আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৬। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। ইত্যবসরে একপাত্র খাদ্য এনে তাঁর সামনে রাখা হলো। কিন্তু আহার গ্রহণে তিনি তাঁর হাতকে বিরত রাখলেন দেখে আমরাও আমাদের হাত গুটিয়ে রাখলাম। কারণ আমরা কখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর স্পর্শ করার আগে খাদ্যের পাত্রে হাত দিতাম না। এ সময় এক বেদুঈন দৌড়াতে দৌড়াতে এসে হাযির হলো যেনো তাকে তাড়িয়ে বেড়ানো হচ্ছে। সে উপস্থিত হয়েই খাদ্যের পাত্রে হাত বাড়ালো। রাসূলুল্লাহ্ (ﷺ) তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর এক মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হলো। যেন তাকেও হাঁকিয়ে বেড়ানো হচ্ছে। সেও খাদ্যের পাত্রে হাত দিতে উদ্যত হলো। নবী (ﷺ) তার হাতও ধরে ফেললেন। তারপর বললেন, কোনো খাবার আল্লাহ্‌র নাম নিয়ে গ্রহণ না করা হলে তাতে শয়তান অংশগ্রহণের সুযোগ পায়। শয়তান আমাদেরকে খাবারের পাত্রে হাত ঢুকাতে বিরত থাকতে দেখে খাদ্যে ভাগ বসাবার উদ্দেশ্যে এক বেদুঈনকে ধরে নিয়ে এসেছে। (কিন্তু আমি তার হাত ধরে ফেললে) সে খাদ্য গ্রহণের সুযোগ লাভের জন্য পুনরায় এই মেয়েকে হাঁকিয়ে নিয়ে এসেছে। সেই সত্তার কসম যিনি ব্যতীত আর কোন ইলাহ্ নেই। এখন এই মেয়ের হাতের সাথে শয়তানের হাতও আমার মুঠোর মধ্যে।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
596 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ نَصْرٍ، نَا عَبْدُ السَّلَامِ بْنُ عَاصِمٍ، نَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، نَا مَعْمَرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجَفْنَةٍ فَوُضِعَتْ فَكَفَّ عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، وَكَفَفْنَا أَيْدِيَنَا، وَكُنَّا لَا نَضَعُ أَيْدِيَنَا حَتَّى يَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَجَاءَ أَعْرَابِيُّ يَشْتَدُّ، كَأَنَّهُ يُطْرَدُ، حَتَّى أَهْوَى إِلَى الْجَفْنَةِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَأَجْلَسَهُ وَجَاءَتْ جَارِيَةٌ كَأَنَّهَا تُدْفَعُ فَذَهَبَتْ تَضَعُ يَدَهَا فِي الطَّعَامِ، فَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهَا، ثُمَّ قَالَ: إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ إِذَا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ، وَإِنَّهُ لَمَّا رَآنَا كَفَفْنَا أَيْدِيَنَا، جَاءَ بِهَذَا الْأَعْرَابِيِّ يَسْتَحِلُّ بِهِ، ثُمَّ جَاءَ بِالْجَارِيَةِ يَسْتَحِلُّ بِهَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ، يَدُهُ فِي يَدِي مَعَ يَدِهَا

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে জানা যায় যে, ‘বিস্‌মিল্লাহ্’ বলে পানাহার শুরু করা উচিত। অন্যথায় খাদ্যের বরকত কমে যায় এবং শয়তান পানাহারে শরীক হয়। পানাহারের পূর্বে ‘বিস্‌মিল্লাহ্’ বলা সুন্নত। ‘বিসমিল্লাহ্’ একটু শব্দ করে পড়া উত্তম যাতে অন্যরাও সচেতন হয়ে ‘বিসমিল্লাহ্’ পড়তে পারে। পানাহারের প্রারম্ভে ‘বিসমিল্লাহ্’ বলতে ভুলে গেলে যখন তা স্মরণ হবে তখন বলতে হবে-“বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু” অর্থাৎ ‘খাদ্যের প্রথমে ও শেষে আল্লাহ্‌র নাম নিয়ে খাচ্ছি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান