(হে নবী!) নিশ্চয়ই যারা নিজেদের দীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে তোমার কোনও সম্পর্ক নেই। ৯৮ তাদের বিষয় তো আল্লাহরই উপর ন্যস্ত। অতঃপর তারা যা-কিছু করছে, তিনি তাদেরকে তা জানাবেন।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৯৮. এ আয়াত দ্বারা বোঝা যায়, যে মতভেদ দ্বারা উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় এবং বিভিন্ন দল-উপদলের সৃষ্টি হয়ে পারস্পরিক বিবাদ-বিসম্বাদের সূত্রপাত ঘটে, তা সম্পূর্ণ অবৈধ ও নিন্দনীয়। ‘আকীদা-বিশ্বাস সংক্রান্ত মতভেদ এ পর্যায়ে পড়ে। ইয়াহূদী-খ্রিষ্টান সম্প্রদায় এরূপ মতভেদে লিপ্ত হয়েছিল বলে এ আয়াতে তাদের নিন্দা করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা তাঁর উম্মতকে তাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে, পাছে সে জাতীয় মতভেদ এ উম্মতের মধ্যেও সংক্রমিত হয়। কিন্তু উম্মতের কিছু লোক বিভিন্ন সময়ে এ হুকুম পালনে ব্যর্থ হয়েছে ফলে বিজাতীয় সে মতভেদের ব্যাধি দ্বারা তারাও আক্রান্ত হয়ে পড়েছে। এ উম্মতের মধ্যে বিভিন্ন ফির্কার উৎপত্তি সেই হুকুম অমান্য করারই কুফল। উল্লেখ্য, ফুরূঈ মাসাইল তথা ফিকহী মাযহাবসমূহের মতভেদ নিন্দনীয় মতভেদের অন্তর্ভুক্ত নয়। কুরআন-হাদীস দ্বারা এর বৈধতা প্রমাণিত। -অনুবাদক