মৃত্যুর স্মরণ কীভাবে জীবনে ধারণ করবেন?
প্রশ্নঃ ১৭০৬৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কীভাবে সর্ব অবস্থায় মউতে স্বরন করবো
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ করার জন্য নির্দিষ্ট কোনো আমল আছে এমন নয়। বরং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়াই মূল বিষয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ
“তোমরা বেশী করে স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর আলোচনা (স্মরণ) করবে।” (জামে‘ তিরমিযী, হাদীস নং: ২৩০৭)
আরেক হাদীসে এসেছে,
فَجَاءَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ فَأَىُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ قَالَ : " أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا أُولَئِكَ الأَكْيَاسُ " .
জনৈক আনসারী রাসূল ﷺ কে জিজ্ঞাসা করলেনঃ সর্বাপেক্ষা দূরদর্শী ঈমানদার কে? তিনি বললেনঃ যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, এরাই সর্বোত্তম দূরদর্শী। (সুনান ইবনে মাজাহ, হাদীস নং: ৪২৫৯)
অতএব, মৃত্যুর স্মরণের জন্য বিশেষ কোনো নির্ধারিত আমল না থাকলেও, নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করা এবং আখিরাতের পাথেয় সংগ্রহে সচেষ্ট হওয়া উচিত।
কীভাবে অভ্যাস করবেন?
ঘুম থেকে উঠে মনে করবেন, আজকের দিনটি হয়তো আমার জীবনের শেষ দিন।
প্রত্যেক নামাযের পর কিছুক্ষণ নিজের মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করবেন।
কোনো গুনাহ করার সুযোগ এলে মনে করবেন, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আল্লাহর সামনে কী জবাব দেব?
কারও সঙ্গে ঝগড়া হলে মনে করবেন, মৃত্যুর পর এই রাগ-অভিমান কোনো কাজে আসবে না; বরং শুধু ধ্বংস নিয়ে আসবে।
রাতে ঘুমানোর আগে নিজের মৃত্যুর স্মরণে আজকের আমলের হিসাব করবেন এবং গুনাহের জন্য তওবা করবেন।
জানাযা, কবরস্থান বা মৃত ব্যক্তির কথা মনে পড়লে নিজের মৃত্যুর কথাও স্মরণ করবেন। এবং তাঁদের মাগফিরাত কামনা করবেন।
নিয়মিত কুরআন-হাদীস পড়বেন এবং জান্নাত-জাহান্নাম ও আখিরাতের বিষয় নিয়ে চিন্তা করবেন।
তবে মৃত্যুকে স্মরণ করা মানে সবসময় মৃত্যুর ভয় বা হতাশায় থাকা নয়। বরং এমনভাবে স্মরণ করা উচিত, যাতে গুনাহ থেকে বাঁচা, তওবা করা, নামায-ইবাদতে মনোযোগী হওয়া এবং মানুষের হক আদায় করার আগ্রহ সৃষ্টি হয়।
মৃত্যুকে প্রতিদিন কতবার স্মরণ করতে হয়?
মৃত্যুকে কতবার স্মরণ করতে হবে—কুরআন-হাদীসে এর কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই। তবে নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করা উচিত এবং মনে রাখা জরুরী যে, মৃত্যু অবশ্যম্ভাবী, তা আসবেই আসবে; কিন্তু কখন তা এসে উপস্থিত হবে, তা কেউ জানে না।
তাই সর্বদা ইবাদত-বন্দেগী, আখলাক-চরিত্র ও লেনদেন সঠিক রাখা অর্থাৎ আল্লাহ ও বান্দার হকের প্রতি যত্নশীল হওয়া জরুরী। কারও হক নষ্ট করে থাকলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে কিংবা কারও কোনো পাওনা নিজের ওপর থাকলে, দ্রুত তা আদায় করে নেওয়া উচিত। অর্থাৎ এমনভাবে জীবনযাপন করা উচিত, যেন মৃত্যুর সময় আল্লাহ তাআলার কোনো হক কিংবা বান্দার কোনো হক নিজের ওপর বাকি না থাকে এবং আখিরাতের পাথেয় হিসেবে নেক আমল সঙ্গে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়।
আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন