তোমাদের আশেপাশে যে সকল দেহাতী আছে, তাদের মধ্যেও মুনাফিক আছে এবং মদীনাবাসীদের মধ্যেও, ৮২ তারা মুনাফিকীতে (এতটা) সিদ্ধ (যে,) তুমি তাদেরকে জান না, আমি তাদেরকে জানি। আমি তাদেরকে দু’বার শাস্তি দেব। ৮৩ অতঃপর তাদেরকে এক মহা শাস্তির দিকে তাড়িয়ে নেওয়া হবে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮২. ‘দু’বার শাস্তি দান’-এর ব্যাখ্যা বিভিন্নভাবে করা হয়েছে। সঠিক অর্থ তো আল্লাহ তাআলাই জানেন। তবে বাহ্যত যা বুঝে আসে সে হিসেবে এক শাস্তি তো এই যে, তারা মুসলিমদের পরাস্ত ও পর্যুদস্ত হওয়ার যে আশা করছিল, তা পূরণ হয়নি; বরং মুসলিমগণ তাবুকের যুদ্ধ থেকে সম্পূর্ণ নিরাপদেই ফিরে এসেছেন। মুনাফিকদের পক্ষে এটা ছিল এক অসহ্য অন্তর্জ্বালা। সুতরাং তাদের জন্য এটা এক বড় শাস্তি। দ্বিতীয় শাস্তি হল তাদের মুনাফিকীর মুখোশ খুলে যাওয়া, যার ফলে দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছে।