আহলে কুরআন বাবার সাথে আচরণ কেমন হওয়া উচিত?
প্রশ্নঃ ১৭৫০৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুফতি সাহেব। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি যে আমার বাবা একজন আহলে কুরআন তরীকার বিপদগ্রস্ত লোক। আমার প্রশ্ন হচ্ছে আমি উনার সাথে কেমন আচরণ করবো, উনার সাথে একই বাসায় থাকবো কিনা? উনি সাহাবায়ে কেরামের ব্যাপারে কটুক্তি করেন। আমি মেজাজ হারিয়ে ফেলি এগুলো শুনলে।
২৫ নভেম্বর, ২০২৬
Noapara
১০৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আপনার বাবাকে সহিহ বুঝ দান করুন। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালার হুকুম মানার এবং সাহাবায়ে কিরামের অনুসৃত পথে রাসূলুল্লাহ সা. এর সুন্নাহের অনুসরণের তাওফিক দান করুন। আমিন। আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি। নিজের বাবা যখন সাহাবায়ে কেরাম রা.-এর ব্যাপারে কটূক্তি করেন, তখন একজন মুমিন সন্তানের জন্য তা সহ্য করা বড়ই কষ্টকর। তবে বাবার এমন মতাদর্শের কারণে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তার সাথে অন্যায় আচরণও করা যাবে না। তার সাথে একই বাসায় থাকাও ছেড়ে দেওয়া যাবে না। বরং তার অন্যায়ের প্রতিবাদ করার সাথে সাথে তাঁকে হেদায়াতের পথে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
এখানে আপনাকে দুইটি কাজ একসঙ্গে করতে হবে।
এক. সন্তান হিসেবে নিজের বাবার সাথে সদাচরণ এবং উত্তম আখলাক বজায় রাখতে হবে।
দুই. সাহাবায়ে কেরাম রা.-এর শান ও মান রক্ষা করতে হবে।
পিতামাতার সাথে সদাচারণের বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশনা হলো,
আয়াতঃ وَاِنۡ جَاہَدٰکَ عَلٰۤی اَنۡ تُشۡرِکَ بِیۡ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ۙ فَلَا تُطِعۡہُمَا وَصَاحِبۡہُمَا فِی الدُّنۡیَا مَعۡرُوۡفًا ۫ وَّاتَّبِعۡ سَبِیۡلَ مَنۡ اَنَابَ اِلَیَّ ۚ ثُمَّ اِلَیَّ مَرۡجِعُکُمۡ فَاُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
অর্থঃ তারা যদি এমন কাউকে (প্রভুত্বে) আমার সমকক্ষ সাব্যস্ত করার জন্য তোমাকে চাপ দেয়, যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের কথা মানবে না। তবে দুনিয়ায় তাদের সাথে সদ্ভাবে থাকবে। এমন ব্যক্তির পথ অবলম্বন করো, যে একান্তভাবে আমার অভিমুখী হয়েছে। অতঃপর তোমাদের সকলকে আমারই কাছে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদেরকে অবহিত করব তোমরা যা-কিছু করতে।
তাফসীর: এই আয়াতের প্রেক্ষাপট লক্ষণীয়। তাফসিরে উসমানিতে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি হাফি. উল্লেখ করেন—
‘‘অর্থাৎ দীনের ব্যাপারে পিতা-মাতা কোন অন্যায় কথা বললে তা মানা তো জায়েয হবে না, কিন্তু তাদের কথা এমন পন্থায় রদ করা যাবে না, যা তাদের জন্য কষ্টদায়ক হয় বা যাতে তারা নিজেদেরকে অপমানিত বোধ করে। বরং তাদেরকে নম্র ভাষায় বুঝিয়ে দেওয়া উচিত যে, আমি আপনাদের কথা মানতে অপারগ। কেবল এতটুকুই নয়; বরং সাধারণভাবে অন্যান্য সকল ক্ষেত্রেই তাদের সাথে সদাচরণ করতে হবে। তাদের খেদমত করতে হবে, আর্থিকভাবে তাদের সাহায্য করতে হবে এবং তারা অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা-যত্ন করতে হবে ইত্যাদি।
মাতা-পিতা যেহেতু ভ্রান্ত পথে আছে তাই তাদের পথ অবলম্বন করা যাবে না কিছুতেই; বরং পথ অবলম্বন করতে হবে কেবল তাদেরই, যারা আল্লাহ তাআলার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক রক্ষা করে চলে। অর্থাৎ কেবল তাঁরই ইবাদত ও আনুগত্য করে। এর ভেতর এই ইঙ্গিতও রয়েছে যে, দীনের অনুসরণও কেবল নিজ বুদ্ধি-বিবেচনার ভিত্তিতে করা ঠিক নয়; বরং যারা আল্লাহ তাআলার আশেক ও তাঁর পরিপূর্ণ অনুগত বলে পরিষ্কারভাবে জানা আছে, দেখতে হবে তারা দীনের অনুসরণ করে কিভাবে এবং তাদের আমলের ধরণ কী? তারা যে কাজ যেভাবে করেন ঠিক সেভাবেই তা সম্পাদন করা চাই। সমস্ত আমলে তাদেরই পথ অনুসরণ করা চাই। এ কারণেই বলা হয়ে থাকে এবং যথার্থই বলা হয়ে থাকে যে, ব্যক্তিগত পড়াশোনার ভিত্তিতে কুরআন ও হাদীসের এমন কোন ব্যাখ্যা করা ও তা থেকে এমন কোন সিদ্ধান্তে উপনীত হওয়া কিছুতেই সমীচীন নয়, যা উম্মতের উলামায়ে কিরাম ও বুযুর্গানে দীন থেকে প্রাপ্ত ব্যাখ্যার পরিপন্থী।’’
সুতরাং আপনার বাবার আকিদা বা বক্তব্য ভুল হলেও তাঁর সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাঁর প্রয়োজন পূরণ করবেন, খোঁজখবর নেবেন এবং যথাসম্ভব সুন্দরভাবে তাঁকে বোঝাবেন।
সাহাবায়ে কেরাম রা.-এর শান ও মান রক্ষা করতে হবে।
সাহাবায়ে কেরাম রা.-এর মর্যাদা ইসলামে অত্যন্ত উঁচু। তাঁদের গালি দেওয়া ও অসম্মান করা গুরুতর গুনাহ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
لَا تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ
অর্থ: “তোমরা আমার সাহাবিদের গালি দিয়ো না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও ব্যয় করে, তবুও তা তাঁদের এক মুদ বা অর্ধ মুদ পরিমাণ (আমলের) সমান হবে না।” —সহিহ বুখারি, হাদিস ৩৬৭৩; সহিহ মুসলিম, হাদিস ২৫৪০।
এখন আপনার বাবা আপনার সামনে সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি করলে কী করবেন?
আপনি শান্তভাবে তাঁকে বলতে পারেন— “আব্বা! সাহাবায়ে কেরাম আমাদের দ্বীন পৌঁছানোর মাধ্যম। তাঁদের সম্পর্কে অসম্মানজনক কথা শুনলে আমার খুব কষ্ট হয়। আপনার কাছে অনুরোধ, তাঁদের ব্যাপারে এমন কথা বলবেন না। কোনো সাহাবির কোনো কাজ নিয়ে খটকা জাগলে তাঁদের অনুসারী তাবেঈন এবং তাদের পরবর্তীতে আলোচনা দেখতে পরেন। তারা ওই কাজের কারণে ওই সাহাবির ব্যাপারে কীরূপ ধারণা পোষণ করতেন। প্রয়োজনে আমরা নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে জেনে আলোচনা করতে পারি।”
- তিনি উত্তেজিত হলে তর্ক বাড়াবেন না। প্রয়োজনে সেই আলোচনা থেকে সরে আসবেন।
- উত্তম পন্থায় তাঁকে বুঝাতে চেষ্টা করবেন।
- জনসম্মুখে তার বিষয়ে আলোচনা করে তাঁকে অপমানিত করা থেকে বিরত থাকবেন।
- তাঁর হেদায়াতের জন্য আল্লাহ তায়ালার কাছে দুয়া করবেন।
- সাধ্যমতো সাদাকাহ করবেন।
তবে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন:
- তাঁর ভ্রান্ত মতাদর্শ গ্রহণ করবেন না।
- তাঁর বক্তব্যে সম্মতি প্রকাশ করবেন না।
- তাঁর সঙ্গে দ্বীনি বিতর্কে এমনভাবে জড়াবেন না, যাতে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়।
- নিজের স্ত্রী-সন্তান থাকলে তাদের আকিদা ও দ্বীনি পরিবেশ রক্ষার চেষ্টা করবেন।
- পরিবারের অন্যদের সাথে বাবার ভ্রান্তি নিয়ে খোলামেলা আলাপ করে বাবার ভুল বিশ্বাস থেকে তাদের নিরাপদে রাখবেন।
- তাঁর আচরণে যদি আপনার বা পরিবারের দ্বীন ও নিরাপত্তার গুরুতর ক্ষতি হয়, তাহলে আলাদা থাকার বিষয়টি বিবেচনা করতে পারেন; তবে বাবার হক ও প্রয়োজনীয় দেখাশোনা বজায় রাখবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন