বিকাশে ডিপিএস (DPS) করা ও এর কুপন/রিওয়ার্ড গ্রহণের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৮২৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকাশে Dps খুলেছিলাম, কিছু Dps এর টাকা জমা দিতে পারিনি, এখন বিকাশ-এ অফার দিয়েছি, নতুন করে/মিস হওয়া Dps জমা দিলে ১০০৳ পেমেন্ট কুপন+১৫০০ রিওয়ার্ড পয়েন্ট দিবে, এখন এটা কি আমার জন্য হালাল হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথমত, বিকাশে প্রচলিত সাধারণ ডিপিএস করা শরিয়তসম্মত নয়। কারণ ডিপিএস-এ নির্দিষ্ট সময় পর জমাকৃত মূল টাকার সঙ্গে পূর্বনির্ধারিত অতিরিক্ত অর্থ দেওয়া হয়, যা সুদের অন্তর্ভুক্ত। আর সুদের চুক্তি করা, সুদ দেওয়া এবং সুদ গ্রহণ করা, সবই শরিয়তে হারাম।
এমনকি বিকাশে প্রচলিত “ইসলামিক ডিপিএস”-এর শরিয়াহসম্মত কাঠামো ও বাস্তব পরিচালনা নিয়েও শরিয়াহ বিশেষজ্ঞদের আপত্তি রয়েছে। সুতরাং এর শরয়ি বৈধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে শরিয়তসম্মত সঞ্চয় হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন—
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
অর্থ : আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
(সূরা আল-বাকারা, ২৭৫)
হাদীসে রাসূলুল্লাহ ﷺ সুদের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করেছেন। হযরত জাবির (রাযি.) থেকে বর্ণিত—
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
অর্থ : রাসূলুল্লাহ ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর দুই সাক্ষীর ওপর লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান।
(সহীহ মুসলিম, হাদীস: ১৫৯৮)
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/10997)
অতএব, সুদভিত্তিক ডিপিএসের চুক্তিতে নতুন করে কিস্তি জমা দিয়ে সেই চুক্তি চালু রাখা থেকে বিরত থাকা উচিত।
দ্বিতীয়ত, প্রশ্নে যে ১০০ টাকা পেমেন্ট কুপন ও ১৫০০ রিওয়ার্ড পয়েন্টের কথা বলা হয়েছে, সেগুলো ডিপিএসের কিস্তি জমা দেওয়ার সঙ্গে শর্তযুক্তভাবে দেওয়া হচ্ছে। তাই এগুলোকে সাধারণ উপহার হিসেবে দেখার সুযোগ নেই; বরং ডিপিএস-সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে এবং তা সুদ হিসেবে গণ্য হবে।
করযের বিনিময়ে শর্তযুক্ত অতিরিক্ত সুবিধা গ্রহণের ব্যাপারে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ
অর্থ : তোমাদের কেউ যখন কাউকে করয দেয়, অতঃপর সে তাকে কোনো হাদিয়া দেয় অথবা বাহনে আরোহণ করায়, তাহলে সে যেন তাতে আরোহণ না করে এবং হাদিয়াও গ্রহণ না করে; তবে পূর্ব থেকেই তাদের মধ্যে এ ধরনের লেনদেনের প্রচলন থাকলে ভিন্ন কথা।
(সুনানে ইবনে মাজাহ, হাদীস: ২৪৩২)
(হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/27723)
ফিকহের প্রসিদ্ধ মূলনীতিও হলো—
كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ رِبًا
অর্থ : যে ঋণ কোনো অতিরিক্ত সুবিধা নিয়ে আসে, তা সুদের অন্তর্ভুক্ত।
সুতরাং সুদভিত্তিক ডিপিএসের কিস্তি জমা দেওয়ার বিনিময়ে যদি ১০০ টাকা পেমেন্ট কুপন, ১৫০০ রিওয়ার্ড পয়েন্ট বা এ ধরনের অন্য কোনো সুবিধা শর্তযুক্তভাবে দেওয়া হয়, তাহলে তা গ্রহণ করা জায়েয হবে না।
সারকথা:
বিকাশের ডিপিএস জমা দিলে পেমেন্ট কুপন, রিওয়ার্ড পয়েন্ট বা অন্য যা-ই দিক না কেন, তা গ্রহণ করা নাজায়েয ও হারাম। সুতরাং বিকাশে ডিপিএস করা এবং এর বিনিময়ে এ জাতীয় কুপন বা অফার গ্রহণ করা থেকে বিরত থাকা আবশ্যক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন