মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯৬
- যাবতীয় দোয়া-যিক্‌র
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৬। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নবী দাউদের দো'আ ছিল এই, তিনি বলিতেন, “আল্লাহ্! আমি তোমার কাছে তোমার ভালবাসা চাই, আর যে তোমাকে ভালবাসে তাহার ভালবাসা এবং ঐ কাজের শক্তি চাই, যাহা আমাকে তোমার ভালবাসার দিকে লইয়া যাইবে। আল্লাহ্, তোমার ভালবাসাকে আমার কাছে আমার জান, আমার মাল, আমার পরিজন এবং ঠাণ্ডা পানি অপেক্ষাও অধিক প্রিয় কর।” আবুদ্দরদা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন হযরত দাউদের স্মরণ করিতেন ও তাঁহার কাহিনী বর্ণনা করিতেন—বলিতেন, দাউদ ছিলেন (আপন যুগের) সর্বাপেক্ষা অধিক এবাদত-গোযার। – তিরমিযী এবং তিনি বলেন, হাদীসটি হাসান ও গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَمَالِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ» . قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ دَاوُدَ يُحَدِّثُ عَنْهُ يَقُولُ: «كَانَ أَعْبَدَ الْبَشَرِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

হযরত দাউদ (আ)-এর এ দুআটিতে তাঁর অফুরন্ত খোদা প্রেমেরই অভিব্যক্তি ঘটেছে। তাই এ দু'আটি রাসূলুল্লাহ ﷺ-এর অত্যন্ত পসন্দনীয় ছিল। এজন্যে তিনি খাসভাবে সাহাবায়ে কিরামকে এটা শিক্ষা দিয়েছেন। নবুওতের গুণটি সব নবীর মধ্যে সাধারণ ও অভিন্ন হলেও কোন কোন নবীর বিশেষ বিশেষ কিছু গুণ রয়েছে, যে গুণটিতে তিনি অন্যদের তুলনায় অনন্য হয়ে থাকেন। এ হাদীসটির দ্বারা জানা গেল যে, ইবাদতের আধিক্য হযরত দাউদ আলাইহিস সালামের অনন্য বৈশিষ্ট্য ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান