আতর ব্যবহারের সুন্নাহ
প্রশ্নঃ ১৭৫২৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল সঃ কি সুগন্ধি বা আতর ব্যবহার করতেন?
২৫ নভেম্বর, ২০২৬
ভোলা
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জী, রাসূলুল্লাহ ﷺ শুধু সুগন্ধি বা আতর ব্যবহারই করতেন না; বরং তিনি সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন। তাঁর পবিত্র জীবন ছিল সুগন্ধিময়। সাহাবায়ে কেরাম তাঁর শরীর মোবারক থেকে সুগন্ধ অনুভব করতেন। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الطِّيبَ
অর্থ: রাসূলুল্লাহ ﷺ সুগন্ধি ফিরিয়ে দিতেন না; অর্থাৎ কেউ তাঁকে আতর বা সুগন্ধি উপহার দিলে তিনি তা প্রত্যাখ্যান করতেন না। —সহিহ বুখারি, হাদিস ৫৯২৯।
একটি বর্ণনায় এসেছে, حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ
অর্থ: দুনিয়ার মধ্যে নারী ও সুগন্ধিকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আর আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে। —সুনানে নাসাঈ, হাদিস ৩৯৩৯
একটি বর্ণনায় এসেছে. كَانَ أَحَبَّ الطِّيبِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعُودُ
অর্থ: রাসূলুল্লাহ ﷺ-এর কাছে সবচেয়ে প্রিয় সুগন্ধি ছিল ঊদ (আগর জাতীয় সুগন্ধি)। —আল-আনওয়ার ফি শামাইলিন নাবিয়্যিল মুখতার, ১০৬৬।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ أَنْ يَخْرُجَ إِلَى أَصْحَابِهِ تَفِلَ الرِّيحِ وَكَانَ إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ مَسَّ طِيبًا
অর্থ: রাসূলুল্লাহ ﷺ সুগন্ধিহীন অবস্থায় সাহাবিদের সামনে বের হওয়া অপছন্দ করতেন। রাতের শেষভাগে তিনি সুগন্ধি ব্যবহার করতেন। —আল-আনওয়ার ফি শামাইলিন নাবিয়্যিল মুখতার, ১০৭০।
এসব হাদীসের আলোকে আমরা বুঝতে পারলাম, সাধারণভাবে যেকোনো উত্তম সুগন্ধি বা আতর মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে অত্যন্ত প্রিয় ছিল। তিনি নিজে নিয়মিত সুগন্ধি ব্যবহার করতেন এবং তা গ্রহণ করতে পছন্দ করতেন।। জুমার নামাজ, জামাত, মজলিস ও মানুষের সঙ্গে সাক্ষাতের সময় সুগন্ধি ব্যবহার করা উত্তম আদব। কাউকে আতর উপহার দেওয়া হলে তা গ্রহণ করা সুন্নাহসম্মত। পুরুষদের জন্য এমন সুগন্ধি ব্যবহার করা উত্তম, যার ঘ্রাণ সুন্দর এবং যা শরিয়তের সীমার মধ্যে থাকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন