মাহরাম পুরুষের সামনে পর্দার বিধান এবং ফিতনার আশঙ্কায় সতর্কতা
প্রশ্নঃ ১৭৪০৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১৪ জন মাহরাম পুরুষ ব্যতীত সকলের সাথে পর্দা করা ফরজ। এখন এই ১৪ জন পুরুষের মধ্যে যদি কেউ যেনাকারী হয়। এবং তার থেকে তার মাহরাম নারীরাই নিজেকে অনিরাপদ মনে করে তাহলে তার সামনে যাওয়াটা কিংবা তার সামনে পর্দা না করার বিষয়টা কেমন? এক্ষেত্রে তার সামনে যাওয়ার হুকুম কিংবা মাসআলা কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে পর্দার বিধান নারী-পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেকে মনে করেন, যেসব পুরুষের সঙ্গে নারীর বিবাহ চিরতরে হারাম, তাঁদের সামনে কোনো পর্দার প্রয়োজন নেই। ফলে বাবা, ভাই, চাচা, মামা, ছেলে, ভাতিজা ও ভাগনের সামনে যেকোনো পোশাকে চলাফেরা করা যায়। এ ধারণা সঠিক নয়।
মাহরামের সামনে পর্দার ক্ষেত্রে শরিয়ত কিছু ছাড় দিলেও তা নির্দিষ্ট সীমার মধ্যে। বিশেষত ফিতনা, কুপ্রবৃত্তি কিংবা সম্ভ্রমহানির আশঙ্কা থাকলে এ ছাড় গ্রহণের সুযোগ নেই।
১. মাহরাম ও তাঁদের সামনে পর্দার বিধান
যেসব পুরুষের সঙ্গে বংশীয়, দুধসম্পর্কীয় অথবা বৈবাহিক কারণে কোনো নারীর বিবাহ চিরতরে হারাম, তাঁরা ওই নারীর মাহরাম। যেমন বাবা, দাদা, নানা, ছেলে, নাতি, ভাই, চাচা, মামা, ভাতিজা, ভাগনে ও নির্দিষ্ট বৈবাহিক সম্পর্কের মাহরামগণ।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ
অর্থ: তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের পুত্র ও বোনের পুত্রদের সামনে প্রকাশ করতে পারবে। (সূরা আন-নূর, আয়াত: ৩১)
হানাফি ফিকহ অনুযায়ী, ফিতনার আশঙ্কা না থাকলে মাহরাম পুরুষের সামনে নারীর মাথা, চুল, মুখমণ্ডল, গলা, বাহু, হাত, পায়ের পাতা, পিণ্ডলি ও বুকের ওপরের অংশ প্রকাশের অবকাশ রয়েছে। তবে পেট, পিঠ, উরু ও নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ আবৃত রাখা আবশ্যক। পোশাকও শালীন হওয়া উচিত।
২. মাহরাম হলেও ফিতনার আশঙ্কা থাকলে পর্দা করতে হবে
আল্লামা ইবনে আবেদীন শামী রহ. লিখেছেন,
إِلَى الرَّأْسِ وَالْوَجْهِ وَالصَّدْرِ وَالسَّاقِ وَالْعَضُدِ إِنْ أَمِنَ شَهْوَتَهُ وَشَهْوَتَهَا
অর্থ: মাহরাম পুরুষের জন্য নারীর মাথা, মুখমণ্ডল, বুক, পিণ্ডলি ও বাহুর দিকে তাকানোর অবকাশ রয়েছে, যদি তার নিজের এবং ওই নারীর পক্ষ থেকে যৌন আকর্ষণের আশঙ্কা না থাকে। (রদ্দুল মুহতার, ৬/৩৬৭)
আরও উল্লেখ রয়েছে,
وَمِنْ مَحْرَمِهِ هِيَ مَنْ لَا يَحِلُّ لَهُ نِكَاحُهَا أَبَدًا بِنَسَبٍ أَوْ سَبَبٍ وَلَوْ بِزِنًا، إِلَى الرَّأْسِ وَالْوَجْهِ وَالصَّدْرِ وَالسَّاقِ وَالْعَضُدِ إِنْ أَمِنَ شَهْوَتَهُ وَشَهْوَتَهَا، وَإِلَّا لَا
অর্থ: মাহরাম হলো এমন নারী, যার সঙ্গে বংশীয় বা অন্য কোনো কারণে চিরতরে বিবাহ হারাম; এমনকি ব্যভিচারের কারণেও মাহরামিয়াত সাব্যস্ত হতে পারে। তার মাথা, মুখমণ্ডল, বুক, পিণ্ডলি ও বাহুর দিকে তাকানোর অবকাশ রয়েছে, যদি উভয়ের যৌন আকর্ষণ থেকে নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত হয়। অন্যথায় এ অনুমতি নেই। (দুররুল মুখতার ও রদ্দুল মুহতার, ৬/৩৬৭)
অতএব, কোনো মাহরাম পুরুষ কুপ্রবৃত্তিসম্পন্ন হলে, অশালীন দৃষ্টিতে তাকালে, অনাকাঙ্ক্ষিত স্পর্শ করলে কিংবা তার দ্বারা যৌন হয়রানির আশঙ্কা থাকলে তার সামনে পর্দা করা জরুরি। সে বাবা, ভাই, চাচা, মামা কিংবা অন্য কোনো মাহরাম হলেও বিধানের পরিবর্তন হবে না।
৩. মাহরামের সামনে পোশাক ও বক্ষদেশ আবৃত রাখা
আমাদের সমাজে অনেক নারী মাহরাম আত্মীয়দের সামনে বুক যথাযথভাবে আবৃত রাখেন না। কেউ ওড়না কেবল গলায় ঝুলিয়ে রাখেন, আবার কেউ পাতলা ও আঁটসাঁট পোশাক পরেন। অথচ মাহরামের সামনে পর্দার ছাড় অশালীনতা কিংবা শরীরের গঠন প্রদর্শনের অনুমতি নয়। এই ধরণের আচরণের কারণে বর্তমানে অনেক ধরণের দূর্ঘটনাও ঘটছে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ
অর্থ: তারা যেন তাদের ওড়না নিজেদের বক্ষদেশের ওপর টেনে দেয়। (সূরা আন-নূর, আয়াত: ৩১)
তাই শালীন পোশাক পরা, বক্ষদেশ যথাযথভাবে আবৃত রাখা এবং শরীরের গঠন প্রকাশ পায় এমন পোশাক পরিহার করা উচিত।
৪. মাহরাম পুরুষেরও দৃষ্টির হেফাজত জরুরি
পর্দার বিধান শুধু নারীর জন্য নয়; পুরুষের জন্যও দৃষ্টির হেফাজত ফরজ।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ
অর্থ: মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। (সূরা আন-নূর, আয়াত: ৩০)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
الْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ
অর্থ: চোখের জিনা হলো নিষিদ্ধ ও কামনাপূর্ণ দৃষ্টিপাত করা। (সহিহ মুসলিম: ২৬৫৮)
অতএব, মাহরাম নারীর যে অংশের দিকে তাকানোর অনুমতি নেই, সেদিকে তাকানো হারাম। অনুমতিপ্রাপ্ত অংশের দিকেও কামনার দৃষ্টিতে তাকানো জায়েয নয়।
৫. মাহরামের দ্বারা নির্যাতন বা সম্ভ্রমহানির আশঙ্কা থাকলে করণীয়
অনেক পরিবারে আত্মীয়তার সম্পর্কের কারণে অস্বাভাবিক আচরণ, অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও অশালীন কথাবার্তাকে গুরুত্ব দেওয়া হয় না। এমনকি শিশুদের নিরাপত্তার বিষয়েও উদাসীনতা দেখা যায়। এটি অত্যন্ত বিপজ্জনক।
কোনো মাহরাম পুরুষের দ্বারা যৌন হয়রানি বা সম্ভ্রমহানির বাস্তব আশঙ্কা থাকলে,
১. তার সামনে যথাযথ পর্দা করতে হবে।
২. তার সঙ্গে নির্জনে থাকা ও অপ্রয়োজনীয় মেলামেশা পরিহার করতে হবে।
৩. প্রয়োজন হলে তার সঙ্গে সাক্ষাৎ ও সংস্পর্শ সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে।
৪. শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অনাকাঙ্ক্ষিত স্পর্শ সম্পর্কে সচেতন করতে হবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
অর্থ: তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। (সূরা আল-ইসরা, আয়াত: ৩২)
সুতরাং আত্মীয়তার দোহাই দিয়ে অপরাধ গোপন করা, অপরাধীকে প্রশ্রয় দেওয়া কিংবা ভুক্তভোগীকে চুপ থাকতে বাধ্য করা অন্যায়।
৬. পরিবারের অভিভাবকদের প্রতি আহ্বান
প্রত্যেক পরিবারের অভিভাবকদের উচিত মাহরাম-নামাহরামের বিধান সম্পর্কে নারী-পুরুষ সবাইকে সচেতন করা। বিশেষত,
১. মাহরাম হওয়ার অর্থ যেকোনো পোশাক পরার অনুমতি নয়।
২. পুরুষদের দৃষ্টির হেফাজত করতে হবে।
৩. নারীদের শালীন পোশাক পরতে হবে এবং শরীর যথাযথভাবে আবৃত রাখতে হবে।
৪. আঁটসাঁট ও পাতলা পোশাক পরিহার করতে হবে।
৫. শিশুদের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে।
৬. পরিবারের কারও আচরণ সন্দেহজনক হলে তা উপেক্ষা করা যাবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো মাহরাম পুরুষের দ্বারা ফিতনা, কুদৃষ্টি বা সম্ভ্রমহানির আশঙ্কা থাকলে তার সামনে পর্দা করা, একান্তে অবস্থান না করা এবং যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। মাহরাম হওয়ার কারণে এমন ব্যক্তির সামনে পর্দার বিধান শিথিল করার সুযোগ নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন