প্রবন্ধ
দ্বীনের হেফাজতে সাহাবায়ে কেরামের ভূমিকা
২৪ আগস্ট, ২০২৬
৬৯৩
০
দ্বীনের হেফাজতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ভূমিকা ছিল অতুলনীয়। তাঁরা শুধু ইসলাম গ্রহণ করেই থেমে থাকেননি; বরং রাসূলুল্লাহ ﷺ-এর কাছ থেকে দ্বীনকে বিশুদ্ধভাবে গ্রহণ করে তা সংরক্ষণ, বাস্তবায়ন, রক্ষা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালন করেছেন।
তাঁদের মাধ্যমে কুরআনুল কারীম মুখস্থ ও লিখিতভাবে সংরক্ষিত
হয়েছে; পরবর্তীতে হযরত আবু
বকর রা.-এর যুগে তা একত্রে সংকলিত এবং হযরত উসমান রা.-এর যুগে উম্মাহর মধ্যে পাঠের
ঐক্য রক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ ও হাদীস সংরক্ষণ করেছেন এবং নিজেদের বাস্তব আমলের
মাধ্যমে নববী আদর্শকে জীবন্ত রেখেছেন।
রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের
পর তাঁরা রিদ্দাহ, ভ্রান্ত আকীদা ও
বিভিন্ন ফিতনার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ইসলামের মৌলিক বিশ্বাস ও বিধান রক্ষা
করেছেন। একই সঙ্গে তাঁরা দ্বীনের শিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে
পড়েছেন এবং পরবর্তী প্রজন্মের জন্য ইসলামী ইলমের এক শক্তিশালী ও বিশ্বস্ত
ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেছেন।
দ্বীনের হেফাজতের এ মহান দায়িত্ব পালনে তাঁরা ঘরবাড়ি ও
সম্পদ ত্যাগ করেছেন, জুলুম-নির্যাতন সহ্য
করেছেন এবং প্রয়োজনে জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। তাই সাহাবায়ে কেরামের অবদান
শুধু ইসলামের ইতিহাসের একটি অধ্যায় নয়; বরং আজ আমাদের কাছে কুরআন, সুন্নাহ ও ইসলামের বিশুদ্ধ শিক্ষা পৌঁছে যাওয়ার
পেছনে তাঁদের ভূমিকা অন্যতম প্রধান ভিত্তি।
দ্বীনের হেফাজতে সাহাবায়ে কেরামের ভূমিকা
ভূমিকা
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين، وعلى آله وأصحابه أجمعين، أما بعد:
ইসলাম আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ ও চিরস্থায়ী জীবনব্যবস্থা। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মূল উৎস ও মৌলিক শিক্ষা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং গ্রহণ করেছেন। তিনি ইরশাদ করেন—
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
অর্থ: নিশ্চয় আমরাই এই যিকর (কুরআন) নাযিল করেছি এবং আমরাই অবশ্যই এর সংরক্ষক।
আল্লাহ তাআলা তাঁর দ্বীন সংরক্ষণের জন্য বিভিন্ন উপকরণ ও মাধ্যম নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর দ্বীনের হেফাজত, সংরক্ষণ, প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম।
তাঁরা কুরআন রাসূলুল্লাহ ﷺ-এর মুখ
থেকে সরাসরি শুনেছেন, তাঁর নিকট থেকে সুন্নাহ ও শরিয়তের বিধান শিক্ষা গ্রহণ করেছেন, নিজেদের জীবনে তা বাস্তবায়ন করেছেন এবং অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিয়েছেন। তাঁরা কেবল দ্বীন গ্রহণই করেননি; বরং দ্বীনকে সংরক্ষণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, বিকৃতি ও বিলুপ্তির ঝুঁকি থেকে রক্ষা করেছেন এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন।
তাই দ্বীনের হেফাজতে সাহাবায়ে কেরামের ভূমিকা আলোচনা করা মূলত ইসলামের বিশুদ্ধ রূপ কীভাবে আমাদের কাছে পৌঁছেছে, সেই ইতিহাসেরই আলোচনা।
সাহাবায়ে কেরাম: দ্বীনের প্রথম ধারক ও বাহক
রাসূলুল্লাহ ﷺ ছিলেন আল্লাহর সর্বশেষ রাসূল। তাঁর প্রতি নাযিলকৃত কুরআন এবং তাঁর শিক্ষা, ব্যাখ্যা, সুন্নাহ ও জীবনাদর্শ কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মাহর জন্য অনুসরণীয়। কিন্তু প্রশ্ন হলো, রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর তাঁর
শিক্ষা মানুষের কাছে কীভাবে পৌঁছবে?
এই মহান দায়িত্বের প্রথম বাহক ছিলেন সাহাবায়ে কেরাম। তাঁরা ছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর সরাসরি
ছাত্র এবং তাঁর জীবন ও শিক্ষার প্রত্যক্ষ সাক্ষী। তাঁরা তাঁর কাছ থেকে কুরআন শুনেছেন এবং তাঁর নামাজ, হজ, দাওয়াত, বিচারকার্য, আচার-আচরণ ও পারিবারিক জীবন নিজ চোখে প্রত্যক্ষ করেছেন।
আজ আমরা রাসূলুল্লাহ ﷺ-এর বাণী
জানি হাদীসের মাধ্যমে; তাঁর আমল জানি সাহাবিদের বর্ণনার মাধ্যমে; আর তাঁর
সুন্নাহ অনুযায়ী ইবাদত করি তাঁদের মাধ্যমে প্রাপ্ত শিক্ষার ধারাবাহিকতার ভিত্তিতে। দ্বীন আমাদের কাছে পৌঁছার প্রাথমিক শৃঙ্খলা ছিল এমন—
আল্লাহর ওহী → রাসূলুল্লাহ ﷺ → সাহাবায়ে কেরাম → তাবেয়ীন
→
তাবে তাবেয়ীন → পরবর্তী ওলামায়ে
কেরাম → জনসাধারণ
এই শৃঙ্খলায় রাসূলুল্লাহ ﷺ-এর পর
প্রথম ও প্রধান মানবিক মাধ্যম ছিলেন সাহাবায়ে কেরাম। তাঁরা ছাড়া দ্বীনের কোনো একটি সূত্রও আমাদের কাছে পৌঁছত না।
সাহাবায়ে কেরামের মর্যাদা
সাহাবায়ে কেরাম সাধারণ কোনো প্রজন্ম ছিলেন না। তাঁরা ছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর সরাসরি
ছাত্র এবং নববী প্রশিক্ষণে গড়ে ওঠা উম্মতের সর্বোত্তম প্রজন্ম। আল্লাহ তাআলা স্বয়ং তাঁদেরকে শেষ নবীর সাহচর্য ও দ্বীনের ভার বহনের জন্য মনোনীত করেছিলেন।
১. আল্লাহর সন্তুষ্টির ঘোষণা
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
অর্থ: মুহাজির ও আনসারদের মধ্যে যাঁরা (ঈমান আনয়নে) অগ্রগামী, এবং যাঁরা উত্তমভাবে তাঁদের অনুসরণ করেছে, আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছেন।
এটি সাহাবায়ে কেরামের মর্যাদার সবচেয়ে বড় দলিলগুলোর অন্যতম। আল্লাহ তাআলা তাঁদের প্রতি সন্তুষ্টির স্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং পরবর্তী প্রজন্মকে তাঁদের উত্তমরূপে অনুসরণের প্রতি উৎসাহিত করেছেন।
২. প্রকৃত মুমিন হিসেবে স্বীকৃতি
আল্লাহ তাআলা বলেন—
وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوا وَّنَصَرُوا أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا
অর্থ: যাঁরা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যাঁরা তাঁদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে—তাঁরাই প্রকৃত মুমিন।
এই আয়াতে মুহাজির ও আনসার সাহাবায়ে কেরামের ঈমান, হিজরত, জিহাদ ও ত্যাগের বিশেষভাবে প্রশংসা করা হয়েছে।
৩. ঈমানী গুণাবলির প্রশংসা
আল্লাহ তাআলা বলেন—
مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ
অর্থ: মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তাঁর সঙ্গে যাঁরা আছেন তাঁরা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর দয়াশীল।
এই আয়াতগুলো সাহাবায়ে কেরামের ঈমান, ইবাদত, পারস্পরিক ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষার এক জীবন্ত চিত্র তুলে ধরে।
৪. সাহাবায়ে কেরাম ছিলেন সর্বোশ্রেষ্ঠ
জাতি
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
অর্থ: মানুষের মধ্যে সর্বোত্তম হলো আমার যুগের লোকেরা, এরপর তাঁদের পরবর্তী যুগের লোকেরা, এরপর তাঁদের পরবর্তী যুগের লোকেরা।
— সহীহ বুখারি, ২৬৫২; সহিহ মুসলিম, ২৫৩৩
রাসূলুল্লাহ ﷺ-এর যুগের
মানুষ বলতে মূলত সাহাবায়ে কেরামকেই বোঝানো হয়েছে। তাঁরা সরাসরি রাসূল ﷺ-এর সাহচর্য লাভ করেছেন, তাঁর নিকট থেকে ওহী ও দ্বীনের শিক্ষা গ্রহণ করেছেন এবং তাঁর চরিত্র ও কর্মকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন।
অতএব, সাহাবায়ে কেরাম ছিলেন এমন এক মহান জাতি, যাঁদের ঈমান, ত্যাগ ও দ্বীনের প্রতি নিষ্ঠার প্রশংসা কুরআন-সুন্নাহয় বর্ণিত হয়েছে এবং যাঁদের মাধ্যমেই দ্বীনের বিশুদ্ধ শিক্ষা সংরক্ষিত হয়েছে।
কুরআনুল কারীম সংরক্ষণ ও সংকলনে সাহাবায়ে কেরামের অবদান
দ্বীনের হেফাজতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর কিতাব সংরক্ষণ করা। সাহাবায়ে কেরাম এই দায়িত্ব অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
১. নাযিলের সঙ্গে
সঙ্গে হিফজ ও লিখন
রাসূলুল্লাহ ﷺ-এর জীবদ্দশায় কুরআনের আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবায়ে কেরাম তা মুখস্থ করে নিতেন। পাশাপাশি ওহী লেখকগণ—যাঁদের মধ্যে যায়েদ ইবনে সাবিত, উবাই ইবনে কাব, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ উল্লেখযোগ্য—তা লিখে
রাখতেন। এভাবে কুরআন একই সঙ্গে দুটি নিরাপদ মাধ্যমে সংরক্ষিত হচ্ছিল—অসংখ্য হাফিজের বক্ষে এবং লিখিত সহীফায়।
২. আবু বকর সিদ্দীক
রা.-এর
যুগে সংকলন
রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর ইয়ামামার যুদ্ধে বহুসংখ্যক কুরআনের হাফিজ শহীদ হলে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরআনকে একত্রে সংকলিত করার প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেন। তাঁর সুচিন্তিত পরামর্শে হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কুরআন সংগ্রহ ও সংকলনের গুরুদায়িত্ব অর্পণ করেন।
যায়েদ ইবনে সাবিত রা. অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখিত উপকরণ এবং একাধিক সাহাবির মুখস্থ পাঠের সমন্বয়ে কুরআনের একটি নির্ভরযোগ্য সংকলন প্রস্তুত করেন। প্রতিটি আয়াতের ক্ষেত্রে তিনি অন্তত দুইজন সাক্ষীর সাক্ষ্য যাচাই করে নিতেন। এই ঘটনা সহিহ বুখারিতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
৩. উসমান ইবনে
আফফান রা.-এর
যুগে মুসহাফের ঐক্য প্রতিষ্ঠা
পরবর্তীতে ইসলামী সাম্রাজ্য বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হলে ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের কিরাআতগত পার্থক্য নিয়ে বিরোধ ও বিভ্রান্তির আশঙ্কা দেখা দেয়। এই সংকট নিরসনে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট সংরক্ষিত মূল কপি থেকে অভিন্ন অনুলিপি প্রস্তুত করিয়ে তা ইসলামী বিশ্বের প্রধান কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেন।
এভাবে সাহাবায়ে কেরামের একনিষ্ঠ প্রচেষ্টার মধ্য দিয়েই আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি— "নিশ্চয় আমরাই এর সংরক্ষক"—বাস্তবে রূপ লাভ করে।
সুন্নাহ ও হাদীসের হেফাজতে সাহাবায়ে কেরামের অবদান
১. সুন্নাহ
সংরক্ষণের প্রয়োজনীয়তা
কুরআনের পর ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হলো রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন—
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
অর্থ: রাসূল তোমাদের যা দেন, তা গ্রহণ করো; আর যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন, তা থেকে বিরত থাকো।
কুরআনে নামাজ, যাকাত, রোজা ও হজের নির্দেশ এসেছে সংক্ষিপ্তভাবে; কিন্তু এসব ইবাদতের খুঁটিনাটি বিধান ও বাস্তব পদ্ধতি আমরা জানতে পারি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ থেকে। আর
এই সুন্নাহ আমাদের কাছে পৌঁছেছে মূলত সাহাবায়ে কেরামের মাধ্যমেই।
২. রাসূলুল্লাহ ﷺ-এর কথা ও কাজ
সংরক্ষণ
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ﷺ-এর কথা
ও কাজ গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করতেন এবং তা অন্যদের কাছে পৌঁছে দিতেন। কেউ ছিলেন তাঁর সফরসঙ্গী, কেউ মসজিদে বসে তাঁর নিকট থেকে শিক্ষা গ্রহণ করতেন, কেউ তাঁর ব্যক্তিগত সেবায় নিয়োজিত ছিলেন। আবার উম্মুল মুমিনীনগণ রাসূলুল্লাহ ﷺ-এর পারিবারিক জীবনের বহু গুরুত্বপূর্ণ শিক্ষা উম্মাহর কাছে পৌঁছে দিয়েছেন।
হযরত আবু হুরায়রা রা., আবদুল্লাহ ইবনে উমর রা., আনাস ইবনে মালিক রা., আবদুল্লাহ ইবনে আব্বাস রা. এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাসহ অসংখ্য সাহাবী ও সাহাবিয়া নববী জ্ঞানের গুরুত্বপূর্ণ বাহক ছিলেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
অর্থ: আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি মাত্র আয়াত হয়।
সাহাবায়ে কেরাম এই নির্দেশ যথাযথভাবে পালন করেছেন এবং দ্বীনের শিক্ষা-দীক্ষা প্রচারে গভীরভাবে আত্মনিয়োগ করেছিলেন।
৩. হাদীস বর্ণনায়
সতর্কতা ও আমানতদারি
সাহাবায়ে কেরাম জানতেন, রাসূলুল্লাহ ﷺ-এর নামে
মিথ্যা কথা বলা অত্যন্ত ভয়াবহ অপরাধ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
অর্থ: যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।
এই সতর্কবাণীর কারণে
সাহাবায়ে কেরাম হাদীস বর্ণনার ক্ষেত্রে
অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল ছিলেন। তাঁদের এই সত্যনিষ্ঠা, আমানতদারি এবং বর্ণনার প্রতি
সতর্কতার ওপর ভিত্তি করেই পরবর্তীকালে ইলমুল হাদীস তথা রিজাল-শাস্ত্র ও সনদ-বিজ্ঞানের এক বিশাল ঐতিহ্য গড়ে উঠেছে, যা পৃথিবীর অন্য কোনো জাতির ইতিহাসে নজিরবিহীন। এই সতর্কতার কিছু বাস্তব দৃষ্টান্ত নিম্নে উল্লেখ করা হলো—
সতর্কতার বাস্তব
দৃষ্টান্ত
ক) হযরত আবু বকর
সিদ্দীক রা.-এর সাক্ষী দাবি করা: দাদির মিরাছ সংক্রান্ত
একটি বিখ্যাত ঘটনায় দেখা যায়, এক মহিলা তাঁর নাতির
মিরাছ থেকে অংশ দাবি করে হযরত আবু বকর রা.-এর নিকট
আসেন। আবু বকর রা. বলেন, কুরআনে তাঁর জন্য কোনো নির্ধারিত অংশ নেই এবং তিনি রাসূলুল্লাহ ﷺ
থেকেও এ ব্যাপারে কিছু শোনেননি। এরপর তিনি উপস্থিত
সাহাবিদের জিজ্ঞাসা করলে হযরত মুগীরা ইবনে শুবা রা. সাক্ষ্য দেন যে, তিনি রাসূলুল্লাহ ﷺ-কে
দাদিকে এক-ষষ্ঠাংশ দিতে দেখেছেন। কিন্তু আবু বকর রা. এতেই সন্তুষ্ট না হয়ে দ্বিতীয় একজন সাক্ষী দাবি করেন। তখন মুহাম্মাদ
ইবনে মাসলামা রা. দাঁড়িয়ে মুগীরা রা.-এর
বক্তব্য সমর্থন করলে আবু বকর রা. দাদিকে এক-ষষ্ঠাংশ প্রদান করেন।
—সুনানে তিরমিযি, হাদীস নং ২১০১
খ) হযরত উমর ইবনুল
খাত্তাব রা.-এর সাক্ষী দাবি করা: হযরত আবু মুসা
আশআরী রা. একবার হযরত উমর রা.-এর গৃহে প্রবেশের অনুমতি চেয়ে তিনবার আহ্বান জানিয়েও অনুমতি না পেয়ে ফিরে যান। পরে উমর রা.
তাঁকে ফিরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—কেউ তিনবার অনুমতি চাওয়ার
পরও অনুমতি না পেলে সে যেন ফিরে যায়। এ
কথা শুনে উমর রা. বলেন, তোমাকে অবশ্যই এর
প্রমাণ উপস্থিত করতে হবে; নতুবা তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন হযরত উবাই ইবনে কাব রা. সাক্ষ্য দিলে উমর রা. তা গ্রহণ করেন।
এমন আরো অসংখ্যা ঘটনা
রয়েছে। এ জাতীয় ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, খোলাফায়ে রাশেদীনের যুগেও হাদীস গ্রহণের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণ ও
যাচাই-বাছাইয়ের একটি সুনির্দিষ্ট নীতি প্রচলন ছিল।
কোনো সাহাবীর মর্যাদা যত উঁচুই হোক না কেন, বর্ণনার সত্যতা যাচাই
করার এই রীতিই পরবর্তীকালে ইলমুল হাদীসের ভিত্তি
রচনা করেছে।
৪. আমলের মাধ্যমে
সুন্নাহ সংরক্ষণ
দ্বীনের হেফাজত কেবল কিতাবের অক্ষর বা মৌখিক বর্ণনা সংরক্ষণের নাম নয়; বরং দ্বীনের বাস্তব আমল সংরক্ষণ করাও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
অর্থ: তোমরা সেভাবে নামাজ পড়ো, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ।
হজ সম্পর্কে তিনি বলেছেন—
خُذُوا عَنِّي مَنَاسِكَكُمْ
অর্থ: তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের বিধানসমূহ গ্রহণ করো।
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ﷺ-কে স্বচক্ষে দেখে শিখেছেন এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করেছেন। এরপর তাঁরা পরবর্তী প্রজন্মকে নামাজ, রোজা, হজ, যাকাত ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তব শিক্ষা হাতে-কলমে প্রদান করেছেন। এভাবেই দ্বীন কেবল পুস্তকে নয়; বরং আমলের জীবন্ত ধারাবাহিকতার মধ্য দিয়েও প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়েছে। অসংখ্যা হাদীস দ্বারা বিষয়টি প্রমাণিত।
আকীদা ও ফরজ বিধান রক্ষায় দৃঢ়তা: রিদ্দাহ ও
ফিতনা মোকাবিলা
রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের অব্যবহিত পরে মুসলিম উম্মাহ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। আরবের বিভিন্ন গোত্রের কেউ ইসলাম ত্যাগ করে, কেউ মিথ্যা নবুওয়াতের দাবি করে বসে, আবার কিছু গোত্র যাকাত প্রদানে অস্বীকৃতি জানায়।
এই সংকটময় মুহূর্তে হযরত আবু বকর সিদ্দীক রা. অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ইসলামের মৌলিক বিধান রক্ষায় দাঁড়িয়ে যান। তিনি তাঁর বিখ্যাত ঘোষণায় বলেছিলেন যে, নামাজ ও যাকাতের মধ্যে যাঁরা পার্থক্য করবে, তাদের বিরুদ্ধেও তিনি লড়াই করবেন। তিনি বুঝেছিলেন, দ্বীনের কোনো একটি ফরজ বিধানকে অস্বীকার করার সুযোগ দেওয়া হলে গোটা ইসলামী কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
অন্যান্য সাহাবায়ে কেরামও এই সংকটে আবু বকর রা.-এর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং রিদ্দাহর যুদ্ধসমূহে অংশগ্রহণ করে দ্বীনকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছেন। তাঁদের এই দৃঢ় অবস্থান আমাদের শিক্ষা দেয়—দ্বীনের হেফাজত শুধু গ্রন্থ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দ্বীনের আকীদা, ফরজ বিধান ও মৌলিক শিক্ষা রক্ষা করাও দ্বীনের হেফাজতের অবিচ্ছেদ্য অংশ।
দ্বীনকে বিশ্বময় পৌঁছে দেওয়া
দ্বীনের হেফাজত তখনই পূর্ণতা লাভ করে, যখন তা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিশুদ্ধভাবে পৌঁছে যায়। রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের বিস্তারের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন এবং সেখানে কুরআন, হাদীস ও ইসলামী জ্ঞান শিক্ষা দিতে থাকেন।
তাঁদের এই আত্মত্যাগী প্রচেষ্টার মাধ্যমে মক্কা, মদিনা, কুফা, বসরা, শাম, মিসরসহ বিভিন্ন অঞ্চলে ইসলামী জ্ঞানের সমৃদ্ধ কেন্দ্র গড়ে ওঠে। পরবর্তী প্রজন্মের তাবেয়ীনগণ সরাসরি তাঁদের কাছ থেকেই দ্বীনের শিক্ষা গ্রহণ করেন, আর তাবেয়ীনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তাবে-তাবেয়ীনগণ। এভাবেই
সনদের এক শক্তিশালী ও বিশ্বস্ত ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীকালে ইসলামী জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়েছে।
নারী সাহাবিয়াদের ইলমী অবদান
দ্বীনের হেফাজতে নারী সাহাবিয়াদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। বিশেষত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাসহ অন্যান্য উম্মুল মুমিনীনগণ রাসূলুল্লাহ ﷺ-এর পারিবারিক জীবন, ইবাদত-পদ্ধতি, আখলাক এবং বহু শরয়ি বিধানের গুরুত্বপূর্ণ বর্ণনাকারী ছিলেন।
রাসূলুল্লাহ ﷺ-এর ঘরোয়া
জীবনের এমন বহু শিক্ষা তাঁদের মাধ্যমেই উম্মাহর কাছে পৌঁছেছে, যা পুরুষ
সাহাবিদের পক্ষে জানা সম্ভব ছিল না। হযরত আয়েশা রা. নিজেই হাজার হাজার হাদীসের বর্ণনাকারী ছিলেন এবং ফিকহ ও তাফসিরেও তাঁর গভীর পাণ্ডিত্য ছিল। এভাবে নারী সাহাবিয়াগণ দ্বীনের জ্ঞান সংরক্ষণ ও প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের ত্যাগ ও কুরবানী
দ্বীনের হেফাজতের জন্য কেবল জ্ঞান যথেষ্ট ছিল না; এর জন্য প্রয়োজন ছিল গভীর ত্যাগ ও কুরবানীর। মক্কার প্রাথমিক যুগে ইসলাম গ্রহণের কারণে সাহাবায়ে কেরাম নানারকম জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। হযরত বিলাল রা., হযরত খাব্বাব রা. এবং ইয়াসির পরিবারের ঘটনা ইসলামের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।
অনেক সাহাবী আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর সন্তুষ্টির জন্য নিজেদের জন্মভূমি, ঘরবাড়ি ও সম্পদ ত্যাগ করে মদিনায় হিজরত করেন। আল্লাহ তাআলা বলেন—
لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِن دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ
অর্থ: সেইসব নিঃস্ব মুহাজিরদের জন্য, যাদেরকে তাদের ঘরবাড়ি ও সম্পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে।
অন্যদিকে আনসার সাহাবায়ে কেরাম মুহাজির ভাইদের সহযোগিতা করে দ্বীনের জন্য এক অনন্য ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ তাআলা বলেন—
وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
অর্থ: তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর অন্যদের অগ্রাধিকার দেয়।
সাহাবায়ে কেরামের এই ত্যাগ ও কুরবানী ইসলামী সমাজের ভিত্তিকে সুদৃঢ় করেছে এবং দ্বীনের নিরাপদ ও সুস্থির বিকাশের পথ প্রশস্ত করেছে।
সাহাবায়ে কেরামের দৃঢ় ঈমান ও আপসহীনতা
সাহাবায়ে কেরামের কাছে দ্বীন কোনো সাময়িক পরিচয় বা আনুষ্ঠানিকতা ছিল না; বরং তা ছিল জীবন-মরণের বিষয়। তাঁরা সম্পদ হারিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং প্রয়োজনে জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন; কিন্তু কখনো ঈমানের সঙ্গে আপস করেননি।
হযরত বিলাল রা.-এর তীব্র
নির্যাতনের মধ্যেও "أَحَدٌ
أَحَدٌ"
(আল্লাহ এক, আল্লাহ এক) বলে চলা, ইয়াসির পরিবারের আত্মত্যাগ এবং অসংখ্য সাহাবির শাহাদাত প্রমাণ করে যে, তাঁদের ঈমান ছিল গভীর, অটল ও অবিচল। এই দৃঢ় ঈমানই তাঁদেরকে দ্বীনের হেফাজতের মহান দায়িত্ব পালনের প্রকৃত শক্তি ও সাহস জুগিয়েছিল।
সাহাবায়ে কেরামের পথ: হক ও হিদায়াত চেনার অন্যতম মাপকাঠি
সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর সরাসরি
ছাত্র। তাঁরা কুরআন নাযিলের প্রেক্ষাপট জানতেন, রাসূলুল্লাহ ﷺ-এর ব্যাখ্যা সরাসরি শুনতেন এবং তাঁর নির্দেশ কীভাবে বাস্তবে পালিত হতো, তা নিজ চোখে প্রত্যক্ষ করতেন। তাই কুরআন ও সুন্নাহ বোঝার ক্ষেত্রে তাঁদের বুঝ ও অনুসৃত পথ বিশেষ গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলা বলেন—
وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ
অর্থ: আর যাঁরা উত্তমভাবে তাঁদের অনুসরণ করেছে...
অতএব, দ্বীন বোঝা ও আমল করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসৃত পথকে গুরুত্ব দেওয়া এবং তাঁদের প্রতি ভালোবাসা ও সম্মান পোষণ করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ
অর্থ : আর যখন
তাদেরকে বলা হয়, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে
ঈমান আন, তখন তারা বলে, আমরাও কি ঈমান আনব বোকাদেরই
মত! মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না।
আরেক আয়াতে এরশাদ হচ্ছে,
أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
অর্থ : তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর
অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি
সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
لاَ
تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ
أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ
مِثْلَ أُحُدٍ،
ذَهَبًا مَا
بَلَغَ مُدَّ
أَحَدِهِمْ، وَلاَ
نَصِيفَهُ
অর্থ: তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করো না।
তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় কর,
তবে তাদের একমুদ বা
অর্ধমুদ-এর সমপরিমাণ সাওয়াব হবে না।
তাঁদের প্রতি সম্মান প্রদর্শন কেবল ঐতিহাসিক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়; বরং তা সেই মহান প্রজন্মের মর্যাদা স্বীকার করা, যাঁদের মাধ্যমে দ্বীনের মূল শিক্ষা আমাদের কাছে পৌঁছেছে।
খোলাফায়ে রাশেদীনের বিশেষ ভূমিকা
দ্বীনের হেফাজতে চার খলিফার অবদান বিশেষভাবে স্মরণীয় ও অনুকরণীয়।
হযরত আবু বকর সিদ্দীক রা.
তিনি রিদ্দাহর ফিতনা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেন, যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে অবিচল অবস্থান গ্রহণ করেন এবং কুরআন সংকলনের উদ্যোগে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখেন।
হযরত উমর ইবনুল খাত্তাব রা.
কুরআন সংকলনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর দূরদর্শী পরামর্শ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শাসনামলে ইসলামী রাষ্ট্র ও ন্যায়বিচারের ভিত্তি আরও সুদৃঢ় হয় এবং প্রশাসনিক কাঠামোতেও দ্বীনি নীতি প্রতিষ্ঠিত হয়।
হযরত উসমান ইবনে আফফান রা.
তিনি কুরআনের পাঠের ঐক্য রক্ষার জন্য মুসহাফের নির্ভরযোগ্য অনুলিপি প্রস্তুত করে বিভিন্ন অঞ্চলে প্রেরণের ব্যবস্থা করেন, যা কিরাআতগত বিভ্রান্তি চিরতরে দূর করে।
হযরত আলী ইবনে আবি তালিব রা.
তিনি ইলম, প্রজ্ঞা ও দ্বীনি জ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ধারক ছিলেন। কঠিন ফিতনার সময়েও তিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের প্রাণান্ত চেষ্টা করেছেন এবং তাঁর মাধ্যমে ইসলামী জ্ঞানের বহু মূল্যবান শিক্ষা পরবর্তী প্রজন্মে পৌঁছেছে।
তাবেয়ীনদের হাতে ইলম হস্তান্তর ও ধারাবাহিকতা
সাহাবায়ে কেরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কীর্তিগুলোর একটি হলো, তাঁরা নিজেদের প্রাপ্ত ইলম নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং তা তাবেয়ীনদের কাছে সুশৃঙ্খলভাবে হস্তান্তর করেছেন। মদিনায় সাত ফকীহ, মক্কায় ইবনে আব্বাস রা.-এর মাদরাসা, কুফায় ইবনে মাসউদ রা.-এর ইলমী বৈঠক এবং বসরায় আনাস ইবনে মালিক রা.-এর শিক্ষাদান, এসবই সাক্ষ্য দেয় যে, সাহাবায়ে কেরাম কেবল বর্ণনাকারী ছিলেন না, বরং তাঁরা ছিলেন সুসংগঠিত ইলমী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
এই ধারাবাহিকতার কারণেই পরবর্তীকালে সনদভিত্তিক ইলমুল হাদীস, তাফসির ও ফিকহের বিশাল শাস্ত্র গড়ে ওঠা সম্ভব হয়েছে, যেখানে প্রতিটি বর্ণনার উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করার সুযোগ রয়েছে। এটি সাহাবায়ে কেরামের দূরদর্শিতা ও আমানতদারিরই ফসল।
বর্তমান যুগে আমাদের করণীয়
সাহাবায়ে কেরামের জীবন আমাদের এই শিক্ষা দেয় যে, দ্বীনের হেফাজত কোনো একটি বিশেষ যুগের মানুষের একচ্ছত্র দায়িত্ব নয়; বরং প্রত্যেক যুগের মুসলিমেরই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালন করা কর্তব্য। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের করণীয় হলো—
●
বিশুদ্ধ দ্বীনি ইলম নির্ভরযোগ্য
উৎস থেকে অর্জন করা;
●
কুরআন ও সহীহ সুন্নাহ
শেখা এবং সে অনুযায়ী
জীবন পরিচালনা
করা;
●
সন্তান-সন্ততি ও পরবর্তী
প্রজন্মকে
যথাযথ দ্বীনি শিক্ষা প্রদান করা;
●
ভিত্তিহীন, দুর্বল বর্ণনা ও বিকৃত দ্বীনি বক্তব্য
থেকে সতর্ক থাকা;
●
যথাসাধ্য দ্বীনের
শিক্ষা অন্যের কাছে পৌঁছে দেওয়া;
●
ব্যক্তিগত স্বার্থের
ঊর্ধ্বে
দ্বীনের
স্বার্থকে
প্রাধান্য
দেওয়া;
●
সাহাবায়ে কেরামের
প্রতি অন্তর থেকে ভালোবাসা
ও সম্মান পোষণ করা এবং তাঁদের উত্তম আদর্শ অনুসরণের
সাধ্যমতো
চেষ্টা করা।
উপসংহার
দ্বীনের হেফাজতে সাহাবায়ে কেরামের ভূমিকা ইসলামের ইতিহাসে সত্যিকার অর্থেই অতুলনীয়। তাঁরা কুরআন গ্রহণ করেছেন, মুখস্থ করেছেন, লিখেছেন এবং তা সংকলনের কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ শুনেছেন, মুখস্থ
করেছেন, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন।
তাঁরা ইসলামের আকীদা ও শরিয়তের মৌলিক বিধান রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছেন। দ্বীনের জন্য নিজেদের ঘরবাড়ি ও সম্পদ ত্যাগ করেছেন, নির্যাতন সহ্য করেছেন এবং প্রয়োজনে জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। তাঁরা ইসলামী জ্ঞান পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য এক শক্তিশালী ইলমি ভিত্তি স্থাপন করেছেন।
সুতরাং এক কথায় বলা যায়—সাহাবায়ে কেরাম দ্বীনকে রাসূলুল্লাহ ﷺ-এর কাছ
থেকে বিশুদ্ধভাবে গ্রহণ করেছেন, নিজেদের জীবনে তা বাস্তবায়ন করেছেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তা রক্ষা করেছেন এবং সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন।
আজ আমাদের কাছে যে কুরআন, সুন্নাহ এবং ইসলামী জ্ঞানের বিশাল ভাণ্ডার রয়েছে, তার প্রাথমিক ও নির্ভরযোগ্য বাহক ছিলেন এই মহান প্রজন্ম। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি আমাদের অন্তরে সত্যিকারের ভালোবাসা ও সম্মান দান করুন, তাঁদের উত্তম আদর্শ অনুসরণের তাওফিক দিন এবং আমাদেরকেও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দ্বীনের হেফাজত ও খেদমতের কাজে কবুল করুন।
آمِينَ يَا رَبَّ الْعَالَمِينَ
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
মূর্তি ও ভাস্কর্যপ্রীতি : ইসলাম কী বলে?
ইসলামের যে বিষয়গুলোর নিষিদ্ধতা অকাট্য ও মুতাওয়াতিরভাবে প্রমাণিত তার মধ্যে প্রাণীর প্রতিকৃতি নির্মাণ ...
ইলমে দীন ও আধুনিক শিক্ষার সমন্বয় ভাবনা
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন,اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعم...
ইয়াহুদী-খ্রিস্টানদের বহুমুখী ষড়যন্ত্র মুসলিম উম্মাহর করণীয়
কুরআন-হাদীসে ইয়াহুদী-খ্রিস্টানের পরিচয় ইয়াহুদী জাতি পৃথিবীর প্রাচীনতম জাতি। আল্লাহ তা'আলা হযরত নূহ আ...
তাহাফফুযে খতমে নবুওত ও কাদিয়ানী সম্প্রদায়
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه،ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا،...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন