তোমরা ওই সব লোকের (অর্থাৎ কাফির দুশমনদের) অনুসন্ধানে দুর্বলতা দেখিয়ো না। তোমাদের যদি কষ্ট হয়ে থাকে, তবে তাদেরও তো তোমাদেরই মত কষ্ট হয়। ৭৫ আর তোমরা আল্লাহর কাছে এমন জিনিসের আশা কর, যার আশা তারা করে না। ৭৬ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭৫. যুদ্ধ শেষে মানুষ ক্লান্ত-শ্রান্ত থাকে এবং তখন শত্রুর পশ্চাদ্ধাবন করা কঠিন মনে হয়, কিন্তু তখনও যদি সামরিক দৃষ্টিতে সমীচীন মনে হয় এবং সেনাপতি হুকুম দেয়, তবে পশ্চাদ্ধাবন করা অবশ্য কর্তব্য। বিষয়টি এভাবে চিন্তা করতে উৎসাহ দেওয়া হয়েছে যে, তোমরা যেমন ক্লান্ত তেমনি তো শত্রুও। আর মুসলিমদের তো আল্লাহ তাআলার পক্ষ হতে সাহায্য ও সওয়াবের আশা আছে, যা শত্রুদের নেই।