রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ-র খাদ্যাভ্যাস
প্রশ্নঃ ১৭২০৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কেমনভাবে কি কি খাবার খেতেন, কতবার খেতেন,তিনি কি আমাদের মত তিনবার খাবার খেতেন, দুবার ,কি একবার?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ ﷺ প্রতিদিন নির্দিষ্টভাবে তিনবার, দুবার কিংবা একবার খাবার খেতেন, এমন কোনো নিয়ম সহিহ হাদিসে প্রমাণিত নেই। তাঁর খাবারের সময় ও পরিমাণ পরিস্থিতি, প্রাপ্যতা এবং প্রয়োজন অনুযায়ী ভিন্ন হতো।
রাসূলুল্লাহ ﷺ খাবারের ক্ষেত্রে সরলতা ও পরিমিতি অবলম্বন করতেন। তিনি ﷺ বলেছেন:
“আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখে। আর যদি বেশি খেতেই হয়, তবে এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য।”
জামে তিরমিজি, হাদিস ২৩৮০;
রাসুলুল্লাহ ﷺ সাধারণত যে ধরনের খাবার খেতেন:
খেজুর: খেজুর ছিল তাঁর ﷺ পরিবারের পরিচিত খাবার। আয়িশা (রা.) বলেন, “মুহাম্মদ ﷺ-এর পরিবার কোনো এক দিনে দুইবার খাবার খেলে, তার একবারের খাবার খেজুর হতো।”
সূত্র: সহিহ বুখারি, হাদিস ৬৪৫৫।
যবের রুটি : তিনি ﷺ যবের রুটি খেতেন। তাঁর পরিবার অনেক সময় অভাবের কারণে পেট ভরে খাবার খেতে পারত না। সহিহ বুখারি: ৫৪১৬
তাজা খেজুর ও শসা: আবদুল্লাহ ইবনু জাফর (রা.) তাঁকে ﷺ তাজা খেজুরের সঙ্গে শসা খেতে দেখেছেন। সহিহ মুসলিম: ২০৪৩
মাংস ও লাউজাতীয় সবজি: তিনি ﷺ মাংস খেতেন এবং লাউজাতীয় সবজি পছন্দ করতেন। আনাস (রা.) তাঁকে রান্না করা লাউ খেতে দেখেছেন। সহিহ বুখারি: ৫৩৭৯
মোটকথা : নবীজি তাঁর অঞ্চলের মানুষেরা যা খেতেন, তা-ই খেতেন। তিনি নিজেকে নির্দিষ্ট খাদ্যে সীমাবদ্ধ রাখতেন না।
খাবারের সময় রাসূল সা.-এর সামনে যা আসতো তিনি তা তৃপ্তি নিয়ে খেয়ে নিতেন। আর যা নেই তা নিয়ে ভাবতেন না। হালাল ও পবিত্র সবধরনের খাবার খেয়ে নিতেন। তবে অরুচিকর কিছু হলে তা হারাম না হলেও বিরত থাকতেন।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ-র খাদ্য তালিকা এবং খাবার সম্পর্কিত বিস্তারিত জানতে সীরাতের কিতাব অধ্যয়ন করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন