তালাকের পর সন্তানদের লালনপালনের জন্য স্ত্রী কি স্বামীর বাসায় থাকতে পারবে?
প্রশ্নঃ ১৭৩৫৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার তিন তালাক হয়ে গেছে।আমার দুইজন ছোট মেয়ে আছে।বাচ্চারা বাবার কাছে আছে।আমার কাছে দিলে পূর্ণ খরচ দিবে না। আমার বাসা ময়মনসিংহ,সে চাকরি করে ভালুকায়। দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। সে আমাকে বলে তার অফিসের কাছে বাসা নিয়ে দিবে।আমি বাচ্চাদের কে নিয়ে বাসায় থাকব।সে প্রতিদিন কিছু সময়ের জন্য এসে বাচ্চাদের দেখে যাবে ও যাবতিয় যা লাগবে দেবে।সে অফিসে আলাদা থাকবে।এবং পর্দা মেনে চলবে।আমার মেয়েদের বয়স হলো যথাক্রমে আট ও দশ বছর। আমার কি সেখানে গিয়ে বাচ্চাদের সাথে থাকা ও তাদের দেখবাল করা যায়েজ হবে। আর ইসলাম কি বলে বিস্তারিত জানতে চাচ্ছি।
১ নভেম্বর, ২০২৬
১ হাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীআতের মূলনীতি হলো,
তিন তালাকের পর স্বামী-স্ত্রীর বিবাহবন্ধন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাঁরা একে অপরের জন্য গায়রে মাহরাম হয়ে যান। ফলে তাঁদের মধ্যে পূর্ণ শরঈ পর্দা রক্ষা করা আবশ্যক। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক বজায় রাখা কিংবা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করা হারাম।
তবে সন্তানদের লালনপালন ও দেখাশোনার প্রয়োজনে সাবেক স্বামীর ব্যবস্থাপনায় পৃথক বাসায় অবস্থান করা জায়েয। শর্ত হলো, উভয়ের মধ্যে পূর্ণ শরঈ পর্দা বজায় রাখতে হবে এবং অবাধ মেলামেশা বা ফিতনার কোনো আশঙ্কা থাকা যাবে না। এ ছাড়া সাবেক স্বামী বাসায় আসার সময় নির্জনতা এড়াতে সেখানে একজন প্রাপ্তবয়স্ক মাহরাম পুরুষ বা উপযুক্ত তৃতীয় ব্যক্তির উপস্থিতি থাকা কর্তব্য।
আর বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকলে, বড় সন্তান বা উপযুক্ত তত্ত্বাবধানকারী না থাকলে কিংবা ফিতনার আশঙ্কা থাকলে এভাবে একসঙ্গে বসবাস করা থেকে বিরত থাকা জরুরি।
সন্তানদের লালনপালনের বিধান হলো,
ছেলেসন্তানের সাত বছর এবং মেয়েসন্তানের নয় বছর পূর্ণ হওয়া পর্যন্ত মায়ের লালনপালনে থাকার অগ্রাধিকার পায়। এরপর বাবা সন্তানকে নিজের হেফাজতে নেওয়ার অধিকারী হন। তবে বাবা সম্মত থাকলে এবং সন্তানদের কল্যাণ ও শরঈ বিধান বজায় থাকলে মায়ের তত্ত্বাবধানে রাখার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, সন্তানরা মায়ের কাছে থাকলেও তাদের প্রয়োজনীয় ভরণপোষণের দায়িত্ব বাবার ওপরই বহাল থাকবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, আপনার সাবেক স্বামী যদি তাঁর অফিসের কাছে আপনার ও সন্তানদের জন্য পৃথক বাসার ব্যবস্থা করে দেন এবং নিজে অন্যত্র থাকেন, তাহলে আপনার জন্য সেখানে সন্তানদের নিয়ে বসবাস ও তাদের দেখাশোনা করা জায়েয হবে।
এ ক্ষেত্রে আপনার সাবেক স্বামী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের প্রয়োজনীয় খরচ প্রদান করতে পারবেন। তবে তিনি বাসায় এলে আপনাদের মধ্যে পূর্ণ শরঈ পর্দা বজায় রাখতে হবে এবং নির্জনে একত্রে অবস্থান বা অবাধ মেলামেশা করা যাবে না।
অতএব, উল্লিখিত শর্তগুলো মেনে সাবেক স্বামীর ব্যবস্থাপনায় পৃথক বাসায় সন্তানদের সঙ্গে থাকা এবং তাদের লালনপালন করা আপনার জন্য জায়েয হবে।
الأدلة الشرعية
(فتاوی ہندیہ: كتاب الطلاق، الباب السادس عشر، ج: 1، ص: 541۔542، ط: دارالفکر)
"أحق الناس بحضانة الصغير حال قيام النكاح أو بعد الفرقة الأم إلا أن تكون مرتدة أو فاجرة غير مأمونة كذا في الكافي. سواء لحقت المرتدة بدار الحرب أم لا، فإن تابت فهي أحق به كذا في البحر الرائق. وكذا لو كانت سارقة أو مغنية أو نائحة فلا حق لها هكذا في النهر الفائق. ولا تجبر عليها في الصحيح لاحتمال عجزها إلا أن يكون له ذو رحم محرم غيرها فحينئذ تجبر على حضانته كي لا يضيع بخلاف الأب حيث يجبر على أخذه إذا امتنع بعد الاستغناء عن الأم كذا في العيني شرح الكنز، وإن لم يكن له أم تستحق الحضانة بأن كانت غير أهل للحضانة أو متزوجة بغير محرم أو ماتت فأم الأم أولى من كل واحدة، وإن علت، فإن لم يكن للأم أم فأم الأب أولى ممن سواها، وإن علت كذا في فتح القدير....والأم والجدة أحق بالغلام حتى يستغني وقدر بسبع سنين وقال القدوري حتى يأكل وحده ويشرب وحده ويستنجي وحده وقدره أبو بكر الرازي بتسع سنين والفتوى على الأول والأم والجدة أحق بالجارية حتى تحيض وفي نوادر هشام عن محمد - رحمه الله تعالى - إذا بلغت حد الشهوة فالأب أحق وهذا صحيح هكذا في التبيين.
(مبسوط سرخسی: کتاب الإجارات، باب إجارة الرقيق في الخدمة وغيرها، ج: 16، ص: 52، ط: دار المعرفة)
"ويكره له أن يستأجر امرأة حرة أو أمة يستخدمها ويخلو بها لقوله صلى الله عليه وسلم: لا يخلون رجل بامرأة ليس منها بسبيل فإن ثالثهما الشيطان، ولأنه لا يأمن من الفتنة على نفسه، أو عليها إذا خلا بها."
(فتاوی ہنديہ: كتاب الطلاق، الباب السادس، ج: 1، ص: 470، ط: دارالفکر)
"إنه عندنا يحل لقيام ملك النكاح من كل وجه، وإنما يزول عند انقضاء العدة فيكون الحل قائما قبل انقضائها."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন