ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৫৭
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
দর্শনের এখতিয়ার বা দেখার পরে ফেরত দেওয়ার অধিকার
(২০৫৭) তাবিয়ি আলকামা ইবন ওয়াক্কাস লাইসি বলেন, তালহা ইবন উবাইদুল্লাহ রা. উসমান ইবন আফফান রা. থেকে কিছু সম্পদ ক্রয় করেন। উসমান রা.কে বলা হয় যে, এই বিক্রয়ে আপনি ঠকেছেন। তখন তিনি বলেন, এখানে আমার এখতিয়ার বা বিক্রয় বাতিলের স্বাধীনতা আছে; কারণ আমি না দেখেই তা বিক্রয় করেছি। তালহা বলেন, এখতিয়ার তো আমার জন্য, কারণ আমি না দেখে তা ক্রয় করেছি। তখন তারা তাদের বিরোধ নিষ্পত্তি করতে তাদের মধ্যে জুবাইর ইবন মুতয়িম রা.কে বিচারক নিয়োগ করেন। তিনি ফয়সালা দেন যে, ক্রেতা তালহা রা.ই এখতিয়ার বা ক্রয়চুক্তি বাতিলের অধিকার লাভ করবেন, বিক্রেতা উসমান রা.র কোনো এখতিয়ার নেই।
كتاب البيوع
عن علقمة بن وقاص الليثي قال: إشترى طلحة بن عبيد الله من عثمان بن عفان مالا فقيل لعثمان: إنك قد غبنت فقال عثمان: لي الخيار لأني بعث ما لم أر فقال طلحة: إلي الخيار لأني اشتريت ما لم أر فحكما بينهما جبير بن مطعم فقضى أن الخيار لطلحة ولا خيار لعثمان.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাহাবি** ঘটনাটি সঙ্কলন করেছেন। তিনি বলেন, দর্শনের পরে পণ্য ফেরত প্রদানের অধিকারের বিষয়ে সাহাবি-তাবিয়িগণ থেকে অনেক কথা বর্ণিত হয়েছে, যদিও অধিকাংশ বর্ণনাই বিচ্ছিন্ন সনদে সঙ্কলিত হয়েছে । তবে এগুলোর বিপরীতে অবিচ্ছিন্ন সনদে কিছু বর্ণিত হয় নি। বাইহাকিও ঘটনাটি সঙ্কলন করেছেন)। [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৫৫০৭; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১০৪২৪; ইবন হাযম, আল মুহাল্লা ৭/২১৬]

** [গ্রন্থকার টীকায় বলেন, এর সনদে বিলাল ( হিলাল) ইবন ইয়াহইয়া ইবন মুসলিম রয়েছে। ইবন হিব্বান তাকে তার দুর্বল রাবী বিষয়ক গ্রন্থে উল্লেখ করেছেন। সনদে আরো রয়েছেন রাবাহ ইবন আবু মারুফ মাক্কি, তিনি সত্যনিষ্ঠ, তবে ভুল করেন। বাইহাকির 'আস সুনানুল কুবরা' (৫/৫৮২) এর টীকায় ইসলাম মানসুর বলেন, এর সনদ হাসান। রাবাহ সত্যনিষ্ঠ, তবে ভুল করেন। মুখালিফ না থাকলে তিনি গ্রহণযোগ্য। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান