জুব্বা, পাগড়ির শরয়ী অবস্থান ও ফযীলত
প্রশ্নঃ ১৭৩৩৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্কুল, কলেজে পড়ুয়া তাই, জুব্বা পাগড়ি পরিধানের অভ্যাস নেই। কিন্তু যদি পরিধান করি সুন্নতের নিয়তে, তাহলে কি এর জন্য বিশেষ ফজিলত পাব? নাকি ফরজ আদায় করে যেকোনো পোশাকেই একই ফজিলত? জুব্বা,পাগড়ি, পাঞ্জাবি পড়লে আলাদা সাওয়াব পাওয়া যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে পোশাকের ক্ষেত্রে মূলনীতি হলো, শরিয়তের নির্ধারিত বিধান মেনে সতর ঢেকে, শালীনতা বজায় রেখে এবং অহংকার ও অপচয় থেকে বেঁচে পোশাক পরিধান করা। জুব্বা, পাঞ্জাবি ও পাগড়ি রাসুলুল্লাহ ﷺ-এর পরিধেয় পোশাকের অন্তর্ভুক্ত ছিল। তাই এগুলো পরিধান করে রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা প্রকাশ এবং তাঁর অনুসরণের নিয়ত করলে ইনশাআল্লাহ সওয়াব হবে।
পোশাকের ক্ষেত্রে ইসলামের মূলনীতি
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ
অর্থ: হে বনী আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জা-স্থান আবৃত করে এবং যা শোভাবর্ধক। আর তাকওয়ার যে পোশাক, সেটাই সর্বোত্তম।
(সুরা আল-আ‘রাফ, আয়াত নং: ২৬)
এ আয়াত থেকে বোঝা যায়, পোশাকের অন্যতম উদ্দেশ্য হলো সতর আবৃত করা এবং সৌন্দর্য ও শালীনতা বজায় রাখা। সুতরাং পোশাকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশীয় বা আঞ্চলিক পোশাকই একমাত্র গ্রহণযোগ্য নয় বরং শরিয়তের বিধান মেনে যেকোনো বৈধ পোশাক পরিধান করা যায়।
জুব্বা/পাঞ্জাবী, পাগড়ী রাসুলুল্লাহ ﷺ এর সুন্নত
উম্মুল মুমিনীন উম্মে সালামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمِيصُ
অর্থ: রাসুলুল্লাহ ﷺ-এর কাছে পোশাকসমূহের মধ্যে কামীস (জামা) সবচেয়ে প্রিয় ছিল।
[সুনানে আবু দাউদ, হাদীস নং: ৪০২৫; জামে তিরমিজি, হাদীস নং: ১৭৬২]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/18331)
অন্য হাদিসে জাবির রা. থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ .
অর্থ : নবী ﷺ মক্কা বিজয়ের দিন কালো পাগড়ী পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।
[সহীহ মুসলিম, হাদীস নং: ১৩৫৮]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/10229)
এসব হাদিস থেকে প্রমাণিত হয়, কামীস বা জামা এবং পাগড়ি রাসুলুল্লাহ ﷺ এর পরিধেয় পোশাকের অন্তর্ভুক্ত ছিল। তাই তাঁর প্রতি ভালোবাসা ও অনুসরণের নিয়তে এ ধরনের পোশাক পরিধান করা সওয়াবের কাজ।
নেককারদের পোশাক অনুসরণ করা এবং বিজাতীয় পোশাক পরিহার করা
নেককার ও বুযুর্গ ব্যক্তিদের শালীনতা, বিনয় এবং সুন্নতসম্মত জীবনাচরণ অনুসরণ করা প্রশংসনীয়। তাঁরা যে ধরনের পোশাক পরিধান করেন সে ধরনের পোশাক পরিধান করা উত্তম। সুতরাং সমসাময়িক নেককার ও বুযুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তিগণ যে ধরনের শালীন ও শরিয়তসম্মত পোশাক পরেন সে ধরনের পোশাক পরা উচিত।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন,
وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ
অর্থ : আর তুমি তার পথ অনুসরণ করো, যে আমার অভিমুখী হয়েছে।
[সূরা লোকমান, আয়াত নং: ১৫]
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
অর্থ: যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।
[সুনানে আবু দাউদ, হাদীস নং: ৪০৩১]
(হাদীস নং : https://muslimbangla.com/hadith/18336)
এ হাদিসের আলোকে কাফিরদের স্বতন্ত্র ধর্মীয় পোশাক ও নিদর্শনের অনুকরণ থেকে বিরত থাকা আবশ্যক। তবে কোনো পোশাক যদি সাধারণভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকে, তাহলে শুধু কাফির বা ফাসিক ব্যক্তিরাও তা পরিধান করে, এ কারণে সেই পোশাক পরিধান করা নিষিদ্ধ হবে না। বরং পোশাকটি শরিয়তসম্মত কি না এবং তা কোনো বিশেষ সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয় বহন করে কি না, সেটি বিবেচনা করতে হবে।
পাগড়ি পরে নামাজ পড়লে কি বিশেষ সওয়াব রয়েছে?
পাগড়ি পরিধান করা পেশাকের সুন্নত নামাজের সুন্নত নয়। পাগড়ি পরে নামাজ আদায় করলে পাগড়ি ছাড়া নামাজ আদায়ের তুলনায় বিশেষ বা অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে, এ মর্মে নির্ভরযোগ্য সহিহ হাদিস প্রমাণিত নয়।
সারকথা: জুব্বা, পাঞ্জাবি ও পাগড়ি রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নত। তাই পাঞ্জাবি, পাগড়ি পরিধান করলে রাসুলুল্লাহ ﷺ-এর অনুসরণ করার কারণে অনেক সওয়াব হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাত অনুসরণে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন