মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৪৮
- হজ্জ্বের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: “আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।” সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযুর বলিলেন, "আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।" সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযূর (তৃতীয়বারে) বলিলেন, “যাহারা মাথা ছাঁটাইয়াছে তাহাদের প্রতিও।" — মোত্তাঃ
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» . قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» . قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَالْمُقَصِّرِينَ»

হাদীসের ব্যাখ্যা:

অভ্যাস অথবা প্রয়োজন হিসাবে মাথা মুন্ডন করা অথবা ছেঁটে নেওয়া কোন ইবাদত নয়; কিন্তু হজ্ব ও উমরার মধ্যে যে মাথা মুন্ডন অথবা চুল ছেঁটে নেওয়া হয়, এর মাধ্যমে বান্দার পক্ষ থেকে তার গোলামী ও দীনতা-হীনতার প্রকাশ ঘটে; এজন্য এটা বিশেষ ইবাদত, আর এ নিয়তেই মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা চাই। আর যেহেতু গোলামীর ও বিনয়ের প্রকাশ মাথা মুন্ডনের দ্বারা বেশী প্রকাশ পায়, এজন্য এটাই উত্তম। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) রহমতের দু‘আর মধ্যে এটাকেই প্রাধান্য দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান