ তাআলা সুদের ব্যাপারে অত্যন্ত কঠোর সতর্কবাণী দিয়েছেন,
একটু চিন্তা করে দেখুন, যে ব্যবসা ও সম্পদ রক্ষা করার জন্য আমরা এত পরিশ্রম করছি, সেই ব্যবসার কারণেই যদি প্রতিবছর ১৪-১৫ লাখ টাকা সুদ দিতে হয়, তাহলে আমরা কোন পথে এগোচ্ছি? দুনিয়ার ব্যবসা রক্ষা করতে গিয়ে আল্লাহর এত কঠিন সতর্কবাণীকে উপেক্ষা করা কি আমাদের জন্য ঠিক হবে?
রাসুলুল্লাহ ﷺ শুধু সুদ গ্রহণকারীকে নয়, সুদ প্রদানকারী, সুদের লেখক ও সাক্ষীদেরও অভিসম্পাত করেছেন। তিনি বলেছেন, তারা সবাই (গুনাহের ক্ষেত্রে) সমান। (সহিহ মুসলিম: ১৫৯৮)
ব্যাংকের সঙ্গে আলোচনা করে সুদ মওকুফ বা কমানোর চেষ্টা করুন। ঋণ নিষ্পত্তির কোনো সুযোগ আছে কি না, তা জানুন। প্রয়োজনে ব্যবসার পরিধি কমিয়ে দিন, হিসাব করে সম্পদের কোনো অংশ বিক্রি করার সুযোগ থাকলে বিবেচনা করুন। একজন অভিজ্ঞ হিসাববিদ, আইনজ্ঞ ও নির্ভরযোগ্য মুফতির পরামর্শ নিয়ে এমন একটি বাস্তবসম্মত পথ বের করুন, যাতে আপনার ব্যবসা যথাসম্ভব রক্ষা পায় এবং সুদের বোঝা থেকেও মুক্ত হওয়া যায়।
আব্বু, আমি জানি ব্যবসা হারানোর ভয় আপনার জন্য অনেক বড়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, রিজিকের মালিক ব্যাংক নয়, আল্লাহ। ব্যবসা ছোট হয়ে গেলেও আল্লাহ চাইলে তাতে বরকত দিতে পারেন। কিন্তু আল্লাহর অবাধ্যতাকে স্বাভাবিক মনে করে নেওয়া আমাদের জন্য কখনোই নিরাপদ নয়।
আমি আপনার সন্তান। আপনার সঙ্গে তর্ক করে আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আপনার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই কথাগুলো বলছি। আমি চাই, আপনার উপার্জন হালাল হোক, সম্পদে বরকত আসুক এবং পরকালে আপনাকে আল্লাহর সামনে লজ্জিত হতে না হয়।
আমরা কেউ জানি না, আমাদের জীবন কতদিনের। মৃত্যুর পর ব্যবসা, বাড়ি, জমি কিংবা ব্যাংকের হিসাব, কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু আমাদের আমল।
আব্বু, দয়া করে ব্যবসা হারানোর ভয়কে আল্লাহর অসন্তুষ্টির ভয়ের চেয়ে বড় করে দেখবেন না। সুদের এই লেনদেন থেকে ফিরে আসার আন্তরিক সিদ্ধান্ত নিন। আল্লাহর কাছে তওবা করুন এবং হালাল পথে সমাধানের চেষ্টা করুন।
আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন, সুদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন এবং আপনার হালাল রিজিকে বরকত দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন