অনলাইন কোর্স বিক্রি ও শেয়ারিং নিষেধাজ্ঞার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৭৩৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনলাইনে কোর্স বিক্রি করা কোন একটি বিষয়ে এক বা একাধিক ভিডিও বানিয়ে একই ভিডিও অনেকের কাছে বিক্রি করা হয় এবং বিক্রির সময় শর্ত দেওয়া হয় ভিডিওটি যেন অন্যের কাছে না শেয়ার করি এ ধরনের লেনদেনে শরীয়তের বিধান কী? জাযাকুমুল্লাহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এক ভিডিও একাধিকবার বিক্রি করার হুকুম :
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট বিষয়ে এক বা একাধিক ভিডিও তৈরি করে, পরে একই ভিডিও বহু মানুষের কাছে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করলে এতে শরিয়তগত কোনো সমস্যা নেই। কারণ ভিডিওতে থাকা জ্ঞান, পরিশ্রম ও প্রস্তুতকৃত শিক্ষামূলক উপকরণের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ।
আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সিদ্ধান্তে এসেছে—
وَالِاخْتِرَاعُ أَوِ الِابْتِكَارُ هِيَ حُقُوقٌ خَاصَّةٌ لِأَصْحَابِهَا أَصْبَحَ لَهَا فِي الْعُرْفِ الْمُعَاصِرِ قِيمَةٌ مَالِيَّةٌ مُعْتَبَرَةٌ لِتَمَوُّلِ النَّاسِ لَهَا، وَهَذِهِ الْحُقُوقُ يُعْتَدُّ بِهَا شَرْعًا فَلَا يَجُوزُ الِاعْتِدَاءُ عَلَيْهَا۔
مجلة مجمع الفقه الإسلامي، 5/2095
অর্থ: উদ্ভাবন ও নতুন সৃষ্টির ওপর তার মালিকের বিশেষ অধিকার রয়েছে। সমসাময়িক প্রচলনে এসব অধিকারের স্বীকৃত আর্থিক মূল্য রয়েছে। শরিয়তেও এসব অধিকার স্বীকৃত; অতএব এসব অধিকার লঙ্ঘন করা জায়েজ নয়।
সৌদি আরবের ফতোয়া বোর্ড (লাজনা দায়েমা)-এর ফতোয়ায় এসেছে—
لَا مَانِعَ مِنْ تَسْجِيلِ الْأَشْرِطَةِ النَّافِعَةِ وَبَيْعِهَا، وَتَصْوِيرِ الْكُتُبِ وَبَيْعِهَا؛ لِمَا فِي ذَلِكَ مِنَ الْإِعَانَةِ عَلَى نَشْرِ الْعِلْمِ إِلَّا إِذَا كَانَ أَصْحَابُهَا يَمْنَعُونَ مِنْ ذَلِكَ، فَلَا بُدَّ مِنْ إِذْنِهِمْ۔
(فتاوى اللجنة الدائمة، المجموعة الأولى، 13/187)
অর্থ: উপকারী অডিও/ভিডিও রেকর্ড করে বিক্রি করা এবং বই কপি করে বিক্রি করায় কোনো বাধা নেই; কারণ এতে জ্ঞান প্রচারে সহযোগিতা হয়। তবে সংশ্লিষ্ট মালিকগণ যদি তা নিষেধ করে থাকেন, তাহলে তাদের অনুমতি নেওয়া আবশ্যক।
লাজনা দায়েমা, ১৩/১৮৭
মুফতী তাকী উসমানী দা.বা. তাঁর ‘বুহুস ফি কাযায়া ফিকহিয়্যাহ মুআসারা’ গ্রন্থে একটি সম্ভাব্য আপত্তির জবাব দিতে গিয়ে লিখেছেন—
يُمْكِنُ الْجَوَابُ عَنْهُ بِأَنَّ التَّصَرُّفَ فِي الشَّيْءِ شَيْءٌ، وَإِنْتَاجَ مِثْلِهِ شَيْءٌ آخَرُ... وَلَا شَكَّ أَنَّ الَّذِي تَحَمَّلَ الْمَتَاعِبَ وَالْمَشَاقَّ الْجِسْمِيَّةَ وَالْفِكْرِيَّةَ وَبَذَلَ الْأَمْوَالَ الْجَمَّةَ وَالْأَوْقَاتَ الْغَالِيَةَ فِي إِيجَادِ شَيْءٍ أَوْ تَأْلِيفِ كِتَابٍ... أَحَقُّ بِالِاسْتِرْبَاحِ بِمَا ابْتَكَرَهُ مِنَ الرَّجُلِ الَّذِي اشْتَرَاهُ بِمَالٍ بَسِيطٍ فِي لَحْظَةٍ وَاحِدَةٍ، ثُمَّ جَعَلَ يَسُدُّ السُّوقَ...
(بحوث في قضايا فقهية معاصرة، ج 1 ص 117-118)
অর্থ: কোনো বস্তুর ওপর ব্যবহারিক অধিকার থাকা এক বিষয়, আর তার অনুরূপ কপি তৈরি করা ভিন্ন বিষয়। যে ব্যক্তি কোনো কিছু উদ্ভাবন বা বই রচনার জন্য শারীরিক ও বুদ্ধিবৃত্তিক শ্রম, বিপুল অর্থ এবং মূল্যবান সময় ব্যয় করেছেন, তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে লাভবান হওয়ার অধিক হকদার—সেই ব্যক্তির তুলনায়, যে সামান্য অর্থে তা ক্রয় করে পরে অনুরূপ কপি তৈরি করে মূল স্বত্বাধিকারীর ব্যবসায়িক ক্ষতি করে।
বিক্রির সময় শেয়ার না করার শর্তের হুকুম
বিক্রির সময় যদি শর্ত দেওয়া হয় যে, ক্রেতা ভিডিওটি অন্য কারও কাছে শেয়ার করতে পারবেন না, তাহলে এ শর্ত শরিয়তসম্মত ও পালনযোগ্য। কারণ ক্রেতা ভিডিওটির কপি, পুনঃপ্রচার বা অন্যের কাছে বিতরণের অধিকার ক্রয় করেন না; বরং নির্দিষ্ট শর্তে নিজে দেখার ও উপকার গ্রহণের অনুমতি লাভ করেন।
সুতরাং কোর্স ক্রয় করার পর বিক্রেতার অনুমতি ছাড়া অন্যদের কাছে ভিডিও, ডাউনলোড লিংক, পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট শেয়ার করা জায়েজ হবে না। কারণ এতে বিক্রেতার স্বীকৃত মেধাস্বত্ব এবং পারস্পরিক চুক্তির শর্ত লঙ্ঘিত হয়।
আল্লাহ তাআলা বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো।
—সূরা আল-মায়িদা, ৫:১
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
অর্থ: মুসলিমগণ নিজেদের পারস্পরিক শর্তসমূহের ওপর অটল থাকবে।
—সুনানে তিরমিজি, হাদিস: ১৩৫২
তবে বিক্রেতা যদি অনুমতি দেন যে, একজন ক্রেতা পরিবারের সদস্য, বন্ধু বা নির্দিষ্টসংখ্যক ব্যক্তির সঙ্গে কোর্সটি শেয়ার করতে পারবেন, তাহলে সেই অনুমতির সীমার মধ্যে শেয়ার করা জায়েজ হবে।
সারকথা
একই ভিডিও বহু মানুষের কাছে আলাদাভাবে বিক্রি করা জায়েজ। আর “অন্যের কাছে শেয়ার করা যাবে না” এমন শর্ত দেওয়াও জায়েজ এবং তা পালন করা ক্রেতার জন্য আবশ্যক। বিক্রেতার অনুমতি ছাড়া ভিডিও, লিংক, পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট অন্যের কাছে শেয়ার করা জায়েজ নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন