ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯৮
নামাযের অধ্যায়
দুই ঈদের পূর্বে খাদ্য গ্রহণ
(৯৯৮) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে খাদ্য গ্রহণ না করে বের হতেন না। আর তিনি ঈদুল আযহার দিনে ফিরে আসার আগে কিছুই খেতেন না। ফিরে এসে তার কুরবানীর পর গোশত থেকে ভক্ষণ করতেন।
كتاب الصلاة
عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر حتى يطعم وكان لا يأكل يوم النحر شيئا حتى يرجع فيأكل من أضحيته... لا يطعم يوم الأضحى حتى يصلي

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারাকুতনি। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন হাদীসটি তিরমিযিও কাছাকাছি শব্দে সঙ্কলন করেছেন। তিরমিযির হাদীস ইবনুল কাত্তান সহীহ বলেছেন। তিরমিযির বর্ণনায় রয়েছে, তিনি ঈদুল আযহার দিনে সালাত আদায় করা পর্যন্ত কিছু খেতেন না')। [সুনান দারাকুতনি, হাদীস-১৭১৫; সুনান তিরমিযি, হাদীস-৫৪২; মুস্তাদরাক হাকিম, হাদীস-১০৮৮; সুনান ইবন মাজাহ, হাদীস-১৭৫৬]

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এরূপ করা মুসতাহাব। বুখারি সঙ্কলিত একটি হাদীস [নং-৯৫৫] থেকে তা বোঝা যায়। এই হাদীসে বর্ণিত হয়েছে যে, আবু বুরদা রা. ঈদুল আযহার সালাতের আগেই কুরবানি করেন এবং গোশত ভক্ষণ করেন । রাসূলুল্লাহ (ﷺ) তার কুরবানি বাতিল করে দেন, কিন্তু তিনি তার গোশত খাওয়ার বিষয়ে আপত্তি করেন নি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান