ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৮১
রোযার অধ্যায়
রামাদান মাসের আগে থেকেই সিয়াম শুরু করা
(১২৮১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা রামাদান মাসের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন ( শুরু) করবে না। তবে যদি কেউ কোনো নিয়মিত সিয়াম পালন করতে অভ্যস্ত হয় তাহলে সে তার নিয়মিত সিয়াম পালন করবে।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصمه
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস ১৯১৪; সহীহ মুসলিম, হাদীস-১০৮২]
হাদীসের ব্যাখ্যা:
ইসলামী শরী‘আতে পূর্ণ রমযান মাসের রোযা ফরয করা হয়েছে এবং যেমন এইমাত্র জানা গেল যে, শরী‘আত এ নির্দেশও দিয়েছে যে, রমযানের চাঁদ দেখার ব্যাপারে বিশেষ যত্নবান থাকতে হবে- এমনকি এ উদ্দেশ্যে শা'বানের চাঁদ দেখার ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে-যাতে কোন প্রকার ভ্রমে পড়ে অথবা উদাসীনতার কারণে রমযানের কোন রোযা ছুটে না যায়। কিন্তু শরী‘আতের সীমা রেখার হেফাযতের জন্য এ নির্দেশও দেওয়া হয়েছে যে, রমযানের এক দু'দিন পূর্ব থেকেই যেন রোযা রাখা শুরু করে দেওয়া না হয়। আল্লাহর ইবাদতে কোন অতি উৎসাহী মানুষ যদি এমনটি করতে যায়, তাহলে এ আশংকা থেকে যায় যে, অজ্ঞ সাধারণ মানুষ এটাকেই শরী‘আতের হুকুম ও মাসআলা মনে করে নেবে। এ জন্য এ প্রবণতা থেকে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)