ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭৩৫৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিষয়: ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক ঋণ গ্রহণের বৈধতা সম্পর্কে শরয়ি সমাধান প্রার্থনা। আমার পিতা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ঋণ গ্রহণ করতে ইচ্ছুক। বর্তমানে ব্যাংকটিতে শরিয়াহভিত্তিক বিভিন্ন অর্থায়ন বা ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। উক্ত ব্যবস্থার অধীনে ঋণ গ্রহণ করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ হবে কি না, তা জানতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকের প্রচলিত শরিয়াহভিত্তিক ঋণ বা অর্থায়ন পদ্ধতিতে অর্থ গ্রহণ করলে তা সুদের অন্তর্ভুক্ত হবে, নাকি শরিয়তসম্মত ব্যবসায়িক লেনদেন হিসেবে গণ্য হবে? বিশেষ করে, ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করে পরবর্তীতে মূল অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করার যে ব্যবস্থা রয়েছে, তা কোন শর্তে জায়েজ হতে পারে এবং কোন অবস্থায় নাজায়েজ হবে? এ অবস্থায় আমার পিতার জন্য উক্ত ব্যাংক থেকে অর্থায়ন গ্রহণ করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি না, কুরআন-সুন্নাহ ও হানাফি ফিকহের আলোকে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী ব্যাংকের অর্থায়ন যদি প্রকৃত ব্যবসায়িক লেনদেন (যেমন: মুরাবাহা, বাই মুআজ্জল বা শিরকাতুল মিলক/হায়ার পারচেজ) নিয়ম মেনে পরিচালিত হয়, তবে তা সুদের অন্তর্ভুক্ত নয়; বরং কুরআনে বর্ণিত বৈধ ব্যবসা হিসেবে গণ্য হবে। তবে ব্যাংক যদি শরিয়াহর নীতিমালা না মেনে কেবল কাগজে-কলমে চুক্তি দেখায় এবং বাস্তবে সরাসরি নগদ টাকা প্রদান করে মেয়াদ শেষে মূল টাকার চেয়ে অতিরিক্ত টাকা দাবি করে, তবে তা সম্পূর্ণ সুদ ও হারাম হিসেবে গণ্য হবে।
ইসলামী ব্যাংক যখন গ্রাহককে নগদ টাকা না দিয়ে গ্রাহকের চাহিদাকৃত পণ্য (যেমন: গাড়ি, জমি, রড, সিমেন্ট, মেশিনারি ইত্যাদি) বিক্রেতার কাছ থেকে নিজে ক্রয় করে গ্রাহকের কাছে লাভ যোগ করে বাকিতে/কিস্তিতে বিক্রি করে, তখন তা ব্যবসায়িক লাভ হিসেবে হালাল হয়। নগদ বিক্রির চেয়ে বাকিতে বা কিস্তিতে বিক্রির সময় পণ্যের দাম বেশি ধরা শরীয়তের দৃষ্টিতে বৈধ। তবে শর্ত হলো, ব্যাংককে প্রথমে বিক্রেতার কাছ থেকে পণ্যটি নিজে ক্রয় করে কবজা তথা নিজ নিয়ন্ত্রণে নেওয়ার পর তা গ্রাহকের কাছে বিক্রি করতে হবে। চুক্তির সময় পণ্যের মোট বিক্রিয় মূল্য এবং পরিশোধের সময়সীমা নির্ধারিত হতে হবে। সময় অতিবাহিত হওয়ার কারণে বা কিস্তি দিতে দেরি হলে পূর্বে নির্ধারিত মূল্যের ওপর অতিরিক্ত টাকা বৃদ্ধি করা যাবে না।
কিন্তু যদি পণ্য ক্রয়-বিক্রয় না করে কেবল ভুয়া চালান বা মেমো বানিয়ে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হলে তা সুদ হবে। ব্যাংক বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা ও ঝুঁকি গ্রহণ করার আগেই যদি গ্রাহকের কাছে তা বিক্রি করে দেয়, তবে উক্ত বিক্রি ফাসিদ ও নাজায়েজ হবে। কিস্তি দিতে দেরি হলে যে বিলম্ব ফী ধরা হয়, তা যদি ব্যাংক নিজের আয় বা মুনাফা হিসেবে গ্রহণ করে, তবে তা সুদের অন্তর্ভুক্ত হবে।
قال الله تعالى: وَأَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
سنن الترمذي ت شاكر (3/ 527)
عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: «لا يحل [ص:528] سلف وبيع، ولا شرطان في بيع، ولا ربح ما لم يضمن، ولا بيع ما ليس عندك»
المبسوط للسرخسي (13/ 126)
وإذا كان لرجل على رجل دين إلى أجل، وهو من ثمن مبيع فحط عنه شيئا على أن يعجل له ما بقي فلا خير فيه ولكن يرد ما أخذ والمال كله إلى أجله، وهو مذهب عبد الله بن عمر - رضي الله عنهما - وكان زيد بن ثابت - رضي الله عنه - يجوز ذلك ولسنا نأخذ بقوله؛ لأن هذا مقابلة الأجل بالدراهم ومقابلة الأجل بالدراهم ربا، ألا ترى أن في الدين الحال لو زاده في المال ليؤجله لم يجز فكذلك في المؤجل إذا حط عنه البعض ليعجل له ما بقي
بدائع الصنائع في ترتيب الشرائع (7/ 395)
(وأما) الذي يرجع إلى نفس القرض: فهو أن لا يكون فيه جر منفعة، فإن كان لم يجز، نحو ما إذا أقرضه دراهم غلة، على أن يرد عليه صحاحا، أو أقرضه وشرط شرطا له فيه منفعة؛ لما روي عن رسول الله - صلى الله عليه وسلم - أنه «نهى عن قرض جر نفعا» ؛ ولأن الزيادة المشروطة تشبه الربا؛ لأنها فضل لا يقابله عوض، والتحرز عن حقيقة الربا، وعن شبهة الربا واجب هذا إذا كانت الزيادة مشروطة في القرض،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন