জুমা মসজিদ প্রতিষ্ঠা ও জুমার নামাজ সহীহ হওয়ার প্রয়োজনীয় শর্তাবলি
প্রশ্নঃ ১৭০২০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নতুন জুম্মা মসজিদ চালু করতে করনীয় কী? ও শর্ত কী কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এলাকার মানুষের জুম্মার নামাজের চাহিদা ও প্রয়োজনের উপর ভিত্তি করে নিম্নে বর্ণিত শর্তাবলি পূরণ হলে জুমার মসজিদ করা যেতে পারে, যথা-
১: মসজিদের স্থানটি সম্পূর্ণ বৈধ, বিতর্কহীন এবং স্থায়ী (ওয়াকফকৃত) হতে হবে। কোনো ব্যক্তিগত বা দখলকৃত জায়গায় স্থায়ী জুম্মা করা শরিয়াহ সম্মত নয়।
২: লোকালয় বা শহরের অন্তর্ভুক্ত হওয়া (المصر أو فناء المصر): মসজিদটি কোন শহর বা শহরতলিতে থাকা। যেখানে স্থায়ী লোকালয়, বাজার এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে (হানাফী মাযহাবের প্রসিদ্ধ মতানুসারে সম্পূর্ণ জনমানবহীন বা বিচ্ছিন্ন স্থানে জুমা সহীহ নয়)।
৩: রাষ্ট্রপ্রধান বা কর্তৃপক্ষের অনুমতি (إذن السلطان/الحاكم): ইসলামী শরীয়াহ অনুযায়ী রাষ্ট্রপ্রধান বা তাঁর মনোনীত কর্তৃপক্ষের অনুমতি থাকা । বর্তমান যুগে স্থানীয় দায়িত্বশীল, ওয়াকফ বোর্ড বা সম্মিলিত উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্তকে এর স্থলাভিষিক্ত ধরা হয়।
৪: সর্বসাধারণের উন্মুক্ত অনুমতি (الإذن العام):
যে কোনো মুসলমান এসে জুমার নামাজ আদায় করতে পারবে—এমন সাধারণ অনুমতি থাকতে হবে।
৫: জুমার খুতবা প্রদান ও মুসল্লিদের একত্রে জামায়াতে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা ও পরিবেশ থাকতে হবে।
৬: খুতবা ও ওয়াক্তের উপস্থিতি: জুমার নামাজের পূর্বশর্ত হিসেবে জোহরের ওয়াক্তের মধ্যে খুতবা প্রদান এবং (ইমাম ব্যতীত) সর্বনিম্ন তিনজন পুরুষ মুসল্লি উপস্থিত থাকা আবশ্যক।
উপরোক্ত শর্তাবলী পূরণ না হলে বা নিকটবর্তী অন্য কোনো জুম্মা মসজিদ খুব বেশি কাছে থাকলে বা সেখানে পর্যাপ্ত জায়গা থাকলে অথবা স্বাভাবিক মাসালা গত কোন বিষয়ে বিভেদ সৃষ্টি করে নতুন মসজিদ না করাই উত্তম।
শরয়ী দলীলাদি:
(١) شرط المسجدية أن يفرز الملك عن غيره، ويقطع حق العبد عنه بالكلية، فيقول: جعلته مسجداً للّه تعالى، ويزول ملكه عنه بالقول عند الإمام أبي يوسف، أو بالتسليم إلى المتولي والصلاة فيه عند الإمام محمد. (رد المحتار على الدر المختار - كتاب الوقوف)
(٢) ومن شروط صحة الجمعة: المصر أو ما هو في حكمه، والسلطان أو من أذنه، والخطبة قبل الصلاة، والجماعة، والوقت، والإذن العام. (الهداية شرح بداية المبتدي - كتاب الصلاة، باب صلاة الجمعة)
(٣) والمسجد الجامع هو الذي يُبنى لوقت الجمعة، ويتسع لأهل المحلة أو المصر، وتقام فيه الصلوات الخمس والجمعة بإذن الإمام. (الفتاوى الهندية - كتاب الصلاة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন