অফিসের যাতায়াত ভাতার বেঁচে যাওয়া টাকার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৯৭৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো প্রতিস্টান তার অফিসের চিঠি পত্র আনা নেওয়ার জন্য গাড়ি ভাড়া অনুমোদন দিয়ে থাকে ২৪০ টাকা। আমি যদি নিজের বাইক ব্যবহার করে১৭০/১৮০ টাকার ভিতরে আসা যাওয়া করি তাহলে কি সেটা জায়েজ হবে? বিদ্র: গাড়ি ভাড়া ২৪০ টাকাই করতে হবে। কোনো সময় দেখা যায় বাস বা সিএনজি ভাড়া কম বেশ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রতিষ্ঠান আপনাকে কোন শর্তে টাকাটা দিচ্ছে, তার ওপর নির্ভর করবে যে আপনি যাতায়াত খরচ কমিয়ে অতিরিক্ত টাকা নিজে নিতে পারবেন কি না।
এক. যদি কোম্পানি ওই পরিমাণ টাকা আপনাকে যাতায়াতে খরচ করতে দেয় এবং অতিরিক্ত থাকলে তা ফেরত দেওয়ার নির্দেশনা থাকে, তাহলে আপনাকে অবশ্যই বাকি টাকা ফেরত দিতে হবে।
দুই. আর যদি নিয়ম এমন হয় যে, আপনি প্রথমে নিজের থেকে খরচ করবেন, কিন্তু প্রকৃত খরচের বিল জমা দেবেন (সর্বোচ্চ ২৪০ টাকা পর্যন্ত), এক্ষেত্রে কম খরচ করে সর্বোচ্চ পরিমাণের বিল করার সুযোগ নেই। কেননা তাহলে মিথ্যা বলা হবে এবং অফিসের সাথে প্রতারণা করা হবে।
তিন. হ্যাঁ, অফিস যদি আপনাকে নির্দিষ্ট একটি যাতায়াত ভাতা ফিক্সড করে দিয়ে দেয় অর্থাৎ আপনাকে ওই টাকার মালিক বানিয়ে দেওয়া হয় এবং ওই টাকায় আপনাকে যাতায়াতের ব্যবস্থা করতে বলে, তাহলে কম খরচে যাতায়াত সারতে পারলে বাকি টাকা আপনারই থেকে যাবে। এক্ষেত্রে আপনি খরচ কমিয়ে বাড়তি টাকা নিজে নিতে পারবেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
তথ্যসূত্র: মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস নং ২৩১৪৭; সহীহ মুসলিম, হাদিস নং ১৬৪; সুনানে দারেমী, হাদিস নং ২৫৮৩; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২২২৫; সহীহ ইবনে হিব্বান, হাদিস নং ৪৯০৫
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: মুসলমানগণ তাদের শর্তের ওপর অটল থাকবে।
তথ্যসূত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৫৯৪; সুনানে দারা কুতনী, হাদিস নং ২৮৯০; শুয়াবুল ঈমান, হাদিস নং ৪০৩৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন