আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৫৮

তাফসীর
ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ تَاۡتِیَہُمُ الۡمَلٰٓئِکَۃُ اَوۡ یَاۡتِیَ رَبُّکَ اَوۡ یَاۡتِیَ بَعۡضُ اٰیٰتِ رَبِّکَ ؕ یَوۡمَ یَاۡتِیۡ بَعۡضُ اٰیٰتِ رَبِّکَ لَا یَنۡفَعُ نَفۡسًا اِیۡمَانُہَا لَمۡ تَکُنۡ اٰمَنَتۡ مِنۡ قَبۡلُ اَوۡ کَسَبَتۡ فِیۡۤ اِیۡمَانِہَا خَیۡرًا ؕ قُلِ انۡتَظِرُوۡۤا اِنَّا مُنۡتَظِرُوۡنَ

উচ্চারণ

হাল ইয়ানজুরূনা ইল্লাআন তা’তিয়াহুমুল মালাইকাতুআও ইয়া’তিয়া রাব্বুকা আও ইয়া’তিয়া বা‘দুআ-য়া-তি রাব্বিকা ইয়াওমা ইয়া’তী বা‘দুআ-য়া-তি রাব্বিকা লা-ইয়ানফা‘উ নাফছান ঈমা-নুহা-লাম তাকুন আ-মানাত মিন কাবলুআও কাছাবাত ফী ঈমা-নিহা-খাইরান কুলিনতাজিরূইন্না-মুনতাজিরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা কি (ঈমান আনার জন্য) কেবল এরই অপেক্ষা করছে যে, তাদের কাছে ফিরিশতা আসবে বা তোমার প্রতিপালক নিজে আসবেন অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে? ৯৬ (অথচ) যে দিন তোমার প্রতিপালকের কোনও নিদর্শন এসে যাবে, সে দিন এমন ব্যক্তির ঈমান তার কোন কাজে আসবে না, যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি কিংবা নিজ ঈমানের সাথে কোন সৎকর্ম অর্জন করেনি। ৯৭ (সুতরাং তাদেরকে) বলে দাও, তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় আছি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯৬. অর্থাৎ সর্বশেষ নবী ও সর্বশেষ কিতাব এসে গেছে, আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বোঝানো-সমঝানো ও পথনির্দেশ করার চূড়ান্ত হয়ে গেছে। এখন আর ঈমান না আনার পক্ষে কোন অজুহাত বাকি নেই। তা সত্ত্বেও যারা ঈমান আনছে না তারা হয়ত তিনটি বিষয়ের কোনও একটির অপেক্ষায় আছে, যা ঘটার পর তারা ঈমান আনবে। (ক) হয়ত তাদের প্রাণসংহার ও শাস্তিদান করার জন্য ফিরিশতা এসে যাবে। (খ) কিয়ামতের ময়দানে বিচারের জন্য আল্লাহ তা‘আলা স্বয়ং হাজির হয়ে যাবেন অথবা দুনিয়ায় তাদেরকে শাস্তিদানের জন্য তার হুকুম এসে যাবে এবং (গ) কিয়ামতের বড় আলামত প্রকাশ পাবে অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। কুরআন-হাদীসের ঘোষণা অনুযায়ী এ সকল অবস্থায় ঈমান গ্রহণযোগ্য নয়। যেমন পরের বাক্যে বলা হয়েছে, যেদিন কিয়ামতের বড় আলামত প্রকাশ পাবে, সেদিন কারও ঈমান আনয়ন কোন কাজে আসবে না। -অনুবাদক