মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৪৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট কোন এক এতীমের কিছু মদ ছিল। যখন সূরা মায়েদা নাযিল হইল (অর্থাৎ, যেই আয়াতে মদ হারাম হওয়ার কথা উল্লেখ আছে, উহা নাযিল হইল), তখন আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম এবং বলিলাম, হুযুর! উহা তো এতীমের মাল। তিনি বলিলেনঃ (হউক, উহা এতীমের মাল) তবুও উহাকে ঢালিয়া ফেল। —তিরমিযী
كتاب الحدود
وَعَن أبي سعيدٍ الخدريِّ قَالَ: كانَ عندَنا خَمْرٌ لِيَتِيمٍ فَلَمَّا نَزَلَتِ (الْمَائِدَةُ)
سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ وَقُلْتُ: إِنَّه ليَتيمٍ فَقَالَ: «أهْريقوهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ وَقُلْتُ: إِنَّه ليَتيمٍ فَقَالَ: «أهْريقوهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) এটারও অনুমতি দিলেন না যে, এটা কোন অমুসলিমের কাছে বিক্রি করে দেওয়া হোক অথবা অন্য কোনভাবে এর দ্বারা উপকৃত হওয়া যাক। হযরত আনাস রাযি.-এর এক বর্ণনায় রয়েছে যে, মদ চূড়ান্তভাবে হারাম হওয়ার কিছু পূর্বে আবু তালহা আনসারী রাযি. তাঁর তত্ত্বাবধানে পালিত কয়েকজন ইয়াতীমের জন্য তাদের পয়সায়ই কিছু মদ কিনেছিলেন। তিনিও রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জিজ্ঞাসা করলেন যে, এখন এটা কি করা হবে? তিনি উত্তরে বললেন, أهرق الخمر، واكسر الدنان অর্থাৎ এ মদ ফেলে দাও এবং যেসব পাত্রে এটা রয়েছে, ঐসব পাত্রও ভেঙ্গে ফেল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)