প্রবন্ধ
আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ
১৮ জুলাই, ২০২৬
২৭৭
০
ভূমিকা
মানবসভ্যতার ইতিহাসে বহু রাষ্ট্রপ্রধান, সম্রাট, বিজেতা ও রাজনৈতিক নেতা আবির্ভূত হয়েছেন। কেউ সামরিক শক্তির মাধ্যমে ভূখণ্ড দখল করেছেন, কেউ অর্থনৈতিক ক্ষমতা কিংবা রাজনৈতিক কৌশলের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছেন। কিন্তু ইতিহাসে এমন একজন মহান ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায়, যিনি একই সঙ্গে নবী, রাষ্ট্রনায়ক, বিচারক, সেনাপতি, শিক্ষক, সমাজসংস্কারক এবং সর্বোপরি মানবতার সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ।
রাসূলুল্লাহ ﷺ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তা কেবল একটি রাজনৈতিক সত্তা ছিল না; বরং তা ছিল ঈমান, ন্যায়বিচার, মানবিকতা, জবাবদিহিতা, সামাজিক সম্প্রীতি ও আল্লাহভীতির ভিত্তিতে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই রাষ্ট্রে শাসকের মর্যাদা ছিল না স্বৈরাচারীর, বরং তিনি ছিলেন আল্লাহর বিধানের বাস্তবায়নকারী এবং জনগণের আমানতের রক্ষক। ফলে মদীনার ইসলামী রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে এমন এক আদর্শ রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করে, যেখানে ধর্ম, নৈতিকতা, আইন, সমাজ, অর্থনীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে ওঠে।
বিশেষভাবে লক্ষ্যণীয় যে, রাসূলুল্লাহ ﷺ রাষ্ট্র প্রতিষ্ঠা শুরু করেননি ক্ষমতা অর্জনের মাধ্যমে; বরং শুরু করেছিলেন মানুষের হৃদয় পরিবর্তনের মাধ্যমে। তিনি প্রথমে মানুষের বিশ্বাস, চরিত্র, নৈতিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য গড়ে তোলেন। এরপর সেই আদর্শ মানুষদের নিয়েই প্রতিষ্ঠা করেন একটি আদর্শ সমাজ, আর সেই সমাজ থেকেই জন্ম নেয় আদর্শ রাষ্ট্র। এ কারণেই ইসলামী রাষ্ট্রব্যবস্থা কেবল রাজনৈতিক কাঠামোর নাম নয়; বরং এটি ঈমান, আমল ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত একটি সমন্বিত সভ্যতা।
আল্লাহ তাআলা বলেন, "বস্তুত রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য, যে আল্লাহ ও আখেরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।" -(সূরা আল-আহযাব, ৩৩:২১)
এই আয়াত প্রমাণ করে যে, রাসূলুল্লাহ ﷺ-এর জীবন কেবল ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে নয়; বরং সমাজ, রাষ্ট্র, বিচার, অর্থনীতি ও নেতৃত্বের ক্ষেত্রেও সর্বোত্তম আদর্শ।
রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী ﷺ-এর পদ্ধতি ছিল অত্যন্ত পরিকল্পিত, ধৈর্যশীল ও বাস্তবমুখী। তিনি প্রথমে মানুষের অন্তরে তাওহীদের ভিত্তি সুদৃঢ় করেন। এরপর দীর্ঘ তেরো বছর মক্কায় ঈমানি বিপ্লব ঘটান। তারপর আল্লাহর নির্দেশে হিজরত করে মদীনায় এমন এক সমাজ প্রতিষ্ঠা করেন, যেখানে মসজিদ ছিল রাষ্ট্রের প্রাণকেন্দ্র, ভ্রাতৃত্ব ছিল সামাজিক সংহতির ভিত্তি, ন্যায়বিচার ছিল প্রশাসনের মূলনীতি এবং আল্লাহর বিধান ছিল সর্বোচ্চ আইন।
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিশেষত্ব ছিল, এটি কোনো বর্ণ, গোত্র, ভাষা বা অর্থনৈতিক শ্রেণির জন্য সীমাবদ্ধ ছিল না। ধনী-গরিব, আরব-অনারব, স্বাধীন-দাস সকলেই আইনের দৃষ্টিতে সমান মর্যাদা লাভ করত। এমনকি মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকদের অধিকারও রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত ছিল। মানব ইতিহাসে এটি ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত।
আজকের বিশ্বে রাষ্ট্রব্যবস্থা নিয়ে নানা মতবাদ, মতপার্থক্য ও সংকট বিদ্যমান। কোথাও ক্ষমতার অপব্যবহার, কোথাও দুর্নীতি, কোথাও বৈষম্য, আবার কোথাও মানবাধিকারের নামে নৈতিক অবক্ষয় সমাজকে বিপর্যস্ত করছে। এমন বাস্তবতায় রাসূলুল্লাহ ﷺ-এর রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি নতুনভাবে অধ্যয়নের দাবি রাখে। কারণ তাঁর প্রদর্শিত নীতিমালা কেবল সপ্তম শতাব্দীর আরবের জন্য নয়; বরং ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার সর্বজনীন দিকনির্দেশনা।
রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা
কোনো রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব অনুধাবন করতে হলে প্রথমে জানতে হয়, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে সমাজের অবস্থা কেমন ছিল। কারণ অন্ধকার যত গভীর হয়, আলো তত বেশি উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি, বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে হলে জাহিলিয়াত যুগের আরব সমাজকে জানা অপরিহার্য।
রাসূলুল্লাহ ﷺ-এর আগমনের পূর্বে আরব উপদ্বীপে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। গোটা অঞ্চল অসংখ্য গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্র ছিল স্বাধীন, আর তাদের নেতা ছিল সেই গোত্রের সর্বোচ্চ কর্তৃত্ব। কোনো জাতীয় আইন, কেন্দ্রীয় বিচারব্যবস্থা কিংবা সর্বজনীন প্রশাসনিক কাঠামো সেখানে বিদ্যমান ছিল না। শক্তিই ছিল ন্যায়ের মাপকাঠি। যে গোত্র শক্তিশালী ছিল, তারাই দুর্বলদের ওপর আধিপত্য বিস্তার করত।
গোত্রীয় অহংকার আরব সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ চলত। কখনো একটি উট, কখনো একটি কূপ, আবার কখনো একটি কবিতাকে কেন্দ্র করেও রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যেত। এসব যুদ্ধে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাত, অথচ কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হতো না। প্রতিশোধ ছিল তাদের সামাজিক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ধর্মীয় জীবনও চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল। যদিও আরববাসী নিজেদের হযরত ইবরাহীম (আ.)-এর উত্তরসূরি বলে পরিচয় দিত, কিন্তু তাঁর বিশুদ্ধ তাওহীদের শিক্ষা তারা বিকৃত করে ফেলেছিল। কাবাঘর, যা এক আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল, তা শত শত মূর্তিতে পূর্ণ হয়ে যায়। বিভিন্ন গোত্র নিজেদের আলাদা দেবতা বানিয়ে তাদের উপাসনা করত। কেউ পাথরের মূর্তি, কেউ গাছ, কেউ নক্ষত্র, আবার কেউ জিন-শয়তানের পূজা করত।
আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, "তাদের মধ্যে অধিকাংশ লোকই এমন যে, তারা আল্লাহর প্রতি ঈমান রাখলেও তা এভাবে যে, তাঁর সঙ্গে শরীক করে।" -(সূরা ইউসুফ, ১২:১০৬)
এ আয়াত থেকে বোঝা যায়, তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না; বরং তাঁর সঙ্গে বিভিন্ন উপাস্যকে শরিক করত। এটাই ছিল তাদের সবচেয়ে বড় বিভ্রান্তি।
সামাজিক অবস্থাও ছিল অত্যন্ত করুণ। নারীর কোনো মর্যাদা ছিল না। অনেক গোত্রে কন্যাসন্তান জন্মকে লজ্জার বিষয় মনে করা হতো। এমনকি জীবন্ত কন্যাশিশুকে মাটিতে পুঁতে ফেলার মতো নির্মম প্রথাও সমাজে প্রচলিত ছিল। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের সেই ভয়াবহ দৃশ্যের কথা উল্লেখ করে বলেন, "এবং যখন জীবন্ত প্রোথিত কন্যাকে, জিজ্ঞেস করা হবে—তাকে কী অপরাধে হত্যা করা হয়েছিল? -(সূরা আত-তাকভীর, ৮১:৮–৯)
এই আয়াত প্রমাণ করে, ইসলাম আগমনের পূর্বে মানবতা কতটা নির্মম অবস্থায় পৌঁছে গিয়েছিল।
শুধু নারী নয়, দুর্বল ও অসহায় মানুষের প্রতিও কোনো দয়া ছিল না। এতিমের সম্পদ আত্মসাৎ করা, দাসদের ওপর অমানবিক নির্যাতন চালানো, সুদ, জুয়া, মদ্যপান, ব্যভিচার, প্রতারণা ও লুণ্ঠন ছিল সাধারণ বিষয়। শক্তিশালী ব্যক্তি দুর্বলকে শোষণ করত, আর সমাজে এর বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধব্যবস্থা ছিল না।
অর্থনৈতিক ক্ষেত্রেও ন্যায়বিচারের অভাব ছিল প্রকট। মক্কা বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত হলেও অধিকাংশ সম্পদ ছিল অল্প কয়েকজন ধনী ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত। সুদের মাধ্যমে দরিদ্রদের আরও নিঃস্ব করে দেওয়া হতো। ব্যবসায় প্রতারণা, মাপে কম দেওয়া এবং দুর্বলদের অর্থনৈতিকভাবে শোষণ ছিল ব্যাপকভাবে প্রচলিত।
নৈতিক অবস্থাও ছিল উদ্বেগজনক। মদ্যপান ছিল গর্বের বিষয়, জুয়া ছিল বিনোদনের মাধ্যম, আর অশ্লীলতা সমাজে স্বাভাবিক হিসেবে বিবেচিত হতো। মানুষের চরিত্র ও বিবেকের পরিবর্তে গোত্র, সম্পদ ও শক্তিকেই মর্যাদার মানদণ্ড ধরা হতো।
তবে এ কথাও সত্য যে, আরব সমাজ সম্পূর্ণরূপে অকল্যাণে নিমজ্জিত ছিল না। তাদের মধ্যে কিছু মহৎ গুণও বিদ্যমান ছিল। যেমন, অতিথিপরায়ণতা, সাহসিকতা, অঙ্গীকার রক্ষা, বাগ্মিতা, উদারতা এবং কবিতার প্রতি গভীর অনুরাগ। রাসূলুল্লাহ ﷺ এই ইতিবাচক গুণগুলোকে সংরক্ষণ করেন এবং ইসলামী আদর্শের মাধ্যমে সেগুলোকে সঠিক পথে পরিচালিত করেন। আর জাহিলিয়াতের অন্যায়, কুসংস্কার ও অবিচারকে সম্পূর্ণরূপে নির্মূল করেন।
এই প্রেক্ষাপটে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। রাসূলুল্লাহ ﷺ কোনো বিদ্যমান রাষ্ট্রক্ষমতা উত্তরাধিকারসূত্রে লাভ করেননি, কোনো সাম্রাজ্যের সিংহাসনেও আরোহণ করেননি। বরং একটি রাজনৈতিকভাবে বিভক্ত, সামাজিকভাবে অস্থির, ধর্মীয়ভাবে বিপথগামী এবং নৈতিকভাবে অধঃপতিত সমাজ থেকেই তিনি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্র গড়ে তুলেছিলেন। তাই মদীনার ইসলামী রাষ্ট্রের সাফল্য বুঝতে হলে জাহিলিয়াত যুগের এই বাস্তব চিত্র অনুধাবন করা অপরিহার্য।
এই জাহিলিয়াতের অন্ধকারেই আল্লাহ তাআলা বিশ্বমানবতার জন্য রহমতস্বরূপ প্রেরণ করেন তাঁর সর্বশেষ রাসূল, হযরত মুহাম্মদ ﷺ-কে। তাঁর মাধ্যমেই শুরু হয় মানুষের অন্তর, সমাজ এবং পরবর্তীতে রাষ্ট্রের এক মহান বিপ্লব।
মক্কায় নববী দাওয়াত: আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ভিত্তি; মানুষ গঠন ও ঈমানি বিপ্লব
বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ-এর রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস গভীরভাবে পর্যালোচনা করলে একটি বিষয় সুস্পষ্ট হয়ে ওঠে, তিনি কখনো রাষ্ট্রকে তাঁর দাওয়াতের সূচনা বিন্দু বানাননি; বরং মানুষকে পরিবর্তন করাকেই প্রথম লক্ষ্য স্থির করেছিলেন। কারণ মানুষের চরিত্র, বিশ্বাস ও নৈতিকতা পরিবর্তিত না হলে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না। তাই নববী কর্মপদ্ধতির প্রথম ধাপ ছিল মানুষের অন্তরে ঈমানের বীজ রোপণ করা এবং তাদেরকে আল্লাহর একনিষ্ঠ বান্দায় পরিণত করা।
রাসূলুল্লাহ ﷺ যখন নবুয়তের দায়িত্ব লাভ করেন, তখন আরব সমাজে রাজনৈতিক বিশৃঙ্খলা, সামাজিক অবক্ষয় ও ধর্মীয় বিপথগামিতা চরমে পৌঁছেছিল। এমন অবস্থায় তিনি যদি সরাসরি রাষ্ট্র প্রতিষ্ঠা বা রাজনৈতিক আন্দোলন শুরু করতেন, তাহলে সমাজ সেই পরিবর্তন গ্রহণ করার মতো প্রস্তুত ছিল না। তাই আল্লাহ তাআলার নির্দেশে তিনি প্রথমে মানুষের হৃদয়ে তাওহীদের আলো জ্বালিয়ে দেন।
তাঁর দাওয়াতের মূল আহ্বান ছিল, "হে মানুষ! তোমরা বলো: 'লা ইলাহা ইল্লাল্লাহ'; তাহলে তোমরা সফল হবে।"
এই আহ্বান শুধু একটি ধর্মীয় বাক্য উচ্চারণের আহ্বান নয়; বরং এটি ছিল মানুষের চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ ও জীবনব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা। 'লা ইলাহা ইল্লাল্লাহ' অর্থ হলো, সর্বময় কর্তৃত্ব, আইন প্রণয়নের অধিকার, ইবাদত ও আনুগত্য একমাত্র আল্লাহর জন্য। এ বিশ্বাস মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হলে সে অন্যায়, জুলুম ও শিরকের সামনে মাথা নত করতে পারে না।
মক্কার প্রথম তেরো বছরে নাযিল হওয়া কুরআনের অধিকাংশ আয়াতের বিষয়বস্তু ছিল, তাওহীদ, আখিরাত, নবুয়ত, তাকওয়া, ধৈর্য, নৈতিকতা এবং জবাবদিহিতা। এ থেকেই বোঝা যায়, ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো বিশুদ্ধ আকীদা ও চরিত্র গঠন।
আল্লাহ তাআলা বলেন, "তিনিই উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যে তাদের সামনে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কিতাব ও হেকমতের শিক্ষা দেবে, যদিও তারা এর আগে সুস্পষ্ট গোমরাহীতে নিপতিত ছিল। -(সূরা আল-জুমুআহ, ৬২:২)
এই আয়াতে নবী ﷺ-এর দাওয়াতি কর্মসূচির তিনটি মৌলিক স্তম্ভ উল্লেখ করা হয়েছে,
প্রথমত, আল্লাহর বাণী পৌঁছে দেওয়া।
দ্বিতীয়ত, মানুষের চরিত্র ও আত্মাকে পরিশুদ্ধ করা।
তৃতীয়ত, কুরআন ও সুন্নাহর শিক্ষা প্রদান করা।
অর্থাৎ শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমেই তিনি ভবিষ্যৎ রাষ্ট্রের নাগরিক প্রস্তুত করেছিলেন।
দারুল আরকাম: প্রথম ইসলামী প্রশিক্ষণকেন্দ্র
মক্কার প্রথম দিকে মুসলমানদের সংখ্যা ছিল অল্প। প্রকাশ্যে শিক্ষা গ্রহণের সুযোগও ছিল না। তখন রাসূলুল্লাহ ﷺ সাহাবি আরকাম ইবন আবিল আরকাম (রাযিয়াল্লাহু আনহু)-এর বাড়িকে ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। ইতিহাসে এটি দারুল আরকাম নামে পরিচিত।
এখানেই নবী ﷺ সাহাবিদের কুরআনের শিক্ষা দিতেন, ঈমান দৃঢ় করতেন, ধৈর্য ও আত্মত্যাগের প্রশিক্ষণ দিতেন এবং আল্লাহর ওপর নির্ভরশীল হতে শিক্ষা দিতেন। এখান থেকেই এমন একদল মানুষ তৈরি হয়েছিলেন, যারা পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর হয়ে ওঠেন।
এটি প্রমাণ করে যে, কোনো আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার আগে আদর্শ মানুষ তৈরি করা অপরিহার্য।
ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র
নববী কর্মপদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য ছিল ধাপে ধাপে অগ্রসর হওয়া। তিনি একদিনে সমাজ পরিবর্তনের চেষ্টা করেননি। প্রথমে একজন মানুষ ঈমান গ্রহণ করলেন, তারপর একটি পরিবার, এরপর একটি ক্ষুদ্র জামাআত গড়ে উঠল। এই জামাআতই ধীরে ধীরে একটি আদর্শ সমাজে রূপ নিল, আর সেই সমাজ থেকেই পরবর্তীকালে মদীনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সূচনা হয়েছিল মানুষের অন্তরে; মদীনার ভূমিতে নয়। মদীনা ছিল সেই ঈমানি বিপ্লবের বাস্তব রূপ।
সাহাবিদের চরিত্র গঠনের বিস্ময়কর দৃষ্টান্ত
دنیائے صداقت میں تیرا نام رہے گا
صدّیق! تیرے نام سے اسلام رہے گا
دنیائے عدالت میں تیرا نام رہے گا
فاروق! تیرے نام سے اسلام رہے گا
دنیائے سخاوت میں تیرا نام رہے گا
عثمان! تیرے نام سے اسلام رہے گا
دنیاۓ شجاعت میں تیرا نام رہے گا
حیدر! تیرا نام سے اسلام رہے گا
دنیاۓ مؤذن میں تیرا نام رہے گا
بلال! تیرے نام سے اسلام رہے گا
রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষা এমনভাবে সাহাবিদের পরিবর্তন করেছিল যে, যারা একসময় গোত্রীয় অহংকার, প্রতিশোধ ও অজ্ঞতার মধ্যে জীবন কাটিয়েছিলেন, তারাই পরিণত হন মানবতার আদর্শে।
হযরত আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) সত্যবাদিতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন।
হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু), যিনি একসময় ইসলামের কঠোর বিরোধী ছিলেন, তিনিই পরবর্তীকালে ন্যায়বিচারের বিশ্ববিখ্যাত শাসকে পরিণত হন।
হযরত উসমান ইবন আফফান (রাযিয়াল্লাহু আনহু) লজ্জাশীলতা, দানশীলতা ও মহান চরিত্রের অনন্য প্রতীক হয়ে ওঠেন।
হযরত আলী ইবন আবি তালিব (রাযিয়াল্লাহু আনহু) বীরত্ব, জ্ঞান ও ন্যায়পরায়ণতার উজ্জ্বল প্রতীক হয়ে ওঠেন।
হযরত বিলাল (রাযিয়াল্লাহু আনহু), যিনি একজন নির্যাতিত দাস ছিলেন, ইসলামের শিক্ষা তাঁকে এমন মর্যাদা দান করে যে, ইতিহাসে তাঁর নাম স্বাধীনতা, ধৈর্য ও ঈমানের প্রতীক হয়ে আছে।
এমনিভাবে উজ্জল দৃষ্টান্ত রয়েছে সকল সাহাবায়ে কেরাম (রাযিয়াল্লাহু আনহু) এর ব্যাপারে।
এই ব্যক্তিত্বগুলো প্রমাণ করে, রাসূলুল্লাহ ﷺ-এর প্রথম রাষ্ট্র নির্মাণ প্রকল্প ছিল মানুষের অন্তর নির্মাণ।
রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকৃত সূচনা
অনেকেই মনে করেন, ইসলামী রাষ্ট্রের সূচনা মদীনায় হিজরতের পর। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকৃত সূচনা হয়েছিল মক্কাতেই। কারণ রাষ্ট্রের মূল ভিত্তি হলো আদর্শ নাগরিক। আর সেই নাগরিকদের প্রস্তুত করা হয়েছিল নবুয়তের প্রথম তেরো বছরে।
এই সময়ে কোনো সেনাবাহিনী ছিল না, কোনো প্রশাসনিক কাঠামো ছিল না, কোনো সরকারি কোষাগারও ছিল না। কিন্তু ছিল অটল ঈমান, বিশুদ্ধ চরিত্র, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং ত্যাগের অদম্য মানসিকতা। পরবর্তীকালে এই গুণাবলিই ইসলামী রাষ্ট্রের প্রকৃত শক্তিতে পরিণত হয়।
এ কারণেই রাসূলুল্লাহ ﷺ-এর রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি আজও মানব ইতিহাসে অনন্য। তিনি প্রমাণ করে দিয়েছেন, আইন দিয়ে মানুষ তৈরি করা যায় না; বরং আদর্শ মানুষই ন্যায়ভিত্তিক আইন ও রাষ্ট্রকে টিকিয়ে রাখে।
হিজরত: আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার কৌশলগত পরিকল্পনা ও মদীনায় নতুন যুগের সূচনা
মক্কায় দীর্ঘ তেরো বছর দাওয়াত, শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ এমন একটি ঈমানদীপ্ত জামাআত প্রস্তুত করেছিলেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিল। কিন্তু মক্কার কুরাইশ নেতারা ইসলামের ক্রমবর্ধমান প্রভাবকে নিজেদের নেতৃত্ব ও স্বার্থের জন্য হুমকি মনে করল। ফলে তারা মুসলমানদের ওপর নির্যাতন, সামাজিক বয়কট, অর্থনৈতিক অবরোধ এবং হত্যার ষড়যন্ত্র পর্যন্ত চালায়। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন, ইয়াসরিবে (পরবর্তীকালের মদীনা) হিজরত।
ইয়াসরিব: পরিবর্তনের জন্য প্রস্তুত এক সমাজ
ইয়াসরিব ছিল কৃষিনির্ভর একটি জনপদ, যেখানে আওস ও খাযরাজ, এই দুই প্রধান আরব গোত্রের পাশাপাশি কয়েকটি ইহুদি গোত্রও বসবাস করত। দীর্ঘদিনের আন্তঃগোত্রীয় সংঘর্ষে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। বিশেষত বু'আসের যুদ্ধ তাদের সমাজকে দুর্বল করে দেয়। তারা এমন একজন ন্যায়পরায়ণ নেতার সন্ধান করছিলেন, যিনি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবেন।
এদিকে ইহুদি আলিমরা বহুদিন ধরে শেষ নবীর আগমনের সংবাদ প্রচার করতেন। ফলে ইয়াসরিবের অনেক মানুষের মনে একজন নবীর আগমনের প্রত্যাশা তৈরি হয়েছিল। এই সামাজিক ও মানসিক প্রস্তুতি পরবর্তীতে ইসলামের দাওয়াত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রথম আকাবার বাইআত: বিশ্বাসের অঙ্গীকার
নবুয়তের একাদশ বছরে হজের মৌসুমে ইয়াসরিব থেকে আগত কয়েকজন ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁদের সামনে ইসলামের দাওয়াত পেশ করেন এবং কুরআনের আয়াত তিলাওয়াত করেন। তাঁরা ইসলামের সত্যতায় মুগ্ধ হয়ে ঈমান গ্রহণ করেন।
পরের বছর বারোজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ ﷺ-এর হাতে বাইআত করেন। তারা অঙ্গীকার করেন যে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না, চুরি, ব্যভিচার, সন্তান হত্যা ও মিথ্যা অপবাদ থেকে বিরত থাকবেন এবং সব সৎকাজে রাসূলুল্লাহ ﷺ-এর আনুগত্য করবেন। এই ঘটনাই ইতিহাসে প্রথম আকাবার বাইআত নামে পরিচিত।
এই বাইআতের মাধ্যমে মদীনায় ইসলামের একটি সুসংগঠিত ভিত্তি গড়ে ওঠে। রাসূলুল্লাহ ﷺ তাঁদের সঙ্গে হযরত মুসআব ইবন উমাইর (রাযিয়াল্লাহু আনহু)-কে শিক্ষক হিসেবে পাঠান। তিনি কুরআন শিক্ষা দেন এবং দাওয়াতের কাজ পরিচালনা করেন। অল্প সময়ের মধ্যেই আওস ও খাযরাজের বহু পরিবার ইসলাম গ্রহণ করে।
দ্বিতীয় আকাবার বাইআত: রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর
পরবর্তী বছর হজের মৌসুমে ইয়াসরিব থেকে তিয়াত্তর জন পুরুষ ও দুইজন নারী গোপনে রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে আকাবায় সাক্ষাৎ করেন। এটি ছিল ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা।
এই বাইআতে তাঁরা শুধু ঈমানের অঙ্গীকারই করেননি; বরং ঘোষণা করেন যে, তাঁরা নিজেদের পরিবার ও সম্পদের মতোই রাসূলুল্লাহ ﷺ-কে রক্ষা করবেন। প্রয়োজনে তাঁর জন্য যুদ্ধ করবেন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।
রাসূলুল্লাহ ﷺ তাঁদের উদ্দেশে জানিয়ে দেন যে, এই অঙ্গীকারের পথ সহজ নয়; এতে কষ্ট, ত্যাগ এবং সংঘাত আসতে পারে। কিন্তু সাহাবিগণ দৃঢ়তার সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করেন। এই বাইআতই পরবর্তীকালে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করে।
হিজরতের অনুমতি ও সুপরিকল্পিত প্রস্তুতি
দ্বিতীয় আকাবার বাইআতের পর আল্লাহ তাআলা মুসলমানদের মদীনায় হিজরতের অনুমতি দেন। সাহাবিগণ ধীরে ধীরে গোপনে মক্কা ত্যাগ করতে শুরু করেন। তাঁরা সম্পদ, বাড়িঘর, ব্যবসা-বাণিজ্য, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য পিছনে রেখে দেন। ইতিহাসে এই ত্যাগ ইসলামের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
কুরাইশরা যখন দেখল মুসলমানরা নিরাপদ আশ্রয় লাভ করছে, তখন তারা রাসূলুল্লাহ ﷺ-কে হত্যার ষড়যন্ত্র করে। বিভিন্ন গোত্র থেকে যুবকদের নিয়ে একটি দল গঠন করা হয়, যাতে হত্যার দায় কোনো এক গোত্রের ওপর না পড়ে।
আল্লাহ তাআলা তাঁর নবীকে এই ষড়যন্ত্রের সংবাদ দেন এবং হিজরতের নির্দেশ দেন। রাসূলুল্লাহ ﷺ হযরত আবু বকর (রাযিয়াল্লাহু আনহু)-কে সফরসঙ্গী হিসেবে নির্বাচন করেন। এটি ছিল কেবল একটি স্থানান্তর নয়; বরং সুপরিকল্পিত এক কৌশলগত পদক্ষেপ।
পরিকল্পনা, সতর্কতা ও আল্লাহর ওপর ভরসা
হিজরতের ঘটনায় আমরা দেখি, রাসূলুল্লাহ ﷺ আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করেছেন, কিন্তু কোনো প্রয়োজনীয় মানবিক ব্যবস্থা অবহেলা করেননি। তিনি রাত্রে গৃহত্যাগ করেন, সাওর গুহায় কয়েক দিন অবস্থান করেন, একজন দক্ষ পথপ্রদর্শক নিয়োগ করেন, খাদ্য ও সংবাদ পৌঁছানোর ব্যবস্থা করেন এবং এমন পথ বেছে নেন, যা সাধারণ কাফেলার পথ ছিল না।
এ থেকে শিক্ষা পাওয়া যায় যে, ইসলামে তাওয়াক্কুল মানে পরিকল্পনা ও প্রচেষ্টা পরিত্যাগ করা নয়; বরং সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের পর ফলাফল আল্লাহর হাতে সোপর্দ করা।
সাওর গুহায় অবস্থানের সময় শত্রুরা খুব কাছে চলে এলে হযরত আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ ﷺ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, "আপনি চিন্তা করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।"
এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, "তোমরা যদি তাঁকে সাহায্য না-ও কর, তবে আল্লাহ তো তাঁকে সাহায্য করেছেন... যখন তারা উভয়ে গুহায় ছিলেন, তখন তিনি তাঁর সঙ্গীকে বলেছিলেন, 'দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।' এরপর আল্লাহ তাঁর প্রশান্তি তাদের ওপর নাযিল করেন..." -(সূরা আত-তাওবাহ, ৯:৪০)
এই আয়াত শুধু একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়; বরং আল্লাহর পথে কাজ করা প্রত্যেক ব্যক্তির জন্য চিরন্তন প্রেরণা।
হিজরত: রাষ্ট্র প্রতিষ্ঠার নতুন অধ্যায়
অবশেষে রাসূলুল্লাহ ﷺ মদীনায় পৌঁছালেন। তাঁর আগমনে মদীনাবাসী অভূতপূর্ব আনন্দে তাঁকে স্বাগত জানায়। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই কোনো রাজনৈতিক ঘোষণা দেননি বা প্রশাসনিক পদবণ্টন শুরু করেননি। বরং তিনি ধাপে ধাপে রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করেন, প্রথমে মসজিদ প্রতিষ্ঠা, তারপর মুহাজির ও আনসারের ভ্রাতৃত্ব, এরপর মদীনার সনদ এবং পর্যায়ক্রমে প্রশাসনিক, বিচারিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলেন।
এ থেকেই বোঝা যায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল একটি পরিকল্পিত, ধৈর্যশীল এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়া; কোনো আকস্মিক রাজনৈতিক পরিবর্তন নয়।
মসজিদে নববী: আদর্শ রাষ্ট্রের প্রথম প্রতিষ্ঠান ও সভ্যতার কেন্দ্র
মদীনায় আগমনের পর রাসূলুল্লাহ ﷺ যে কাজটি সর্বপ্রথম সম্পন্ন করেছিলেন, তা ছিল না কোনো প্রাসাদ নির্মাণ, দুর্গ প্রতিষ্ঠা কিংবা সরকারি কার্যালয় স্থাপন। তিনি সর্বপ্রথম নির্মাণ করেন একটি মসজিদ। ইতিহাসের এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, ইসলামী রাষ্ট্রের ভিত্তি কেবল রাজনৈতিক ক্ষমতা নয়; বরং ঈমান, ইবাদত, জ্ঞান, নৈতিকতা এবং আল্লাহর আনুগত্য।
মদীনায় পৌঁছানোর পূর্বে রাসূলুল্লাহ ﷺ কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে তিনি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ “মসজিদে কুবা” নির্মাণ করেন। আল্লাহ তাআলা এই মসজিদ সম্পর্কে বলেন,
"যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়ানোই আপনার জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক রয়েছে, যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।" -(সূরা আত-তাওবাহ, ৯:১০৮)
(তাফসীর (মুফতী তাকী উসমানী)
(এর দ্বারা কুবার মসজিদ ও মসজিদে নববী উভয়ই বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা মুকাররামা থেকে হিজরত করে আসেন এবং কুবা পল্লীতে চৌদ্দ দিন অবস্থান করেন, সেই সময় তিনি সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। কুবার সেই মসজিদটিই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ। কুবা থেকে মদীনা মুনাওয়ারায় পৌঁছার পর তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। এ উভয় মসজিদেরই ভিত্তি স্থাপিত হয়েছিল তাকওয়া ও আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর। এ মসজিদের ফযীলত বলা হয়েছে যে, এর মুসল্লীগণ পাক-সাফের প্রতি বিশেষ খেয়াল রাখে। দেহের বাহ্যিক পবিত্রতা যেমন এর অন্তর্ভুক্ত, তেমনি আমল-আখলাকের পবিত্রতা ও বিশুদ্ধতাও।)
এরপর রাসূলুল্লাহ ﷺ মদীনায় পৌঁছে তাঁর উটনীকে স্বাধীনভাবে চলতে দেন। উটনীটি যে স্থানে বসে পড়ে, সেই স্থানটিই মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত হয়। জমিটি দুইজন ইয়াতিম বালকের মালিকানাধীন ছিল। তারা বিনামূল্যে দিতে চাইলেও রাসূলুল্লাহ ﷺ ন্যায্য মূল্য দিয়ে জমিটি ক্রয় করেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক নীতি শিক্ষা দেন, জনস্বার্থের কাজও অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে করা যাবে না।
রাষ্ট্রের প্রাণকেন্দ্র ছিল মসজিদ
আজকের রাষ্ট্রব্যবস্থায় প্রশাসনিক ভবন, সংসদ, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান আলাদা আলাদা। কিন্তু মদীনার রাষ্ট্রে এই সব কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী।
- সেখানেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় হতো।
- সেখানেই কুরআনের শিক্ষা দেওয়া হতো।
- সেখানেই সাহাবিদের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ চলত।
- সেখানেই বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল এসে সাক্ষাৎ করত।
- সেখানেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ অনুষ্ঠিত হতো।
- সেখান থেকেই সেনাদল প্রেরণ করা হতো।
- আবার বিরোধ নিষ্পত্তি ও বিচারকার্যও অনেক সময় মসজিদেই সম্পন্ন হতো। অর্থাৎ মসজিদ কেবল ইবাদতের স্থান ছিল না; বরং রাষ্ট্র, সমাজ ও সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল।
শিক্ষা ব্যবস্থার সূচনা
রাসূলুল্লাহ ﷺ বিশ্বাস করতেন যে, জ্ঞান ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই মসজিদে নববীর একাংশে তিনি আহলুস সুফ্ফাহ নামে একটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে দরিদ্র সাহাবিগণ অবস্থান করতেন এবং সার্বক্ষণিকভাবে কুরআন, সুন্নাহ ও ইসলামের শিক্ষা অর্জন করতেন।
এই শিক্ষার্থীদের মধ্য থেকেই পরবর্তীকালে বহু আলিম, ক্বারী, মুফতি, দাঈ ও শিক্ষক তৈরি হন। তাঁদেরকে আরবের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে ইসলামের শিক্ষা বিস্তার করা হয়।
এটি প্রমাণ করে যে, রাসূলুল্লাহ ﷺ রাষ্ট্রের প্রথম দিকেই মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
পরামর্শভিত্তিক শাসনব্যবস্থা
মসজিদে নববীতেই রাসূলুল্লাহ ﷺ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন। যুদ্ধ, কূটনীতি, সামাজিক সমস্যা কিংবা অর্থনৈতিক বিষয়, সব ক্ষেত্রেই তিনি শূরা (পরামর্শ)-এর নীতি অনুসরণ করতেন।
আল্লাহ তাআলা বলেন, "আর আপনি তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করুন। অতঃপর যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আল্লাহর ওপর ভরসা করুন।" -(সূরা আলে ইমরান, ৩:১৫৯)
এই আয়াতের আলোকে নববী রাষ্ট্রে একক স্বৈরাচারী সিদ্ধান্তের পরিবর্তে পরামর্শভিত্তিক নেতৃত্বের চর্চা প্রতিষ্ঠিত হয়।
ন্যায়বিচারের কেন্দ্র
মসজিদে নববীতে ধনী-গরিব, শাসক-প্রজা কিংবা আরব-অনারব, সকলেই সমান মর্যাদায় উপস্থিত হতেন। কোনো ব্যক্তির সামাজিক অবস্থান বিচারপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলত না।
রাসূলুল্লাহ ﷺ একাধিকবার ঘোষণা করেন যে, যদি তাঁর নিজের পরিবারের কেউও অপরাধ করত, তাহলেও আল্লাহর বিধান বাস্তবায়নে তিনি কোনো ছাড় দিতেন না। তাঁর এই ন্যায়পরায়ণতা রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা দৃঢ় করে।
সামাজিক কল্যাণের কেন্দ্র
মসজিদ ছিল অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের আশ্রয়স্থলও। যাকাত, সদকা ও অন্যান্য সাহায্য সেখানে এসে জমা হতো এবং প্রকৃত হকদারদের মধ্যে বণ্টন করা হতো। ক্ষুধার্তকে খাদ্য, অসহায়কে সহায়তা এবং পথিককে আশ্রয় দেওয়ার ব্যবস্থাও মসজিদকেন্দ্রিক ছিল।
এভাবে রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সূচনাও মসজিদ থেকেই হয়।
নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
মসজিদে নববী নির্মাণের সময় রাসূলুল্লাহ ﷺ নিজ হাতে ইট বহন করেছেন, মাটি কেটেছেন এবং সাহাবিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তিনি কখনো নিজেকে শাসক হিসেবে আলাদা করে রাখেননি।
এ থেকেই বোঝা যায়, ইসলামী নেতৃত্বের ভিত্তি হলো সেবকসুলভ মানসিকতা, অহংকার নয়।
মুহাজির ও আনসারের ভ্রাতৃত্ব (মুয়াখাত): আদর্শ রাষ্ট্রের সামাজিক সংহতির ভিত্তি
মসজিদে নববী নির্মাণের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের আধ্যাত্মিক, শিক্ষাগত ও প্রশাসনিক ভিত্তি প্রতিষ্ঠার পর রাসূলুল্লাহ ﷺ যে দ্বিতীয় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, তা ছিল মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব (মুয়াখাত) প্রতিষ্ঠা। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো রাষ্ট্র কেবল আইন, প্রশাসন কিংবা সামরিক শক্তির মাধ্যমে টিকে থাকে না; বরং নাগরিকদের পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও সামাজিক সংহতিই একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি। নবী করীম ﷺ এ বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তাই তিনি রাষ্ট্রের সামাজিক ভিত্তি সুদৃঢ় করার জন্য এমন এক অনন্য ব্যবস্থা গ্রহণ করেন, যার দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল।
মুহাজিরদের ত্যাগ ও নতুন বাস্তবতা
মক্কা থেকে মদীনায় হিজরতকারী মুসলমানরা (মুহাজিরগণ) আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের বাড়িঘর, ব্যবসা-বাণিজ্য, সম্পদ ও আত্মীয়-স্বজন সবকিছু ত্যাগ করেছিলেন। অনেকে মদীনায় এসে প্রায় নিঃস্ব অবস্থায় জীবন শুরু করেন। তাদের অধিকাংশের কোনো বাসস্থান, আয়ের উৎস বা সম্পদ ছিল না। অন্যদিকে মদীনার আনসারগণ (আওস ও খাযরাজের মুসলমানরা) নিজ ভূমিতে বসবাস করতেন এবং কৃষি ও ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
এই দুই ভিন্ন সামাজিক অবস্থার মানুষের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধন সৃষ্টি না হতো, তবে নবগঠিত রাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক দূরত্ব এবং অভ্যন্তরীণ দুর্বলতা দেখা দিতে পারত। রাসূলুল্লাহ ﷺ অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে এই সম্ভাবনাকে প্রতিরোধ করেন।
মুয়াখাত প্রতিষ্ঠা
রাসূলুল্লাহ ﷺ প্রত্যেক মুহাজিরকে একজন আনসারের সঙ্গে ভাই হিসেবে ঘোষণা করেন। এই ভ্রাতৃত্ব কেবল আনুষ্ঠানিক ছিল না; বরং তা ছিল পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা, দুঃখ-সুখে অংশগ্রহণ এবং প্রয়োজনে আত্মত্যাগের অঙ্গীকার।
হযরত আবদুর রহমান ইবন আওফ (রাযিয়াল্লাহু আনহু)-এর সঙ্গে হযরত সা'দ ইবন রাবী' (রাযিয়াল্লাহু আনহু)-এর ভ্রাতৃত্ব ইসলামের ইতিহাসে সর্বাধিক আলোচিত উদাহরণগুলোর একটি।
হযরত সা'দ (রাঃ) বলেন, "আমি আনসারদের মধ্যে সবচেয়ে সম্পদশালী। আমার সম্পদের অর্ধেক আপনি গ্রহণ করুন। আমার দুই স্ত্রীর মধ্যে যাকে আপনি পছন্দ করেন, আমি তাকে তালাক দেব। ইদ্দত শেষ হলে আপনি তাকে বিবাহ করবেন।" কিন্তু হযরত আবদুর রহমান ইবন আওফ (রাযিয়াল্লাহু আনহু) উত্তরে বলেন, "আল্লাহ আপনার সম্পদ ও পরিবারে বরকত দান করুন। আপনি শুধু আমাকে বাজারের পথ দেখিয়ে দিন।" তিনি বাজারে গিয়ে ব্যবসা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই স্বাবলম্বী হয়ে ওঠেন।-সহীহ বুখারীতে এ ঘটনা বর্ণিত হয়েছে।
এই ঘটনা প্রমাণ করে, ইসলামী রাষ্ট্রে সহযোগিতা যেমন ছিল, তেমনি আত্মমর্যাদা ও কর্মপ্রচেষ্টার মূল্যও ছিল সমানভাবে প্রতিষ্ঠিত।
আনসারদের অনন্য আত্মত্যাগ
মুহাজিরদের প্রতি আনসারদের ভালোবাসা ছিল অতুলনীয়। তারা নিজেদের ঘর, জমি, সম্পদ এমনকি জীবনযাত্রার সুযোগ-সুবিধাও মুহাজির ভাইদের সঙ্গে ভাগ করে নেন। মানব ইতিহাসে এত বৃহৎ পরিসরে স্বার্থত্যাগের এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়।
আল্লাহ তাআলা তাঁদের এই মহৎ চরিত্রের প্রশংসা করে বলেন, "আর যারা তাদের পূর্বেই মদীনায় বসবাস করেছে এবং ঈমান গ্রহণ করেছে, তারা তাদের কাছে হিজরতকারীদের ভালোবাসে। তাদের যা দেওয়া হয়েছে, সে কারণে নিজেদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব করে না। বরং নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যদের নিজেদের ওপর অগ্রাধিকার দেয়।"-(সূরা আল-হাশর, ৫৯:৯)
এই আয়াত আনসারদের আত্মত্যাগ, উদারতা ও ঈমানের গভীরতার এক চিরন্তন স্বীকৃতি।
মুহাজিরদের মর্যাদা
আল্লাহ তাআলা মুহাজিরদেরও বিশেষভাবে প্রশংসা করেছেন, "এই সম্পদ সেই দরিদ্র মুহাজিরদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পদ থেকে বিতাড়িত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁর রাসূলকে সাহায্য করে। তারাই সত্যবাদী।" -(সূরা আল-হাশর, ৫৯:৮)
মুহাজির ও আনসারের সম্মিলিত মর্যাদা
আল্লাহ তাআলা বলেন, "প্রথম অগ্রগামী মুহাজির ও আনসার এবং যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে।" -(সূরা আত-তাওবাহ, ৯:১০০)
সাহাবিদের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ-এর ঘোষণা
রাসূলুল্লাহ ﷺ সাহাবিদের মর্যাদা সম্পর্কে সতর্ক করে বলেন, "তোমরা আমার সাহাবিদের গালি দিও না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, তবুও তাদের একজনের এক মুদ (পরিমাণ) কিংবা অর্ধেক মুদের সমানও মর্যাদা লাভ করতে পারবে না।"-(সহীহ বুখারী, হাদীস: ৩৬৭৩)
রাষ্ট্র নির্মাণে মুয়াখাতের তাৎপর্য
মুয়াখাতের মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ গোত্রীয় বিভেদকে ঈমানের বন্ধনে রূপান্তরিত করেন। রাষ্ট্রের ভিত্তি হয়ে ওঠে বংশ, ভাষা কিংবা সম্পদ নয়; বরং তাকওয়া ও ভ্রাতৃত্ব। ফলে নবগঠিত ইসলামী রাষ্ট্রে ধনী-গরিব, আরব-অনারব, মুহাজির-আনসার, সবাই একটি জাতিতে পরিণত হয়।
এ ব্যবস্থা সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক দায়িত্ববোধ এবং জাতীয় ঐক্যকে এমনভাবে শক্তিশালী করেছিল যে, অল্প সময়ের মধ্যেই মদীনার ইসলামী রাষ্ট্র একটি সুসংগঠিত ও স্থিতিশীল সমাজে পরিণত হয়।
মদীনার সনদ (صحيفة المدينة): ইসলামী রাষ্ট্রের প্রথম লিখিত সাংবিধানিক দলিল
মসজিদে নববী নির্মাণ এবং মুহাজির-আনসারের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ ইসলামী রাষ্ট্রের আধ্যাত্মিক ও সামাজিক ভিত্তি সুদৃঢ় করেন। কিন্তু একটি রাষ্ট্র কেবল ভ্রাতৃত্ব ও ধর্মীয় চেতনার ওপর দীর্ঘদিন পরিচালিত হতে পারে না; রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা, নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সুষ্ঠু বিধান। এই প্রয়োজন পূরণেই রাসূলুল্লাহ ﷺ প্রণয়ন করেন ইতিহাসখ্যাত মদীনার সনদ (صحيفة المدينة)।
ইসলামের ইতিহাসে এটি রাষ্ট্র পরিচালনার প্রথম লিখিত দলিল। অনেক সমসাময়িক গবেষক একে বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধানগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন।
কেন মদীনার সনদ প্রয়োজন হয়েছিল?
মদীনায় তখন শুধু মুসলিমরাই বসবাস করতেন না। সেখানে আওস ও খাযরাজ গোত্রের মুসলমানদের পাশাপাশি কয়েকটি ইহুদি গোত্র, কিছু মুশরিক আরব এবং অন্যান্য সম্প্রদায়ও বাস করত। দীর্ঘদিনের গোত্রীয় সংঘর্ষ সমাজকে অস্থিতিশীল করে তুলেছিল। নতুন রাষ্ট্রে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং পারস্পরিক অধিকার ও দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারিত হয়, এ উদ্দেশ্যেই রাসূলুল্লাহ ﷺ এই ঐতিহাসিক সনদ প্রণয়ন করেন।
এটি ছিল এমন একটি রাষ্ট্রনীতি, যেখানে মুসলমানদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখেও অমুসলিম নাগরিকদের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।
একটি ঐক্যবদ্ধ জাতির ঘোষণা
মদীনার সনদের প্রথম ধারাগুলোর অন্যতম ছিল, "মুহাজির, আনসার এবং যারা তাদের সঙ্গে যুক্ত হয়ে সংগ্রাম করবে, তারা সবাই অন্য সকল মানুষের থেকে পৃথক একটি উম্মাহ (জাতি)।"
এ ঘোষণার মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ গোত্রীয় বিভাজনের পরিবর্তে ঈমানভিত্তিক জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করেন। আগে মানুষ পরিচিত হতো গোত্রের নামে; এখন তারা পরিচিত হলো ইসলামী উম্মাহর সদস্য হিসেবে।
সামাজিক দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতা
মদীনার সনদে বলা হয়েছিল যে, মুসলমানরা একে অপরের দায়িত্ব বহন করবে। কোনো ব্যক্তি ঋণের বোঝায় জর্জরিত হলে অথবা বন্দি হলে সমাজের অন্য সদস্যরা তাকে সহযোগিতা করবে।
এ থেকে বোঝা যায়, ইসলামী রাষ্ট্রে সামাজিক নিরাপত্তা কেবল সরকারের দায়িত্ব নয়; বরং সমগ্র সমাজের সম্মিলিত দায়িত্ব।
রাসূলুল্লাহ ﷺ বলেন, "পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ অসুস্থ হলে পুরো দেহ জ্বর ও অনিদ্রায় তার সঙ্গে কষ্ট অনুভব করে।" -(সহীহ মুসলিম, হাদীস নং ২৫৮৬)
এই হাদীস মদীনার সনদের সামাজিক চেতনার বাস্তব প্রতিফলন।
আইনের শাসন প্রতিষ্ঠা
মদীনার সনদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, আইনের দৃষ্টিতে সবাই জবাবদিহির আওতাভুক্ত।
সনদে ঘোষণা করা হয়, কেউ জুলুম, অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে, সে যত প্রভাবশালীই হোক না কেন।
এ নীতির বাস্তব প্রতিফলন দেখা যায় রাসূলুল্লাহ ﷺ-এর এই ঘোষণায়, "আল্লাহর শপথ! মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, তবে আমি তার হাতও কর্তন করতাম।"-(সহীহ বুখারী, হাদীস নং ৩৪৭৫)
এ ঘোষণার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন যে, আইনের কাছে সবাই সমান।
ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি
মদীনার সনদের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধর্মীয় স্বাধীনতা।
ইহুদিদের সম্পর্কে সেখানে উল্লেখ করা হয়েছিল, "ইহুদিদের জন্য তাদের ধর্ম, মুসলমানদের জন্য তাদের ধর্ম।" অর্থাৎ রাষ্ট্র তাদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করেনি। বরং তারা রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকলে নিজেদের ধর্ম পালনের অধিকার ভোগ করত।
এই নীতির সঙ্গে কুরআনের নির্দেশ সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, "ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই।" -(সূরা আল-বাকারা, ২:২৫৬)
এ আয়াত প্রমাণ করে, ইসলাম বলপ্রয়োগের মাধ্যমে ধর্ম চাপিয়ে দেওয়ার শিক্ষা দেয় না।
যৌথ নিরাপত্তা ও রাষ্ট্ররক্ষা
মদীনার সনদে উল্লেখ ছিল যে, মদীনার ওপর কোনো শত্রু আক্রমণ করলে সনদের অন্তর্ভুক্ত সকল পক্ষ রাষ্ট্র রক্ষায় সহযোগিতা করবে। এটি ছিল একটি সম্মিলিত নিরাপত্তা নীতি, যার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করা হয়।
বিচারব্যবস্থার সর্বোচ্চ কর্তৃত্ব
সনদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা ছিল, যখন কোনো গুরুতর বিরোধ বা সংকট দেখা দেবে, তখন তার চূড়ান্ত ফয়সালা হবে আল্লাহ এবং তাঁর রাসূল ﷺ-এর সিদ্ধান্ত অনুযায়ী।
এ নীতির ভিত্তিই ছিল আল্লাহর এই ঘোষণা,
"আপনার প্রতিপালকের শপথ! তারা কখনো মুমিন হতে পারবে না, যতক্ষণ না নিজেদের পারস্পরিক বিরোধে আপনাকেই বিচারক হিসেবে মেনে নেয়।" -(সূরা আন-নিসা, ৪:৬৫)
রাষ্ট্র পরিচালনায় মদীনার সনদের তাৎপর্য
মদীনার সনদ প্রমাণ করে, ইসলামী রাষ্ট্র কেবল ধর্মীয় ইবাদতের ব্যবস্থা নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ নাগরিক রাষ্ট্র, যেখানে,
নাগরিকদের অধিকার সংরক্ষিত হয়।
আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়।
সামাজিক নিরাপত্তা বজায় রাখা হয়।
রাষ্ট্রের নিরাপত্তা সম্মিলিতভাবে রক্ষা করা হয়।
বিচারব্যবস্থা আল্লাহর বিধানের ওপর প্রতিষ্ঠিত হয়।
রাসূলুল্লাহ ﷺ এই সনদের মাধ্যমে গোত্রীয় সমাজকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন।
নববী রাষ্ট্রে ন্যায়বিচার ও আইনের শাসন: আদর্শ রাষ্ট্রের মূলভিত্তি
মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের আধ্যাত্মিক ভিত্তি, মুহাজির ও আনসারের ভ্রাতৃত্বের মাধ্যমে সামাজিক ভিত্তি এবং মদীনার সনদের মাধ্যমে সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার পর রাসূলুল্লাহ ﷺ যে বিষয়টিকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছিলেন, তা হলো ন্যায়বিচার (আদল) ও আইনের শাসন।
কোনো রাষ্ট্রের প্রকৃত শক্তি তার সেনাবাহিনী, সম্পদ কিংবা জনসংখ্যার ওপর নির্ভর করে না; বরং নির্ভর করে সেখানে ন্যায়বিচার কতটা প্রতিষ্ঠিত হয়েছে তার ওপর। যেখানে বিচার বিক্রি হয়, পক্ষপাতিত্ব স্থান পায় এবং ক্ষমতাবানরা আইনের ঊর্ধ্বে অবস্থান করে, সেখানে রাষ্ট্রের ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। পক্ষান্তরে যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, সেখানে মানুষের জান-মাল, সম্মান ও অধিকার নিরাপদ থাকে। নববী রাষ্ট্র এই নীতির সর্বোৎকৃষ্ট উদাহরণ।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ইসলামের মৌলিক নির্দেশ
ইসলামে বিচার কেবল প্রশাসনিক দায়িত্ব নয়; বরং এটি একটি ইবাদত এবং আল্লাহর পক্ষ থেকে অর্পিত মহান আমানত।
আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দেবে এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়বিচারের সঙ্গে বিচার করবে।" -(সূরা আন-নিসা, ৪:৫৮)
এ আয়াত লক্ষ করলে দেখা যায়, আল্লাহ তাআলা "মুমিনদের মধ্যে বিচার করবে" বলেননি; বরং বলেছেন "মানুষের মধ্যে বিচার করবে"। অর্থাৎ মুসলিম ও অমুসলিম নির্বিশেষে প্রত্যেক নাগরিক ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।
ন্যায়বিচারে আত্মীয়তারও স্থান নেই
ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো, ন্যায়বিচারের ক্ষেত্রে আত্মীয়তা, গোত্র, সম্পদ বা ক্ষমতার কোনো মূল্য নেই।
আল্লাহ তাআলা বলেন, "হে ঈমানদারগণ! তোমরা ন্যায়বিচারের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের, পিতা-মাতা কিংবা নিকটাত্মীয়দের বিরুদ্ধেই হয়।" -(সূরা আন-নিসা, ৪:১৩৫)
এই আয়াত ইসলামী বিচারব্যবস্থার এমন একটি নীতি প্রতিষ্ঠা করেছে, যার তুলনা সে যুগে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে ছিল না।
ক্ষমতাবান ও সাধারণ মানুষের জন্য একই আইন
রাসূলুল্লাহ ﷺ-এর যুগে এক সম্ভ্রান্ত কুরাইশ মহিলা চুরির অপরাধে অভিযুক্ত হন। লোকেরা চেয়েছিল তাঁর সামাজিক মর্যাদার কারণে শাস্তি মওকুফ করা হোক। তারা হযরত উসামা ইবন যায়েদ (রাযিয়াল্লাহু আনহু)-কে সুপারিশের জন্য পাঠান।
এতে রাসূলুল্লাহ ﷺ অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বলেন, "তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এ কারণেই ধ্বংস হয়েছে যে, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল ব্যক্তি চুরি করলে তার ওপর শাস্তি কার্যকর করত। আল্লাহর শপথ! মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, তবে আমি তার হাতও কর্তন করতাম।"- (সহীহ বুখারী, হাদীস: ৩৪৭৫)
এই ঘোষণার মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ পৃথিবীকে শিখিয়েছেন, আইনের কাছে শাসক ও সাধারণ নাগরিকের মধ্যে কোনো পার্থক্য নেই।
বিচারকের প্রথম গুণ সততা ও আল্লাহভীতি
রাসূলুল্লাহ ﷺ বিচারকদের সতর্ক করে বলেছেন, "বিচারক তিন প্রকার। একজন জান্নাতে এবং দুজন জাহান্নামে। যিনি সত্য জেনে সে অনুযায়ী বিচার করেন, তিনি জান্নাতে। আর যারা সত্য জেনেও অন্যায় বিচার করেন অথবা না জেনে বিচার করেন, তারা জাহান্নামে।"-(সুনান আবু দাউদ, হাদীস: ৩৫৭৩; জামে তিরমিযী, হাদীস: ১৩২২)
এ হাদীস থেকে বোঝা যায়, বিচারকের পদ সম্মানের নয়; বরং এটি অত্যন্ত বড় দায়িত্ব।
অমুসলিম নাগরিকের প্রতিও সমান ন্যায়বিচার
নববী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও সমানভাবে বিচার লাভ করতেন। আল্লাহ তাআলা বলেন, "কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়বিচার থেকে বিরত না রাখে। ন্যায়বিচার করো; এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।" -(সূরা আল-মায়িদাহ, ৫:৮)
এ আয়াত ঘোষণা করে, শত্রুর প্রতিও অন্যায় করা ইসলামে বৈধ নয়।
বিচার বিলম্ব নয়, দ্রুত নিষ্পত্তি
রাসূলুল্লাহ ﷺ অধিকাংশ বিরোধ দ্রুত নিষ্পত্তি করতেন। দীর্ঘসূত্রতা, অযথা জটিলতা কিংবা বিচার প্রার্থীদের হয়রানি তাঁর রাষ্ট্রে ছিল না। ফলে জনগণের মধ্যে বিচারব্যবস্থার প্রতি গভীর আস্থা সৃষ্টি হয়েছিল। তিনি বিচারকার্যে সাক্ষ্য, প্রমাণ এবং উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেন।
তিনি বলেন,"মানুষকে যদি শুধু দাবির ভিত্তিতে দেওয়া হতো, তবে অনেকে অন্যের রক্ত ও সম্পদের দাবিও করে বসত। তাই দাবিদারের ওপর প্রমাণ উপস্থাপনের দায়িত্ব, আর যে অস্বীকার করবে তার ওপর শপথের দায়িত্ব।" -(সুনান আল-বাইহাকী; হাদীসটির অর্থ সহীহ এবং ইসলামী বিচারনীতির সর্বজনস্বীকৃত মূলনীতি)
এ নীতিই বর্তমান বিচারব্যবস্থার "প্রমাণের দায়িত্ব দাবিদারের ওপর" এই মূলনীতির ভিত্তি।
ন্যায়বিচারের ফলাফল
নববী রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে মানুষ জানত, তাদের অধিকার রক্ষার জন্য একটি নিরপেক্ষ ব্যবস্থা রয়েছে। ফলে সমাজে অপরাধ কমে যায়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায় এবং রাষ্ট্রের প্রতি মানুষের আনুগত্য সুদৃঢ় হয়।
পরবর্তীকালে হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু)-এর শাসনামলেও এই নববী ন্যায়নীতির বাস্তব প্রয়োগ দেখা যায়। তাঁর শাসনামল ন্যায়বিচারের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
মূর্তি ও ভাস্কর্যপ্রীতি : ইসলাম কী বলে?
ইসলামের যে বিষয়গুলোর নিষিদ্ধতা অকাট্য ও মুতাওয়াতিরভাবে প্রমাণিত তার মধ্যে প্রাণীর প্রতিকৃতি নির্মাণ ...
ইলমে দীন ও আধুনিক শিক্ষার সমন্বয় ভাবনা
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন,اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعم...
তাহাফফুযে খতমে নবুওত ও কাদিয়ানী সম্প্রদায়
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه،ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا،...
ঈমানের মূল ভিত্তি ইসলামী আকায়েদ
...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন