জোর করে দেওয়া বিয়ে মেনে নিতে কষ্ট হলে কী করবেন?
প্রশ্নঃ ১৬৯৫৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ami ekjon meye amk poribarer aobai mile.jor.kore biye dewa hoice ekon ami ai biyeta kono vabe mante partaci na onk try.korci mananor but partaci na ekhon ami ki korbo
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় বোন! আপনার কষ্ট ও অস্বস্তির বিষয়টি আমরা বুঝতে পারছি। তবে বর্তমান পরিস্থিতিতে পেরেশান না হয়ে কিছু বিষয় মনে রাখা জরুরি।
১. আমরা অনেক সময় যা ভালো মনে করি, বাস্তবে তা আমাদের জন্য ভালো নাও হতে পারে:
আল্লাহ তাআলা বলেন:
وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
হতে পারে, তোমরা কোনো বিষয়কে অপছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার হতে পারে, তোমরা কোনো বিষয়কে পছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না।-সূরা আল-বাকারা: ২১৬
তাই বর্তমানে যে বিষয়টি আপনার কাছে অপছন্দনীয় মনে হচ্ছে, ভবিষ্যতে সেটিই আপনার জন্য কল্যাণের কারণ হতে পারে। মানুষের জ্ঞান সীমিত; আল্লাহ তাআলা পরিণতি সম্পর্কে সর্বাধিক অবগত।
২. মা-বাবা সাধারণত সন্তানের অমঙ্গল চান না:
মা-বাবা তাদের অভিজ্ঞতা, চিন্তা ও সন্তানের ভবিষ্যৎ বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। তাই তাঁদের সিদ্ধান্ত আপনার কাছে পছন্দনীয় না হলেও তাঁদের প্রতি খারাপ ধারণা না করে বিষয়টিকে ধৈর্যের সঙ্গে দেখুন।
আর দাম্পত্য জীবন শুধু আবেগ ও ভালো লাগার ওপর প্রতিষ্ঠিত নয়। ভালোবাসা ও মানসিক প্রশান্তি অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে দাম্পত্য জীবনের সঙ্গে দায়িত্ব, পারস্পরিক অধিকার, ধৈর্য, ছাড় দেওয়া, উত্তম আচরণ ও আল্লাহর আনুগত্যও জড়িত।
আল্লাহ তাআলা বলেন:
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। যদি তাদের অপছন্দ কর, তবে হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ কর অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন।-সূরা আন-নিসা: ১৯
৩. প্রাপ্তবয়স্ক মেয়ের সম্মতি নেওয়া:
অবশ্যই প্রাপ্তবয়স্ক মেয়ের মতামত ও সম্মতি নিয়ে বিয়ে দেওয়া উচিত ছিল। ইসলাম মেয়ের মতামতকে গুরুত্ব দিয়েছে। কিন্তু যদি কোনো কারণে অভিভাবক তার সম্মতি ছাড়া বিয়ে সম্পন্ন করে ফেলেন এবং নিকাহ শরিয়তের দৃষ্টিতে সম্পন্ন হয়ে যায়, তাহলে শুধু অনিচ্ছা থাকার কারণে নিজে নিজে সেটিকে অকার্যকর মনে করা যাবে না।
অতএব এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, অতীতের বিষয় নিয়ে নিজেকে পেরেশান না করে বর্তমান জীবনকে কীভাবে সুন্দর করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত।
৪. এখন বর্তমান সংসারে মন দিন:
অতীতের কষ্ট নিয়ে সারাক্ষণ চিন্তা না করে স্বামীর সঙ্গে সুন্দরভাবে সংসার করার চেষ্টা করুন। স্বামীর বৈধ অধিকার আদায় করুন, তাঁর সেবা-যত্ন করুন এবং নিজের অধিকারও শরিয়তসম্মতভাবে বুঝে নিন।
আর যদি বিয়ের আগে বা পরে কোনো পরপুরুষের সঙ্গে হারাম সম্পর্ক, প্রেম বা অনুচিত যোগাযোগ থেকে থাকে, তাহলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করুন। সেই সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করুন এবং যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিন। কারণ পুরোনো সম্পর্ক ধরে রেখে নতুন সংসারে শান্তি পাওয়া কঠিন।
আল্লাহ তাআলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর কাছে আন্তরিক তাওবা করো।-সূরা আত-তাহরীম: ৮
৫. বর্তমান সংসারকে ঈমান ও আমলের আলোয় আলোকিত করুন:
স্বামী-স্ত্রী দুজন মিলে নামাজ, কুরআন তিলাওয়াত, যিকির, দোয়া এবং নেক আমলের পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। সংসারকে শুধু দুনিয়াবি চাহিদা ও আবেগের জায়গা না বানিয়ে আখিরাতের প্রস্তুতির মাধ্যম বানান।
মনে রাখবেন, মানুষের হায়াত খুবই সংক্ষিপ্ত। কতদিন বেঁচে থাকব, কেউ জানি না। তাই এই ছোট্ট জীবনকে অশান্তি, আফসোস ও হারাম সম্পর্কের পেছনে নষ্ট না করে ঈমান ও আমলে পরিপূর্ণ করার চেষ্টা করুন।
আল্লাহ তাআলা বলেন:
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়।-সূরা আলে ইমরান: ১৮৫
তাই বোন, নিজেকে বারবার এই কথা বলুন: “যা হয়ে গেছে, তা নিয়ে আমি আর নিজেকে শেষ করব না। আমি আল্লাহর ওপর ভরসা করে আমার বর্তমান সংসারকে সুন্দর করার চেষ্টা করব।”
আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করুন, আপনার স্বামীর অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করুন এবং আপনাদের দাম্পত্য জীবনকে ঈমান, তাকওয়া ও বরকতে পরিপূর্ণ করে দিন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন