লাল কাপড়ের কারণে কাতারে ফাঁক রাখার বিধান
প্রশ্নঃ ১৭০১৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম। আমাদের মসজিদে ইমাম-মুয়াজ্জিনগণের যাওয়া-আসার জন্য মেহরাব বরাবর একটি লম্বা লাল কাপড় দেওয়া আছে। জামাআত শুরু হলে পিছনের কাতারে এই লাল কাপড়টি উপর অনেক মুসল্লি দাঁড়াতে চান না। ফলে প্রায়ই মাঝখানের এই জায়গাটা খালি রেখে নামাজ শুরু হয়। এতে কাতার না হওয়া বা নামাজ না হওয়ার কোন সম্ভাবনা আছে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মেহরাব পর্যন্ত বিছানো লাল কাপড়টি যদি পবিত্র থাকে (যা সচরাচর পবিত্রই থাকে), তবে তার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতে কোনো প্রকার শরয়ী বাধা নেই। কাতার সোজা করা ও ফাঁকা বন্ধ করা সুন্নাতে মুআক্কাদাহ; সুতরাং এই সুন্নাত পালন করতে গিয়ে লাল কাপড়ের উপর দাঁড়ানো আবশ্যক। কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রেখে নামাজ আদায় করলে নামাজ ফাসেদ হবে না; নামাজ আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে কাতারের মাঝে ফাঁকা জায়গা রেখে নামাজ শুরু করা মাকরূহ। এর ফলে কাতার বিচ্ছিন্ন হয় এবং জামাআতের পূর্ণ ফযীলত ও বরকত বিনষ্ট হয়। হাদীস শরীফে কাতার সোজা করা ও ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য অত্যন্ত কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ وَسُدُّوا الْخَلَلَ وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللهُ وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللهُ
অর্থ: “তোমরা কাতার সোজা করো, কাঁধে কাঁধ মেলাও, ফাঁকা জায়গাগুলো বন্ধ করো এবং শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা ছেড়ে দিও না। যে ব্যক্তি কাতার সংযুক্ত করে, আল্লাহ তাকে (রহমতের সাথে) সংযুক্ত করেন; আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে, আল্লাহ তাকে বিচ্ছিন্ন করেন।”-সুনানে আবূ দাউদ, ৬৬৬
তাই ইমাম সাহেব জামাআত শুরুর পূর্বে মুসল্লিদের বুঝিয়ে বলবেন যে, লাল কাপড়ের উপর দাঁড়াতে কোনো বাধা নেই এবং কাতার কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না । যদি মুসল্লিরা বারবার বলার পরও কাপড়টির কারণে কাতারে ফাঁকা রেখে দেন, তবে জামাআতের পূর্বে সেই লাল কাপড়টি গুটিয়ে একপাশে রেখে দেওয়া অথবা স্থায়ীভাবে তুলে ফেলাই উত্তম, যেন কাতার স্বাভাবিকভাবে অবিচ্ছিন্ন থাকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন