হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাক। ১০৩
তাফসীরে মুফতি তাকি উসমানী
১০৩. সেই তিন মহাত্মার ঘটনা থেকে যা শিক্ষা লাভ হয়, এ আয়াতে আল্লাহ তাআলা সে দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা নিজেদের দোষ গোপন করার লক্ষ্যে মুনাফিকদের মত মিথ্যা ছল-ছুতা খাড়া করেননি; বরং যা সত্য ছিল তাই অকপটে প্রকাশ করেছেন। বলে দিয়েছেন, তাদের কোনও ওজর ছিল না। তাদের এই সত্যবাদিতার বরকতে আল্লাহ তাআলা যে কেবল তাদের তাওবা কবুল করেছেন তাই নয়; বরং কুরআন মাজীদে সত্যবাদী মানুষ হিসেবে মূল্যায়ন করে কিয়ামত পর্যন্ত তাদেরকে অমরত্ব দান করেছেন। এ আয়াতে এই শিক্ষাও পাওয়া যায় যে, মানুষের উচিত এমন সত্যনিষ্ঠ লোকের সাহচর্য অবলম্বন করা, যারা মুখেও সত্য বলে এবং কাজেও সততার পরিচয় দেয়।