আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৫২

তাফসীর
وَلَا تَقۡرَبُوۡا مَالَ الۡیَتِیۡمِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ حَتّٰی یَبۡلُغَ اَشُدَّہٗ ۚ  وَاَوۡفُوا الۡکَیۡلَ وَالۡمِیۡزَانَ بِالۡقِسۡطِ ۚ  لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ۚ  وَاِذَا قُلۡتُمۡ فَاعۡدِلُوۡا وَلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ۚ  وَبِعَہۡدِ اللّٰہِ اَوۡفُوۡا ؕ  ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ۙ

উচ্চারণ

ওয়ালা- তাকরাবূমা-লাল ইয়াতীমি ইলা-বিল্লাতী হিয়া আহছানুহাত্তা-ইয়াবলুগা আশুদ্দাহুূ ওয়া আওফুল কাইলা ওয়াল মীঝা-না বিলকিছতি লা-নুকালিলফুনাফছান ইল্লাউছ‘আহা- ওয়া ইযা-কুলতুম ফা‘দিলূওয়া লাও কা-না যা-কুরবা- ওয়া বি‘আহদিল্লা-হি আওফূ যা-লিকুম ওয়াসসা-কুম বিহী লা‘আল্লাকুম তাযাক্কারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ইয়াতীম পরিপক্ক বয়সে না পৌঁছা পর্যন্ত তার সম্পদের নিকটেও যেয়ো না, তবে এমন পন্থায় (যাবে, তার পক্ষে) যা উত্তম হয় এবং পরিমাপ ও ওজন ন্যায়ানুগভাবে পরিপূর্ণ করবে। আমি কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেই না। ৯৩ এবং যখন (কোনও কথা) বলবে, তখন ন্যায্য বলবে, যদিও নিকটাত্মীয়ের বিষয়ে হয়। আর আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করবে। ৯৪ আল্লাহ এসব বিষয়ে তোমাদেরকে গুরুত্বের সাথে আদেশ করেছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯৩. বেচা-কেনার সময় পরিমাপ ও ওজন যাতে ঠিক ঠিক হয় সে দিকে লক্ষ্য রাখা অবশ্য কর্তব্য, তবে আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এ ব্যাপারে সাধ্যের বাইরে কিছু করার প্রয়োজন নেই। কেননা তিনি বান্দার পক্ষে যা রক্ষা করা সম্ভব নয়, সে রকম কোন হুকুম দিয়ে বান্দাকে কষ্টে ফেলেন না। বান্দার যতটুকু করার সাধ্য আছে, ততটুকু পরিমাণ আদেশই তিনি তাকে করেছেন। কাজেই চেষ্টা থাকা চাই যাতে মাপ ঠিক-ঠাক হয়, কিন্তু চেষ্টা সত্ত্বেও সামান্য কিছু হেরফের থেকে গেলে তাতে দোষ নেই। কেননা তা থেকে বাঁচা অতি কঠিন।