পানির পাত্র ও পান করার সুন্নত
প্রশ্নঃ ১৭২৩১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাত্র নির্দিষ্ট আছে কি যে তাতে পানি পান করা সুন্নাহ? গ্লাসে বা বোতল না, বাটিতে পানি পান করা কি সুন্নাহ? পানি পান করার কয়টা সুন্নাহ এবং কী কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে কোন পাত্র, যেমন কাঁচ, মাটি, স্টিল বা অন্য যে কোন পাত্রে পানি পান করা যায়।
হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করতেন। তবে সাধারণত রাসুলুল্লাহ ﷺ-এর একটি কাঠের পানপাত্র ছিল। সাহাবায়ে কেরাম সেই পাত্রে তাঁকে পানি পান করাতেন।
عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، قَالَ: رَأَيْتُ قَدَحَ النَّبِيِّ ﷺ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ
অর্থ: আসিম আহওয়াল (রহ.) বলেন, আমি আনাস ইবনে মালিক (রা.)-এর কাছে নবী ﷺ-এর পানপাত্র দেখেছি।
এরপর হাদিসে বর্ণিত হয়েছে, পাত্রটি নাদার কাঠের তৈরি ছিল এবং আনাস (রা.) দীর্ঘ সময় ধরে ওই পাত্রে রাসুলুল্লাহ ﷺ-কে পানি পান করিয়েছেন। সহিহ আল-বুখারি, হাদিস: ৫৬৩৮,
সুতরাং পানি পান করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পাত্রের চেয়ে রাসুলুল্লাহ ﷺ-এর পান করার পদ্ধতি ও আদব অনুসরণ করাই সুন্নত।
পানি পান করার সুন্নত হলো:
১. পানির পাত্র ব্যবহার করা : রাসুলুল্লাহ (সা.) পানির উৎস মুখ ডুবিয়ে পানি পান করার পরিবর্তে পানি পাত্রে নিয়ে পান করতে বলেছেন। কেননা পানির উৎস মুখ ডুবিয়ে দিলে রোগ-জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, তোমাদের কেউ যেন কুকুরের মতো পানিতে মুখ দিয়ে পান না করে, এক হাতেও যেন পানি পান না করে। যেমন একদল করে থাকে।
২. পরিষ্কার পাত্রে পান করা : রাসুলুল্লাহ (সা.) পানির পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, রাতের বেলা পানপাত্র আন্দোলিত না করে (পরিষ্কার না করে) যেন পানি পান না করে।
তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩৪৩১)
৩. বিসমিল্লাহ পাঠ করা : রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন তোমরা পান করো, তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আল-হামদুলিল্লাহ পাঠ করবে। (সুনানে তিরমিজি, হাদিস : ১৮৮৫)
৪. ডান হাতে পান করা : মহানবী (সা.) বলেন, তোমরা বাম হাতে আহার কোরো না। কেননা শয়তান বাম হাতে আহার করে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩২৬৮)
৫. বসে পান করা : নবীজি (সা.) দাঁড়ানো, হাঁটা বা শোয়া অবস্থায় পানি পান না করে বসে বসে পানি পান করার নির্দেশ দিয়েছেন।
৬. তিন শ্বাসে পান করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান কোরো না; বরং দুই-তিনবার (শ্বাস নিয়ে) পান কোরো। (সুনানে তিরমিজি, হাদিস : ১৮৮৫)
৭. গ্লাসে নিঃশ্বাস না ফেলা : নবীজি (সা.) বলেন, তোমরা (পান করার সময়) পাত্রে নিঃশ্বাস ফেলো না। (সহিহ বুখারি, হাদিস : ১৫৪)
৮. পান শেষে আলহামদুলিল্লাহ! : রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন তোমরা পান করো, তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। (সুনানে তিরমিজি, হাদিস : ১৮৮৫)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন