সুন্নাত বা নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ নামাযের ইক্তিদা করার হুকুম
প্রশ্নঃ ১৭৪২০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সুন্নাত বা নফল নামাজ পড়তেছি এমন সময় এক ব্যক্তি এসে আমাকে টার্চ করে বা সংকেত দিয়ে সে ফরজ নামাজের নিয়ত করে আমার সাথে নামাজ পড়লো। এখন আমি কি তাকবির জোরে বলবো? আর এভাবে নামাজ পড়লে কি নামাজ সহীহ হবে? দালিলসহ বিস্তারিত জানাবেন।
১৯ নভেম্বর, ২০২৬
কালিগঞ্জ
৩৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফি মাজহাব অনুযায়ী, কোনো ব্যক্তি সুন্নাত বা নফল নামাজ আদায় করলে তার পেছনে ফরজ নামাজের নিয়ত করে ইক্তিদা করলে তার ইক্তিদা সহীহ হবে না।
সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় যিনি সুন্নাত বা নফল নামাজ আদায় করছেন, তার পেছনে ফরজ নামাজ আদায়কারীর ইক্তিদা সহীহ হবে না। অতএব সুন্নত বা নফল আদায়কারী তার নামাজ যথারীতি স্বাভাবিকভাবেই শেষ করবে। তিনি নিজের নামাজের তাকবিরগুলো স্বাভাবিক নিয়মেই বলবেন। ওই ব্যক্তি তার পেছনে দাঁড়িয়েছেন বলে তাকে ইমামের মতো উচ্চস্বরে তাকবির বলতে হবে না। আর যিনি ফরজের নিয়তে তার অনুসরণ করেছেন, তার ফরজ নামাজ আদায় হবে না। নামাজ শেষে তাকে জানিয়ে দেবেন আপনি সুন্নত বা নফল নামাজ পড়ছিলেন। তাকে পুনরায় ফরজ নামাজ আদায় করতে হবে।
হাদিসে এসেছে,
الإِمَامُ ضَامِنٌ وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ
অর্থ: ইমাম হলেন জামিন (মুক্তাদির নামাজের দায়িত্বশীল), আর মুয়াজ্জিন আমানতদার।
[সুনানে আবু দাউদ, হাদিস নং: ৫১৭]
(হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/14863)
এ হাদিস থেকে হানাফি ফকিহগণ ইস্তিম্বাত করেন, জামিন হওয়ার অর্থ ইমামের নামাজ মুক্তাদির নামাজকে অন্তর্ভুক্ত করবে। আর এজন্য ইমামের নামাজ মুক্তাদির নামাজের চেয়ে দুর্বল হতে পারবে না। নফল ফরজের চেয়ে দুর্বল। তাই নফল আদায়কারী ফরজ আদায়কারীর জামিন হতে পারে না।
অপর হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلَا تَخْتَلِفُوا عَلَيْهِ
অর্থ: "ইমাম নির্ধারণ করা হয়েছে তাঁর অনুসরণের জন্য, অতএব তোমরা তাঁর সঙ্গে মতভেদ করো না।"
[সহিহ বুখারি, হাদিস নং: ৭২২]
(হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/686)
হানাফি ফকিহগণ এখান থেকে সিদ্ধান্ত নেন, ইমাম ও মুক্তাদির নামাজের ধরন এক হওয়া চাই। ভিন্ন ধরনের নামাজ (যেমন একজনের ফরজ, অন্যজনের নফল) হলে নামাজের মূল বিষয়ে ইখতিলাফ হয়ে যায়।
হানাফি মাজহাবের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য কিতাব আল-হিদায়া-তে উল্লেখ রয়েছে,
ولا يصلي المفترض خلف المتنفل" لأن الاقتداء بناء ووصف الفرضية معدوم في حق الإمام فلا يتحقق البناء على المعدوم
অর্থ: ফরজ নামাজ আদায়কারী ব্যক্তি নফল নামাজ আদায়কারীর পেছনে নামাজ পড়বে না। কেননা, ইক্তিদা হলো ভিত্তি স্থাপন করার মতো। অথচ ইমামের ক্ষেত্রে ফরজ হওয়ার বৈশিষ্ট্যটি অনুপস্থিত। সুতরাং অনুপস্থিত বিষয়ের ওপর ভিত্তি স্থাপন করা সম্ভব নয়।
[আল-হিদায়া: ১/৫৯, কিতাবুস সালাত, বাবুল ইমামাহ]
একই কথা ইমাম কাসানি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ বাদায়েউস সানায়ে-তে উল্লেখ করেছেন:
(وَأَمَّا) شَرَائِطُ الرُّكْنِ فَأَنْوَاعٌ: مِنْهَا - الشِّرْكَةُ فِي الصَّلَاتَيْنِ وَاتِّحَادُهُمَا سَبَبًا وَفِعْلًا وَوَصْفًا؛ لِأَنَّ الِاقْتِدَاءَ بِنَاءُ التَّحْرِيمَةِ عَلَى التَّحْرِيمَةِ، فَالْمُقْتَدِي عَقَدَ تَحْرِيمَتَهُ لِمَا انْعَقَدَتْ لَهُ تَحْرِيمَةُ الْإِمَامِ، فَكُلَّمَا انْعَقَدَتْ لَهُ تَحْرِيمَةُ الْإِمَامِ جَازَ الْبِنَاءُ مِنْ الْمُقْتَدِي، وَمَا لَا فَلَا
অর্থ: ইক্তিদা রুকনের শর্তাবলির মধ্যে একটি হলো, ইমাম ও মুক্তাদি উভয়ের নামাজে অংশীদার হওয়া এবং কারণ, কাজ ও গুণের দিক থেকে উভয় নামাজ এক হওয়া। কেননা ইক্তিদা মানে এক তাহরিমার ওপর আরেক তাহরিমার ভিত্তি স্থাপন করা। মুক্তাদি তার তাহরিমা সেই নামাজের জন্যই বাঁধে, যে নামাজের জন্য ইমামের তাহরিমা বাঁধা হয়েছে। অতএব, ইমামের তাহরিমা যে নামাজের জন্য সংঘটিত হয়েছে, মুক্তাদির পক্ষে তার ওপর ভিত্তি করা জায়েজ। আর যে নামাজের জন্য তা সংঘটিত হয়নি, তার ওপর ভিত্তি করা জায়েজ নয়।
[বাদায়েউস সানায়ে: ১/১৩৮, কিতাবুস সালাত]
উপরোক্ত দলিল থেকে বোঝা যায়, ফরজ নামাজ আদায়কারী ব্যক্তির নামাজের বৈশিষ্ট্য আর নফল নামাজ আদায়কারীর নামাজের বৈশিষ্ট্য এক নয়। তাই হানাফি মাজহাব অনুযায়ী এ দুই নামাজের মধ্যে ইক্তিদা সহীহ হয় না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন