হারাম অর্থের পরিবর্তে হালাল অর্থ রেখে দেওয়া এবং তা দিয়ে ব্যবসার বিধান
প্রশ্নঃ ১৬৮৪৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর। আমার মাসিক বেতন ১২,০০০ টাকা, যা সম্পূর্ণ হালাল। এছাড়া আমার কাছে ক্যাসিনো থেকে জেতা ৩,০০০ টাকা (হারাম) এবং সরকারি ভাতার ২,৫০০ টাকা আছে। এখন আমি যদি আমার হালাল বেতনের ৫,৫০০ টাকা নিজের কাছে রেখে দিই এবং ওই ৫,৫০০ টাকা (ক্যাসিনোর ৩,০০০ + সরকারি ভাতার ২,৫০০) বেতনের সঙ্গে যোগ করে পরিবারকে মোট ১২,০০০ টাকা দিই, তাহলে আমি নিজের কাছে রাখা ৫,৫০০ টাকা কি হালাল বেতনের টাকা হিসেবেই গণ্য হবে? পরবর্তীতে আমি যদি ওই ৫,৫০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করি, তাহলে সেই ব্যবসা শরিয়তের দৃষ্টিতে হালাল হবে কি? নাকি এইভাবে বদল (substitution) করলে কোনো সমস্যা হবে? শরিয়ত অনুযায়ী আমার কী করা উচিত?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার মাসিক ১২,০০০ টাকা বেতন সম্পূর্ণ হালাল (আপনি বলেছেন)। সরকারি ভাতার ২,৫০০ টাকাও যদি শরিয়তসম্মত বৈধ নিয়ম ও যোগ্যতা অনুযায়ী প্রাপ্য হয়ে থাকে, তাহলে সেটিও হালাল। পক্ষান্তরে, ক্যাসিনো/জুয়ার মাধ্যমে অর্জিত ৩,০০০ টাকা হারাম।
অতএব, আপনার কাছে মোট ১৪,৫০০ টাকা হালাল এবং ৩,০০০ টাকা হারাম অর্থ রয়েছে।
আপনি যদি হালাল বেতনের ৫,৫০০ টাকা নিজের কাছে রেখে দেন, তাহলে তা হালালই থাকবে। আর ক্যাসিনোর ৩,০০০ টাকা পরিবারকে দিলেও এতে আপনার কাছে রাখা ৫,৫০০ টাকার হুকুম পরিবর্তিত হবে না। কারণ, হারাম অর্থ খরচ করার কারণে হালাল অর্থ হারাম হয়ে যায় না। অর্থাৎ আপনার রাখা টাকা হালালই থাকবে।
তবে ক্যাসিনোর ৩,০০০ টাকা এভাবে খরচ করে তার পরিবর্তে হালাল অর্থ রেখে দিলেই হারাম অর্থের দায় থেকে মুক্তি পাওয়া যাবে না। এ অর্থ আলাদাভাবে শরয়ি নিয়মে নিষ্পত্তি করতে হবে।
ক্যাসিনো থেকে পাওয়া অর্থ নিজের বা পরিবারের ভোগে ব্যবহার করা জায়েযই নয়। এ থেকে তাওবা করে তা নিজের মালিকানা থেকে বের করে দিতে হবে। চেনা-জানা কোনো নির্দিষ্ট ব্যক্তির হক হলে তাকে ফেরত দিতে হবে। আর তা সম্ভব না হলে যাকাতের হকদার গরিব-মিসকিনকে সদকা করে দিতে হবে। এতে সওয়াবের নিয়ত করা যাবে না; বরং হারাম সম্পদ থেকে দায়মুক্তির নিয়ত করতে হবে।
আপনার কাছে থাকা ৫,৫০০ টাকা হালাল বেতনের অংশ হওয়ায় তা দিয়ে শরিয়তসম্মত ব্যবসা শুরু করা জায়েয। ব্যবসাটিও শরিয়তসম্মত হলে, এর লাভও হালাল হবে।
সুতরাং, হালাল বেতনের ৫,৫০০ টাকা নিজের কাছে রেখে তা দিয়ে ব্যবসা করা জায়েয। তবে ক্যাসিনোর ৩,০০০ টাকা অবশ্যই শরয়ি নিয়মে আপনার মালিকানা থেকে বের করে দিতে হবে। তা কোনোভাবেই আপনি ব্যবহার করতে পারবেন না।
আর সরকারি ভাতার ২,৫০০ টাকা যদি বৈধ নিয়মে আপনার প্রাপ্য হয়ে থাকে, তাহলে তা হালাল। অন্যথায় তা হালাল হবে না।
المستندات الشرعية
** فقه البيوع : 2/986، رقم : ٤٨٦ - القسم الثالث : ما كان مجموعاً من الحلال والحرام
وهو على أربع صور: - الصورة الأولى:
أن يكون الحلال عند الغاصب أو كاسب الحرام متميزاً من الحرام
فيجري على كل واحد منهما أحكامه. وإن أعطى أحداً من الحلال، حلّ للآخذ، وإن أعطى من الحرام، حرم عليه، وإن علم الآخذ أن الحلال والحرام متميزان عنده، ولكن لم يعلم أنّ ما يأخذه من الحلال أو من الحرام، فالعبرة عند الحنفية للغلبة؛ فإن كان الغالب في مالِ المعطي الحرام، لم يجز له، وإن كان الغالب في ماله الحلال، وسع له ذلك.
** «سنن الترمذي» (2/ 149): 618
«يا كعبَ بن عُجْرةَ! إنَّه لا يَرْبو لَحْمٌ نَبَتَ من سُحْتٍ إلَّا كانتِ النَّارُ أوْلَى به»
** «مسند أحمد» (6/ 189 ط الرسالة): 3672
«وَلَا يَكْسِبُ عَبْدٌ مَالًا مِنْ حَرَامٍ، فَيُنْفِقَ مِنْهُ فَيُبَارَكَ لَهُ فِيهِ، وَلَا يَتَصَدَّقُ بِهِ فَيُقْبَلَ مِنْهُ، وَلَا يَتْرُكُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ،»
** الحاوي القدسي : (1/300)
: ومصارف العشر وسائر الصدقات الواجبات مصارف الزكاة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন